অলস্পোর্ট ডেস্ক: আসন্ন ফিফা ২০২৬ বিশ্বকপের ১০৪টি ম্যাচে এক অভিনব ‘ওয়াটার ব্রেকের’ সিদ্ধান্ত নিয়েছে ফিফা। দু’অর্ধেই ৩ মিনিটের একটি করে ড্রিঙ্কস ব্রেক। যেটাকে ফুটবল বিশেষজ্ঞর দল বাড়াবাড়ি মনে করেছেন। তাঁদের মতে, ফুটবল খেলায় যে গতিময়তা থাকে, তা নষ্ট হতে পারে, এত লম্বা ব্রেকের জন্য। কারণ এমনিতেই তো দু’অর্ধের মাঝে বিরতি থাকছে। তাহলে এক অর্ধের মাঝে ৩ মিনিটের লম্বা জলপানের বিরতি কতটা জরুরি?
ফিফা জানিয়েছে, ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপ ছাড়াও কয়েকটি টুর্নামেন্টে এই ধরনের জলপানের বিরতির নিয়ম প্রয়োগ করা হয়েছে সফলভাবে। রেফারি প্রতি অর্ধের ২২ মিনিটে একটি করে জনপানের বিরতি দেবেন ফুটবলারদের তরতাজা হওয়ার সুযোগ দিতে। এর সঙ্গে সে জায়গার তাপমাত্রা বা আবহাওয়ার কোনও সম্পর্ক নেই। রেফারি সব ম্যাচ সব ম্যাচে এই নিয়ম প্রয়োগ করবেন, সব দলই যাতে এই নিয়মের সুবিধা পায়।
এনিয়ে ফুটবল বিশেষজ্ঞমহল অবশ্য ভিন্নমত পোষণ করেছেন। তাঁদের মতে, এটা ভাল ফুটবল পরিপন্থী নিয়ম। এর মধ্যে আলাদা অভিসন্ধি আছে। আসলে এই বিরতি দেওয়ার কারণ বানিজ্যিক ফায়দা তোলার জন্য। ৩ মিনিটের জলপানের বিরতিটা কমার্শিয়াল ব্রেক হিসেবে কাজে লাগাতে এই নিয়ম চালু করছে ফিফা। অনেক খেলাতেই টাইম আউট নেওয়ার প্রথা চালু আছে। একইসঙ্গে ঘন ঘন খেলোয়াড় বদল। এতে খেলার গতি থমকে যেতে বাধ্য। বিশেষ করে ফুটবলের মতো গতিময় খেলায়।
ফিফা বিশ্বকাপের অন্যতম আয়োজক আমেরিকার চিফ টুর্নামেন্ট অফিসার মানোলো জুবেরিয়ার বক্তব্য, ‘ সব ম্যাচে, সেখানে তাপমাত্রা যাই থাক, খেলা বা ঢাকা স্টেডিয়াম হোক, ৩ মিনিটে জলপানের বিরতি দেওয়া হবে ফুটবলারদের জলশূণ্যতার হাত থেকে বাঁচাতে। প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় এই ব্রেক দেবেন রেফারি। তবে ২০ বা ২১ কোনও ফুটবলারের গুরুতর চোটের জন্য খেলা থামাতে রেফারি বাধ্য হলে, রেফারিই ঠিক করবেন, তিনি ওইমসয় ৩ মিনিটের জলপানের বিরতির নিয়ম প্রয়োগ করবেন কিনা, সময় নষ্ট এড়াতে।’
বিশেষজ্ঞদের আশঙ্কা, আজ বানিজ্যিক ফায়দা তুলে আয় বাড়ানোর জন্য এই ধরনের জলপানের বিরতির নিয়ম প্রয়োগ করেই হয়ত থেমে থাকবে না ফিফা। ইতিমধ্যেই বিশ্বকাপে অংশগ্রহনকারী দেশের সংখ্যা ৪৮ করেছে। ম্যাচের সংখ্যা বেড়ে হয়েছে ১০৪। এরপর সেই সংখ্যাটাও হয়ত বাড়ানোর চেষ্টা করবে। একইসঙ্গে দেখা যাবে জলপানের বিরতিতে আরও কিছু সময় যোগ করা হল। এমনও হতে পারে অদূর ভবিষ্যতে দু’অর্ধের বদলে খেলাটা চারটি অর্ধে ভাগ করে খেলানো হবে।
ফিফা অবশ্য সাফ জানিয়েছে, যে যাই বলুন, আর সমালোচনা করুন, ৩ মিনিটের দু’টি জলপানের বিরতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফুটবলারদের শরীরের কথা ভেবেই। ক্লান্তি দূর করে মাঠে নেমে তাঁরা যাতে পুরো উদ্যমে সেরা দিতে পারেন, সেটা মাথায় রেখেই।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
