Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ ফিফা ২০২৬ বিশ্বকাপের আর্থিক পুরস্কারের পরিমান বাড়াতে রাজি। আর এব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে চলতি সপ্তাহে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠেয় ফিফা কাউন্সিলের বৈঠকে।

ফিফার এই আর্থিক পুরস্কারের অঙ্ক বাড়ানোর ভাবনার পিছনে রয়েছে, বিভিন্ন দেশের ফুটবল সংস্থার আবেদন। বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের দলগুলির ফেডারেশনের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে শুধু ভাল ফল করা নয়, আমেরিকা, কানাডা ও মেস্কিকোতে গিয়ে খেলার খরচ সামলানোর বিষয়টিও। দলগুলি ইতিমধ্যেই হিসেবে কষে দেখেছে, বিশ্বকাপে খেলতে যাওয়ার যাতায়াতের খরচ, অপারেশনস, আর বিশেষ করে আমেরিকায় খেলার করের বোঝার কারণে তাদের বাজেট ছাপিয়ে যাচ্ছে। এমনকি তারা বিশ্বকাপের নক আউট পর্যায়ে বেশিদূর এগোলেও যে আর্থিক পুরস্কার পাবে, তা সেই খরচ সামাল দেওয়ার জন্য যথেষ্ট নয়।

সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমেরিকার বিভিন্ন অঞ্চলে ভিন্ন করের বোঝা চাপানোর কারণে। গত বিশ্বকাপগুলিতে ফিফা আয়োজক দেশের সঙ্গে আলোচনার মাধম্যে কর মকুব করাতে সক্ষম হয়েছিল। আমেরিকায় সেটা পারছে না অংশগ্রহনকারী ৪৮ দেশের জন্য। ফলে জাতীয় ফুটবল সংস্থাগুলিকে বিভিন্ন ধরনের ফেডারেল, রাজ্য ও শহর ভিত্তিক কর গুনতে হবে তাদের অর্জিত অর্থের ওপর। ফ্লোরিডায় যেখানে মিয়ামিতে ৭টি বিশ্বকাপে ম্যাচ আছে, সেখানে কোনও করের চিন্তা নেই। অথচ নিউ জার্সিতে যেখানে মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ রয়েছে, সেখানে করের পরিমান ১০.‌৭৫ শতাংশ। ক্যালিফোর্নিয়ায় যেখানে লস এঞ্জেলস ও সাল ফ্রান্সিস্কোয় ম্যাচ রয়েছে, সেখানে কর ১৩.‌৩ শতাংশ।

এসব মাথায় রেখেই গত ডিসেম্বরে ফিফা ৭২৭ মিলিয়ান ডলার রেকর্ড আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করেছিল। এই অর্থের ভাগ ৪৮টি অংশগ্রহণকারী দেশই পাবে। এই অঙ্কের সবচেয়ে কম হল ১০.‌৫ মিলিয়ান ডলার। আর বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল পাবে ৫০ মিলিয়ান ডলার। কিন্তু অংশগ্রহনকারী দেশ ও ফিফা অনুমোদিত জাতীয় ফুটবল সংস্থার সঙ্গে আলোচনার ভিত্তিতে সেই আর্থিক পুরস্কারের অঙ্ক আরও বাড়াতে রাজি হয়েছে ফিফা কাউন্সিল।

শুধু তাই নয়, বিশ্বকাপের প্রাইজ মানি বাড়ানোর পাশাপাশি ২১১ ফিফা সদস্যভুক্ত দেশের ফুটবল ডেভেলপমেন্টের জন্য বরাদ্দ ২.‌৭ বিলিয়ান ডলারের অঙ্কতেও বৃদ্ধি ঘটতে চলেছে আগামী চারবছরের মেয়াদের জন্য। যার সুফল ভারতীয় ফুটবল ফেডারেশনও পাবে। প্রতিটি জাতীয় ফুটবল ফেডারেশন পাবে ৫ মিলিয়ান ডলার। আর ৬টি কনফেডারেশন ফুটবল ডেভেলপমেন্টের জন্য অতিরিক্ত ৬০ মিলিয়ান ডলার পাবে। সেটা তারাই ঠিক করবে, কীভাবে সেটা কাজে লাগাবে।

ফিফা কাউন্সিলের বৈঠক বসবে ভ্যাঙ্কুভারে ২৮ এপ্রিল। ফিফার এক মুখপাত্র জানিয়েছেন, বিশ্বকাপের আর্থিক পুরস্কার ও বিশ্বের বিভিন্ন জাতীয় ফুটবল সংস্থা-‌কনফেডারেশনের আর্থিক বরাদ্দ বৃদ্ধির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে ওই বৈঠকে। এবং বৃদ্ধির পক্ষেই সিলমোহর পড়বে।’‌

ফিফার লক্ষ্য আগামী চারবছরের সার্কেলের কথা মাথায় রেখে ১৩ বিলিয়ান ডলার রেভিনিউ অর্জন করা ২০২৬ বিশ্বকাপ শেষে। যার ৯ বিলিয়ান ডলার আসবে বিশ্বকাপ থেকে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *