অলস্পোর্ট ডেস্ক: সময়টা অনেকটাই দীর্ঘ। ২৮ বছর বাদে বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছেছে নরওয়ে। সৌজন্য তাদের গোলমেশিন আরলিং হালান্ডের সৌজন্যে। সেই গোলেই আইভরি কোস্টকে ২-১ ফলে হারিয়ে প্রিকোয়ার্টার ফাইনাল ম্যাচে ৫বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি নরওয়ে। এখন দেখার কে বাজিমাত করেন এই পর্বে, ব্রাজিলের ভিনিসিয়াস, কুনহারা, না গোলের মাঝে থাকা নরওয়ার হালান্ড?
কাগজে কলমে খেলার দিক থেকে ব্রাজিল এই মুহূর্তে নরওয়ের থেকে বিশেষ এগিয়ে থাকার প্রমাণ না দিলেও, বড় ও ঐতিহ্যশালী দল হিসেবে ব্রাজিল এই ম্যাচে মানসিকভাবে এগিয়ে থেকেই মাঠে নামবে। আইভরি কোস্টের বিরুদ্ধে নরওয়ের জয় যে খুব মসৃণভাবে এসেছে তা নয়। বরং অ্যান্টনিও নুসার গোলে আইভরি কোস্ট এগিয়ে যাওয়ায় তারা চাপে ছিল। আমাদ দিয়ালোর গোলে সমতা ফেরানোর পর ছন্দে ফেরে তারা। ৮৬ মিনিটে প্যাট্রিক বার্গের পাস থেকে হালান্ড গোল করে দলকে জয় এনে দেন।
বিশ্বকাপে এটা হালান্ডের পঞ্চম গোল। নরওয়ের জার্সিতে ৫৩ ম্যাচে ৬০ গোল। তবু ব্যক্তিগত পারফরমেন্স বা গোল সংখ্যা নিয়ে ভাবতে নারাজ হালান্ড। তাঁর মতে, ‘ ব্রাজিলের মুখোমুখি হওয়াটা ঠিক ভাষায় বোঝাতে পারব না। অভূতপূর্ব অনুভূতি। রাউন্ড অফ ১৬য় ব্রাজিলের মোকাবিলা করাটা একটা পাগলামি বলতে পারেন। ২৮ বছর পর এমন একটা ব্যাপার ঘটতে চলেছে। নরওয়ে বাসীর জন্য একটা দারুন ঘটনা। আমার মনে হয় নরওয়ে এরপর থেকে আরও বদলে যাবে। একটা একতাবোধ কাজ করছে আমাদের মধ্যে। এটা বেশি ভাল লাগছে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে। আমাদের আবেগটা সংযত রাখতে হবে। বরং ব্রাজিলের সঙ্গে ম্যাচটা উপভোগ করার মেজাজে খেলতে হবে।’
নরওয়ে কোচ স্টেল সোলবাক্কেন ভরসা রাখছেন হালান্ডের ওপর ব্রাজিল ম্যাচে। বলেই দিলেন,‘ হালান্ড আমাদের স্বপ্ন দেখাচ্ছে ব্রাজিলকে হারিয়ে শেষ আটে পৌঁছানোর। মনে করি, বিশ্বের সেরা গোলস্কোরার হালান্ড। তার প্রমাণ আইভরি কোস্ট ম্যাচে রেখেছে। সারা ম্যাচে হালান্ডের বিশেষ কোনও ভূমিকা দেখা যায়নি, কিন্তু মোক্ষম সময়ে জয়ের গোল করে দল শেষ ষোলোয় পৌঁছে দিয়েছে। একজন স্ট্রাইকারের এটাই আসল পরিচয়। তাছাড়া ওর একটা অন্য গুন অন্যদের নজরে আসে না। সেটা হল নিজের কাছে আসা বল বেশি নষ্ট করে না। আইভরি কোস্ট ম্যাচে একটা বলও ধরতে বা পাস বাড়াতে ভুল করেনি।’
জাপানের বিরুদ্ধে শেষমুহূর্তে গোলের পর ব্রাজিল কোচ কার্লেস আনসেলোত্তিকে তাই নতুন করে ভাবনা চিন্তা করতে হচ্ছে নরওয়ে, বলা ভাল হালান্ডকে রুখতে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
