অলস্পোর্ট ডেস্ক: ফিফা বিশ্বকাপের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডের দোরগোড়ায় ভারত। আগামী বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে কুয়েতকে হারাতে পারলে ভারতীয় ফুটবলের ইতিহাসে প্রথমবার বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে পৌঁছবে ভারতীয় দল, যা নিঃসন্দেহে হতে চলেছে এক অসাধারণ ঐতিহাসিক ঘটনা।
বৃহস্পতিবারের এই ম্যাচে জিতলে শুধু যে এই ঐতিহাসিক মাইলফলক স্থাপন করবে ভারত, তা নয়, টানা তৃতীয়বার এএফসি এশিয়ান কাপের মূলপর্বেও খেলার যোগ্যতা অর্জন করবে ভারত। এই ঘটনাও বেনজির। দেশের অন্যতম সেরা ফুটবল কিংবদন্তি সুনীল ছেত্রীর শেষ আন্তর্জাতিক ম্যাচে এই দুই সাফল্য অর্জন করতে যে মরিয়া ভারতীয় দলে ফুটবলাররা, তা স্পষ্ট জানিয়ে দিলেন ভারতীয় দলের অন্যতম সিনিয়র তারকা ও গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু।
কলকাতায় এই ম্যাচের প্রস্তুতি শিবির চলাকালীন বেঙ্গালুরু এফসি-র গোলপ্রহরী সাংবাদিকদের বলেন, “বিশ্বকাপ বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে আমরা কখনও উঠতে পারিনি। কিন্তু উঠতে মরিয়া। এই লক্ষ্যে সফল হলে পরের এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতাও অর্জন করতে পারব। এটাও খুব গুরুত্বপূর্ণ সাফল্য। কারণ, এশিয়ার সেরা টুর্নামেন্টে আমরা নিয়মিত (টানা তৃতীয়বার মূলপর্বে) অংশ নিতে চাই। সে জন্য আমরা শুধু মাঠে নিজেদের সেরাটা দিতে পারি, আর কিছুই না”।
এশীয় বাছাই পর্বের গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত। বর্তমানে চার ম্যাচে চার পয়েন্ট পেয়ে দু’নম্বরে রয়েছে ভারত। তিন পয়েন্ট পেয়ে কুয়েত চারে, আফগানিস্তানের পরে। ফলে যুবভারতীতে জিততে পারলে তাদের তৃতীয় রাউন্ডে উঠে ইতিহাস গড়ার সম্ভাবনা রয়েছে। ২৯ মে পর্যন্ত ভুবনেশ্বরে অনুশীলনের পর ভারতীয় দল নিয়ে কলকাতায় পৌঁছে গিয়েছেন দলের হেড কোচ ইগর স্টিমাচ।
বাছাই পর্বে এ পর্যন্ত চারটির মধ্যে একটিতে জয় পেয়েছে ভারত ও একটিতে ড্র করেছে। তাদের শেষ দুই ম্যাচ কুয়েত ও কাতারের বিরুদ্ধে। কুয়েতকে তাদের হোম ম্যাচে হারিয়ে এসেছে ভারত। যদিও দেশের মাঠে কাতারের কাছে হেরেছে। আফগানিস্তানের বিরুদ্ধে গোলশূন্য ড্র-ও করেছেন সুনীলরা। ফলে এই ম্যাচে কুয়েতকে হারাতে পারলে ও অপর ম্যাচে কাতার যদি আফগানিস্তানকে হারায়, তা হলে ভারতের তৃতীয় রাউন্ডে ওঠার রাস্তা পরিস্কার হয়ে যাবে।
এই ম্যাচ নিয়ে গুরপ্রীত বলেন, “৬ তারিখের ম্যাচটা আমাদের কাছে খুবই চ্যালেঞ্জিং হয়ে উঠতে চলেছে। প্রতিপক্ষ যথেষ্ট ভাল দল এবং ওদের ভাল ভাল খেলোয়াড় আছে। ওদের নিয়ে আমরা অনেক চর্চা করেছি, যাতে কোনও ভুল না হয়। আশা করি, এ রকম ম্যাচ আমাদের অদূর ভবিষ্যতে অনেক খেলতে হবে, যাতে নিজেদের খেলার মান আরও ভাল করে তুলতে পারি”।
১১ মে থেকে ভুবনেশ্বরে প্রস্তুতি শিবির করার পর কলকাতায় এসেছেন গুরপ্রীতরা। কেমন তৈরি হল দল, প্রশ্ন শুনে বলেন, “আমরা প্রায় সকলেই সপ্তাহ দুয়েক বিশ্রামের পর জাতীয় শিবিরে যোগ দিই। তাই সবাই বেশ পরিশ্রম করেছে। শারীরিক ও মানসিক চাপ নেওয়ার অভ্যাস করেছি আমরা”।
কুয়েতের বিরুদ্ধে ম্যাচের জন্য যুবভারতীর গ্যালারির সব টিকিট শেষ বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কলকাতার সমর্থকদের দরাদ সার্টিফিকেট দিয়ে গুরপ্রীত বলেন, “কলকাতায় সমর্থকদের উৎসাহ নিয়ে কোনও দিনই কোনও সন্দেহ ছিল না, নেই। ওঁদের আবেগ, উন্মাদনা ও ফুটবলের প্রতি ভালবাসা দেখার মতো। আর আমাদের কাজ ওঁদের সেরা ফুটবল উপহার দেওয়া। যাঁরা সব কাজ ফেলে বিমানবন্দরে আমাদের অভ্যর্থনা জানাতে আসেন ও স্টেডিয়ামে আমাদের খেলা দেখতে আসেন, সেই সমর্থকদের মুখে যাতে হাসি ফোটাতে পারি”।
( লেখা আইএসএল ওয়েবসাইট থেকে)
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
