Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ আর্জেন্টিনা ও মিশরের বিরুদ্ধে প্রিকোয়ার্টারফাইনাল ম্যাচে ভার প্রয়োগ নিয়ে বিতর্কের জেরে বিশ্বকাপের বাকি ম্যাচ ভার পরিচালন ব্যবস্থায় বদল এনেছে ফিফা। আর তা চালু হয়েছে ফ্রান্স বনাম মরক্কো কোয়ার্টারফাইনাল ম্যাচ থেকে।

এর আগে যাবতীয় ভার কেন্দ্রিক সিদ্ধান্ত নেওয়া হত টেক্সাসের ডালাসের ইন্টারন্যাশানাল ব্রডকাস্টিং সেন্টার থেকে। কিন্তু ফ্রান্স-‌মরক্কো ম্যাচ থেকে এখন আর কোনও একটা জায়গা থেকে অর্থাৎ শুধুমাত্র ডালাস ভার সেন্টার থেকে নয়, প্রতিটি স্টেডিয়ামে ম্যাচের ভেনুতে প্রাইমারি ভার অফিসিয়ালদের পাশাপাশি রিজার্ভ ভার অফিসিয়াল থাকছেন বিশ্বকাপের শেষ পর্যন্ত। এই সিদ্ধান্ত নেওয়ার বড় কারণ বিশ্বকাপের শুরু থেকে রেফারির নেওয়া সিদ্ধান্ত বারবার প্রশ্নের মুখে পড়েছে, এমনকি ভার প্রয়োগের ক্ষেত্রে। যা বিতর্ক সৃষ্টি করেছে এবং ফিফার অস্বস্তি বাড়িয়েছে। সেটা চর আকার নেয় আর্জেন্টিনা-‌মিশর ম্যাচে। মিশরের কোচ ও ফুটবলাররা সরাসরি ওই ম্যাচের শেষে ফিফাকে কাঠগড়ায় দাঁড় করান। তাঁরা ফিফা, ম্যাচের রেফারি ও ভারের দায়িত্বে থাকা অফিসিয়ালদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন। রেফারি আর্জেন্টিনাকে ম্যাচ জেতাতেই মাঠে নেমেছিলেন। মিশরের জয় জোর করে কেড়ে নেওয়া হয়েছে আর্জেন্টিনাকে কাপ দিতে।

তাতেই টনক নড়ে ফিফার। ফ্রান্স-‌মরক্কো ম্যাচের আগে পর্যন্ত যাবতীয় ভার কেন্দ্রিক সিদ্ধান্ত নেওয়া হত ডালাসের আইবিসিতে বসে। এখন থেকে ডালাস প্রাথমিক ভার পরিচালনা কেন্দ্র থাকলেও প্রতিটি ম্যাচ ভেনুতে বাড়তি একটি ভার পরিচালনা কেন্দ্র থাকবে সবরকম বিতর্ক এড়াতে। ডালাস ও ম্যাচ ভেনুর ভার পরিচালন কেন্দ্রের অফিসিয়ালরা নিজেদের মধ্যে আলোচনা করে নিশ্চিত হয়েই নিজেদের সিদ্ধান্ত জানাবেন ম্যাচের রেফারিকে।

সেই নতুন ব্যবস্থায় ফ্রান্স-‌মরক্কো ম্যাচে ডালাসের পরিচালন কেন্দ্রের দাযিত্বে ছিলেন উরুগুয়ের অফিসিয়ান লিওদান গঞ্জালেজ। আর বোস্টনের ম্যাচের ভেনুতে স্টেডিয়াম ভার পরিচালনা কেন্দ্রের অফিসিয়ালের ভূমিকায় ছিলেন তাতিয়ানা গুজমান। যদি কোনও কারণে ডালাসের প্রাথমিক ভার পরিচালন কেন্দ্রের সঙ্গে রেফারির যোগাযোগ ঠিকভাবে না হয়, তাহলে ম্যাচ চলায় বিঘ্ন না ঘটিয়ে স্টেডিয়ামের রিজার্ভ ভার পরিচালন কেন্দ্রের অফিসিয়ালদের সঙ্গে কথা বলে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন ম্যাচের রেফারি।

এতে কতটা বিতর্ক কমবে, সেটা বাকি ম্যাচগুলোয় বোঝা যাবে। অন্তত ফ্রান্সের জয়ের পর মরক্কোর তরফে রেফারির দিকে কোনও আঙুল ওঠেনি। ‌আর রেফারিদের পাশে দাঁড়িয়েছেন ফিফার রেফারি বোর্ডের অধিকর্তা পেরুলুইজি কুলিনা। তিনি রেফারিদের বিরুদ্ধে আনা পক্ষপাতিত্বের অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। বলেছেন, রেফারিদের ভুল হতে পারে, কিন্তু তাঁদের সততা নিয়ে প্রশ্ন তোলাটা অনুচিত।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *