অলস্পোর্ট ডেস্ক: লেসোথোর বিরুদ্ধে ২৫ মার্চ ২০২৬ বিশ্বকাপ যোগ্যতার্জন পর্বের ম্যাচে অবৈধ ফুটবলার খেলিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ফিফা সেই অপরাধে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট কেটে নিয়ে লেসোথোকে ৩ পয়েন্ট ও ৩ গোল দিয়েছে। এতে গ্রুপ সি-তে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে উঠে এসেছে বেনিন। দক্ষিণ আফ্রিকার পয়েন্টও ১৪, তবে গোল পার্থক্যের বিচারে তারা এখন দ্বিতীয়।
দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার টেবোহো মোকেয়েনা ২০২৩ সালে নভেম্বরে বেনিন ও ২০২৪য়ের জুনে জিম্বোবোয়ের বিরুদ্ধে ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন। তাই লেসোথো ম্যাচে তাঁর খেলার কথা নয়। কিন্তু নিয়ম ভেঙ্গে পিটার মোকাবা স্টেডিয়ামে লেসোথোর বিরুদ্ধে ২-০ গোলে জেতা ম্যাচে ৮২ মিনিট পর্যন্ত খেলেছিলেন মোকেয়েনা। এটা যে মস্ত ভুল হয়েছিল, সেটা স্বীকার করে নিয়ে দক্ষিণ আফ্রিকা কোচ হুগো ব্রুজ বলেছেন, ‘ আমরা খুব খারাপ কাজ করে ফেলেছি। এটা করা উচিত হয়নি। আমাদের সতর্ক থাকা দরকার ছিল। এনিয়ে আমাদের কোনও অভিযোগ নেই।’
এই ধরনের সিদ্ধান্তে তৃতীয় স্থানে থাকা নাইজেরিয়ার জন্য বেশ ভাল ব্যাপার। ১৪ অক্টোবর ঘরের মাঠে বেনিনের বিরুদ্ধে ম্যাচটা নাইজেরিয়ার ২০২৬ বিশ্বকাপে খেলার দরজা খুলে দিতে পারে। কারণ আফ্রিকার ৯টি গ্রুপের শীর্ষে থাকা সরাসরি খেলার সুযোগ পাবে বিশ্বকাপে। এছাড়া সব গ্রুপ মিলিয়ে ৪ সেরা দ্বিতীয় দল ও প্লেঅফ রাউন্ডে বিজয়ী একটি দলও বিশ্বকাপের মূল পর্বে যাবে।
এটা বুঝেই বেনিন কোচ গারনট রোরের প্রতিক্রিয়া, ফিফা অনেকটাই দেরি করেছে এব্যাপারে পদক্ষেপ নিতে। তাঁর বক্তব্য, ‘ দক্ষিণ আফ্রিকার পয়েন্ট কাটা যুক্তিসঙ্গত। কিন্তু এমন একটা সিদ্ধান্ত নিতে কেন ৬ মাস লাগল ফিফার, এটাই দুর্বোধ্য? এখন আমাদের আরও দুটো কঠিন ম্যাচ খেলতে হবে রোয়ান্ডা ও নাইজেরিয়ার বিরুদ্ধে ওদের মাঠে গিয়ে। সেখানে দক্ষিণ আফ্রিকা তাদের শেষ দুটো ম্যাচ খেলবে ঘরের মাঠে। এর মানে ওরা ১০ ম্যাচের মধ্যে ৭টাই ঘরের মাঠে খেলার সুযোগ পাচ্ছে। কারণ রোয়ান্ডা ও জিমবাবোয়ে তাদের ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকাতে। তা সত্ত্বেও আমাদের সেরা দিতে হবে বিশ্বকাপের মূল পর্বে খেলতে।’ নাইজেরিয়ার বিরুদ্ধে খেলার আগে রোয়ান্ডার মুখোমুখি হবে বেনিন ১০ অক্টোবর।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
