অলস্পোর্ট ডেস্ক: ব্রাজিলকে ২-১ গোলে হারানোর পর ওয়াশিংটনের নর্থওয়েস্ট স্টেডিয়ামের মাঠে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কলম্বিয়াকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে ফ্রান্স বোঝালো, তারা বিশ্বকাপের আগে ছন্দেই আছে। ফ্রান্সের ডিজায়ের দুয়ে জোড়া গোল করার পাশাপাশি ফ্রান্সের আর একটি গোল আসে মার্কাস থুরঁর মাধ্যমে। কলম্বিয়ার জামিংটন ক্যাম্পাজ এক গোল করে ব্যবধান কমান।
ব্রাজিলের বিরুদ্ধে শুরু থেকে খেললেও ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে কলম্বিয়ার বিরুদ্ধে প্রথম একাদশে ছিলেন না চোটের শুশ্রুষা চলার কারণে। হাঁটুর চোটের জন্য ক্লাব দল রিয়েল মাদ্রিদের ম্যাচে সাইডলাইনে কাটাতে হয়েছে এমবাপেকে। সেটা মাথায় রেখেই ফ্রান্সের কোচ দিদিয়ের দেঁশ কলম্বিয়া ম্যাচে তাঁকে মাঠে নামান পরিবর্ত হিসেবে ৭৮ মিনিটে। ব্রাজিলের বিরুদ্ধে গোল করলেও কলম্বিয়া ম্যাচে গোল পাননি এমবাপে। তিনি ফ্রান্সের জার্সিতে অলিভার জিরুর সর্বাধিক ৫৭ গোল ছোঁয়ার থেকে এক গোল দূরে আছেন।
ফিফা ক্রমতালিকায় ১৩ নম্বরে থাকা কলম্বিয়া অরল্যান্ডোতে ১-২ গোলে ক্রোয়েশিয়ার কাছে হারের পর ফ্রান্সের মুখোমুখি হয়েছিল। ফ্রান্সের ঝাঁজালো আক্রমণের মুখে তারা দাঁড়াতে পারেনি। ২৯ মিনিটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন ডিজায়ার দুয়ে। বিরতির ঠিক আগে মাগনেস আকলিউচের ক্রশ থেকে ফ্রান্সের হয়ে ২-০ করেন মার্কাল থুরঁ। দুয়ের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল আসে ৫৬ মিনিটে। ৭৭ মিনিটে কলম্বিয়ার হয়ে এক গোলের ব্যবধান কমান জামিংটন ক্যাম্পাজ।
কলম্বিয়ার বিরুদ্ধে জিতলেও ক্ষোভে ফুঁসছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের কোচ দিদিয়ের দেশঁ। তাঁর দলের ফুটবলার মাইকেল ওলিসের ওপর কলম্বিয়া ফুটবলারের বিপজ্জনক ট্যাকলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সংযুক্তি সময়ে ওলিসের পা লক্ষ্য করে একটা মারাত্মক ট্যাকল হয়েছিল। ওলিসে সময়মতো লাফিয়ে উঠে চোট পাওয়ার হাত থেকে বেঁচে যান। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে দেশঁ বলেন, ‘ আমি চতুর্থ রেফারিকে বলেছি, আমরা নিশ্চয়ই আমেরিকান ফুটবল(রাগবি) খেলছি না। যেসব ট্যাকল হচ্ছিল, তাতে আমি উদ্বিগ্ন ছিলাম। ভাগ্য ভাল বড় কোনও চোট হয়নি। ওলিসের পা লক্ষ্য করে যেভাবে পা চালানো হয়েছিল, ও যদি সময়মতো না লাফিয়ে সেটা এড়াতে, তাহলে পা ভেঙ্গে যেত। আমরা প্রীতি ম্যাচে অংশ নিয়েছিলাম। খেলায় আগ্রাসী মনোভাব থাকবেই। কিন্তু তার মানে এই নয়, যে প্রতিপক্ষের ফুটবলারের চোট করে দেব। লাতিন আমেরিকার দলগুলোই এমন।’
দলের পারফরমেন্স নিয়ে খুশি ফ্রান্স কোচ দেশঁ। বলেন, ‘ বিশ্বকাপের আগে দুটি ভাল দলের আগে আধিপত্যের জয়ে ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে বিশ্বকাপের আগে। এই ছন্দটা ধরে রাখতে হবে। ডিজায়ের দুয়ের গোল পাওয়াটা একটা ইতিবাচক দিক। এমবাপের একটা চোট সমস্যা রয়েছে। তাই ওকে সাবধানে ব্যবহার করতে হবে। জাতীয় দলের ফুটবলারদের অনেকের ক্লাব দলের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে সামনে। চাইব, বিশ্বকাপের আগে সবাইকে ফিট অবস্থায় পাই।’ জুনে বিশ্বকাপে খেলতে নামার আগে শেষবার প্রস্তুতি ম্যাচে অংশ নেবে ফ্রান্স।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
