অলস্পোর্ট ডেস্ক: ইজরায়েলকে বড় অঙ্কের আর্থিক জরিমানা করল ফিফা। বর্ণবেষম্যমূলক আচরণ ও মন্তব্য করার অপরাধে। তবে খেলার মাঝে যুদ্ধ সংক্রান্ত প্রচারের জন্য ইজরায়েলকে নির্বাসন দেওয়ার যে দাবি প্যালেস্টাইন রেখেছিল, তা মানেনি ফিফা। একইসঙ্গে আমেরিকা থেকে বিশ্বকাপের ম্যাচ মেক্সিকোর মাঠে সরানোর যে আবেদন করেছে ইরান, তা সম্ভব নয় বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ঘোষিত সূচী মেনেই চলবে খেলা। স্থান বদল করা হবে না।
প্যালেস্টাইন ফুটবল ফেডারেশনের দুটি পিটিশনের ওপর ফিফার তিন বিচারক তাঁদের রায় দান করেছেন। তাতে বলা হয়েছে, বর্ণবৈষম্যমূলক আচরণ, মন্তব্য ও ফেয়ার প্লের নীতিভঙ্গের কারণে ইজরায়েলকে ১লাখ ৫০ হাজার সুইশ ফ্রাঁ জরিমানা করা হল। বেইতার জেরুজালেমের সমর্থকরা খেলার মাঠের ভাবমূর্তি নষ্ট করেছে ইজরায়েল রাজনৈতিক ও সামরিক বার্তা তুলে ধরে। একইসঙ্গে ইজরায়েলের ওয়েস্টব্যাংক সেটেলমেন্টের অন্তর্গত প্যালেস্টাইন ফুটবল পরিকাঠামো বাতিলের জন্য চাপ সৃষ্টি করার।
ইজরায়েলের ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া কাজ শুরু হয়েছিল গতবছর আগস্ট মাস থেকে। শেষপর্যন্ত রায় বেরুলো এখন, ইনফান্তিনোর চেয়ারম্যানশিপে ফিফা রুলিং কাউন্সিলের বৈঠকে। ইনফান্তিনোর সাফ কথা, আরব দুনিয়ার যুদ্ধের পরিস্থিতি যেমনই হোক, খেলার মাঠে এটা নিয়ে রাজনীতি বরদাস্ত করা হবে না। খেলার মাঠে শান্তি বজায় রাখতে হবে।
আর এই কারণেই ওয়েস্টব্যাংক সেটেলমেন্ট কমিউনিটির ক্লাবকে জাতীয় লিগে খেলার জন্য সমর্থন দেওয়ার জন্য ইজরায়েলকে নির্বাসন দেওয়ার জন্য যে জোরালো দাবি তুলেছিল প্যালেস্টাইন , তা নাকচ করে দিয়েছেন ইনফান্তিনো। গত ১৫ বছর ধরে এনিয়ে বিতর্ক চলছে। ইনফান্তিনোর সাফ কথা, ‘ ফিফা এব্যাপারে কোনও সিদ্ধান্ত নেবে না। কারণ এটা ফিফার বিচার্য বিষয় নয়। ওয়েস্টব্যাংক সেটেলমেন্টের বিষয়টির এখনও কোনও সমাধান হয়নি। এটা অনেক জটিল বিষয়, যেখানে বৃহত্তর রাজনৈতিক সমস্যা জড়িয়ে আছে। ফিফা জিওপলিটিকাল বিতর্কের সমাধান করতে পারে না। শুধু পারি, ফুটবল ও বিশ্বকাপের মাধ্যমে যুদ্ধের কারণে ভুক্তভোগী মানুষের মাঝে শান্তির বার্তা দিতে। হানাহানি বন্ধের আবেদন করতে।’ ফিফা ২০২৬ বিশ্বকাপের ড্রয়ের সময় নিজের ঘনিষ্ঠ বলে পরিচিত আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে ‘পিস প্রাইজ’ তুলে দিয়ে সেই বার্তাই দিতে চেয়েছিলেন ইনফান্তিনো।
ফিফা প্রেসিডেন্ট আরও একবার জোরের সঙ্গে জানিয়েছেন, আমেরিকার মাটি থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে মেক্সিতে দেওয়ার যে আবেদন ইরান রেখেছে, তা কোনমতেই মানা যাবে না। ইরানের দুটি ম্যাচ রয়েছে ইঙ্গেলউডের লস এঞ্জেলস স্টেডিয়ামে, অআর একটি সিয়াটেলে। ইনফান্তিনোর বক্তব্য, ‘ বিশ্বকাপের একটা নির্ধারিত সূচী আছে। ডিসেম্বরে সেটি ঘোষণা করা হয়েছিল। সেই সূচী অনুযায়ী বিশ্বকাপের খেলা চলবে।’
১৯৫০ ব্রাজিল বিশ্বকাপের পর থেকে কোনও দল বিশ্বকাপের আসর থেকে নাম প্রত্যাহার করেনি। সেসময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহে অর্থনৈতিক, রাজনৈতিক ও নীতিগত কারণে বিশ্বকাপে অংশ নেয়নি ভারত, স্কটল্যান্ড, তুরস্ক, ফ্রান্স, আর্জেন্টিনা। জাপান ও জার্মানিকে রাজনৈতিক কারণে বিশ্বকাপে খেলতে দেওয়া হয়নি। শেষপর্যন্ত তাই ১৩ দেশের বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
