Cart Total Items (0)

Cart

All Sports

সুচরিতা সেন চৌধুরী: এক ঘর সাংবাদিকের সামনে বসে একটার পর একটা প্রশ্ন উড়ে যাচ্ছে তাঁর দিকে। পাশে বসা অভিজ্ঞ কোচ। তবুও কোথাও যেন এখনও এই পরিবেশের সঙ্গে মানিয়ে উঠতে পারেননি। উত্তরের জড়তাই তার প্রমাণ। তবুও তিনি জীবনের প্রথম ডার্বিতে আরও একবার প্রমাণ করেছেন মুম্বইয়ের ছেড়ে দেওয়া প্লেয়ারকে নিয়ে মোটেও ভুল করেনি ইস্টবেঙ্গল। ভুল করেননি তিনিও। পেশাদার ফুটবল জীবনে পা রাখার পর ইস্টবেঙ্গলের মতো ঐতিহাসিক ক্লাবে খেলারই তো স্বপ্ন দেখতেন। এতদিনে সেই স্বপ্ন সফল হয়েছে। তাই ক্লাবকেও কিছু ফিরিয়ে দিতে চান তিনি।

এই দেখুন, কার কথা বলছি সেটাই তো বলা হয়নি। তবে এতক্ষণে অনেকেই বুঝে গিয়েছেন। আমি বিপিন সিংয়ের কথা বলছি। ইস্টবেঙ্গলে যোগ দিয়েছেন এই বছরই। ডার্বিতে দলের মাঝমাঠকে ভরসা দিয়েছেন তিনি। তাই ডুরান্ড কাপ সেমিফাইনালের আগের সাংবাদিক সম্মেলনে কোচের পাশে হাজির তিনিই। বলছিলেন, “ডার্বি খেলার স্বপ্ন সব ভারতীয় ফুটবলারের থাকে। আমারও স্বপ্ন ছিল ইস্টবেঙ্গলের মতো ঐতিহাসিক ক্লাবে খেলব।”

মুম্বই এফসি বড় দল, দীর্ঘদিন সেই দলে খেলার পর ইস্টবেঙ্গলে যোগ দেওয়া সেই স্বপ্নেরই কারণে। সমর্থকরাই সব থেকে বড় পার্থক্য গড়ে দিয়েছে দুই দলের মধ্যে। অন্তত বিপিন তেমনটাই মনে করছেন। বলছিলেন, “মুম্বই ও ইস্টবেঙ্গল, দুই ক্লাবের মধ্যে সব থেকে বড় পার্থক্য সমর্থক। ক্লাব নিয়ে এই উন্মাদনা, এই উচ্ছ্বাস, আবেগ সব সময়ই টানত। এত সমর্থকের সামনে খেলাটা অনেক বড় প্রাপ্তি,” তাই সুযোগটা কোনওভাবেই হাতছাড়া করতে চাননি তিনি। আর শুরু থেকেই লাল-হলুদের মান রাখছেন তিনি।

ডুরান্ড সেমিফাইনালে বুধবার সামনে ডায়মন্ড হারবার এফসি। তাঁর আগে এই ম্যাচ নিয়ে সংযত বিপিন। বলছিলেন, “আমরা ডায়মন্ড হারবারের খেলা দেখেছি। ওরা ভালো দল তবে আমরাও প্রস্তুত। আমরা জেতার চেষ্টাই করব।” কোথায় এই মরসুমে আলাদা ইস্টবেঙ্গল? এর উত্তর পাওয়া গেল বিপিনের কথায়। তিনি বলছিলেন, “এবার খুব ভালো দল তৈরি করেছে ইস্টবেঙ্গল। আমাদের দলের মধ্যে সবার সাথে সবার খুব ভালো সম্পর্ক। সবাই সবার পাশে থাকে।” আর এই বন্ডিংটাই দলকে বাড়তি অক্সিজেন দিচ্ছে।

তবে দলের পাশাপাশি নতুন মরসুমে অবশ্যই কিছু ব্যক্তিগত লক্ষ্য আছে তাঁর? মেনে নিলেন বিপিন, “অবশ্যই আছে, আর সেটা হল ডুরান্ড কাপ দেওয়া ক্লাবকে। এর পর যদি আইএসএল হয় তাহলে আইএসএল জেতার লক্ষ্যও থাকবে। আমি ক্লাবের জন্য ট্রফি জিততে চাই।” যার জন্য কাজ শুরু করে দিয়েছেন বিপিন, শুরু করে দিয়েছেন অস্কার ব্রুজোঁও। অস্কার আর থাংবোই সিংতোর কম্বিনেশনে যে ভারসাম্য যুক্ত দল তৈরি করতে সক্ষম হয়েছে ইস্টবেঙ্গল, এতদিন তারই বড় অভাব দেখা যাচ্ছিল। আশা করাই যায় বিপিনদের হাত ধরে স্বপ্ন দেখা স্বার্থক হবে ইস্টবেঙ্গলের।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *