অলস্পোর্ট ডেস্ক: মঙ্গলবার ফিফা ডিসিপ্লিনারি কমিটি মোহনবাগান সুপার জায়ান্টের উপর থেকে ট্রান্সফার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে, যার ফলে আসন্ন মরসুমের আগে ক্লাবের নতুন খেলোয়াড়দের চুক্তিবদ্ধ করার পথ পরিষ্কার হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেসন কামিংসের প্রাক্তন ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের পাওনা পরিশোধ না করার কারণে ৫ মে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, কিন্তু ক্লাবের তাৎক্ষণিক পদক্ষেপের পর তা প্রত্যাহার করা হয়। মোহনবাগান ফিফার কাছে ১০৭ পৃষ্ঠার একটি নথি জমা দিয়েছিল এবং গভর্নিং বডির পরবর্তী দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েই নির্বাসন তুলতে সক্ষম হয়। শৃঙ্খলারক্ষা কমিটি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে একটি মেল পাঠিয়েছে ক্লাবকে বলে জানা গিয়েছে।
মুম্বই সিটি এফসিকেও একই সমস্যার মুখে পড়তে হয়েছিল, যাদের এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করাতে প্রায় তিন মাস সময় লেগেছিল, মোহনবাগান এক মাসের মধ্যেই সমস্যাটি সমাধান করতে সক্ষম হয়েছে।
৯ জুন ট্রান্সফার উইন্ডো খুলে দেওয়া হয়েছে এবং মোহনবাগান ক্লাব এখন নতুন মরসুমের জন্য তাদের দল গঠনের প্ক্রিয়া যা এতদিন অন্তরালে চলছিল তার সামনে থেকে করতে পারবে।
নতুন সভাপতি দেবাশিস দত্ত এবং সাধারণ সম্পাদক সৃঞ্জয় বোস ক্লাবের দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যেই এই সুখবর এলো।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
