গোল করতে পারলেন না এমবাপে
নিজস্ব সংবাদদাতাঃ আগের ম্যাচে নেদারল্যান্ডকে ৪-০ গোলে হারিয়েছিল ফ্রান্স। কিন্তু ইউরোর বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচেই কোনওরকমে জয় পেল বিশ্বকাপ ফাইনালিস্টরা। ২০১৮-য় রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের অন্যতম নায়ক হিসেবে উঠে এসেছিলেন বেঞ্জামিন প্যাভা। আর্জেন্টিনার বিরুদ্ধে তাঁর গোল এখনও চোখে ভাসে অনেকের। তবে বিশ্বকাপের পরে জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না। কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়া ম্যাচে খারাপ খেলার পর আর জায়গা হয়নি তাঁর। তাঁর গোলেই মুখরক্ষা হল ফ্রান্সের।
ম্যাচের প্ৰথম থেকেই ফ্রান্স আক্রমনাত্মক শুরু করেছিল। তবে আয়ারল্যান্ড ফ্রান্সের গতিসম্পন্ন খেলার বিষয়ে সজাগ ছিল। রক্ষণ আঁটোসাঁটো রেখে প্রতি আক্রমণভিত্তিক খেলার দিকে জোর দিয়েছিল আইরিশরা। প্রথমার্ধে সেভাবে সুযোগ পায়নি ফরাসিরা। বিরতির পরেই পাঁচ মিনিটের মাথায় ম্যাচের একমাত্র গোল করেন প্যাভা।
এরপরে আয়ারল্যান্ড চাপ বাড়ায় ফ্রান্সের অর্ধে। তবে সুবিধা করতে পারেনি। শেষদিকে আদ্রিয়ান রাবিয়ত এবং মুসা দিয়াবি গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। শেষদিকে, নাথান কলিনের হেড দুর্ধর্ষভাবে বাঁচিয়ে আইরিশদের সমতা ফেরানোর রাস্তা বন্ধ করে দেন মাইগনান। গোটা ম্যাচে এমবাপে আইরিশ ডিফেন্সে দাঁত ফোটাতে ব্যর্থ। শান্তই থাকলেন তিনি। আগের ম্যাচে জোড়া গোল করলেও এই ম্যাচে নিজের জাত চেনাতে অসফল হলেন এই তারকা ফুটবলার। ফ্রান্সের হয়ে এই ম্যাচে নজর কাড়লেন গোলকিপার মাইগনান। গোটা ম্যাচে কিছু দুর্দান্ত সেভ করে আইরিশদের আটকে দেন তিনি। দিনের অন্য ম্যাচে জিব্রাল্টারের বিরুদ্ধে ৩-০ গোলে জয় পেল নেদারল্যান্ডস। একটি গোল করেন দেপাই ও জোড়া গোল করেন একে।
