অলস্পোর্ট ডেস্ক: আইএসএল ক্লাবগুলোর পর এবার আইলিগের ১০টি ক্লাবও অ্যামিকাস কিউরিয়ে অর্থাৎ আদালতের নিরপেক্ষ সিনিয়র আইনজীবি গোপাল শঙ্করনারায়ণ ও সমর বনসাল কাছে চিঠি লিখে আবেদন করেছে নতুন মাস্টার রাইটস এগ্রিমেন্টে নতুন মরশুম থেকে প্রোমোশোনের সঙ্গে রেলিগেশন চালু করার বিষয়টি সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরতে। তবে চিঠি দেওয়া দলে নেই সদ্য শেষ হওয়া আইলিগের প্রথম দুই স্থানাধিকারী ক্লাব ইন্টার কাশী, চার্চিল ব্রাদার্স ও একবারে নীচের দুই ক্লাব এসসি বেঙ্গালুরু ও দিল্লি এফসি।
১০টি আইলিগের মধ্যে আছে আইজল এফসি, রাজস্থান ইউনাইটেড, ডেম্পো এফসি, গোকুলাম কেরালা, রিয়েল কাশ্মীর, শ্রীনিধি ডেকান ও শিলং লাজং, আর আইলিগ ২ থেকে আইলিগ প্রথম ডিভিশন বা মূল পর্বে উঠে আসা ডায়মন্ড হারবার এফসি ও চানমারি এফসি।
এই ক্লাবগুলি লিখেছে, এআইএফএফ ও এফএসডিএলের মধ্যে এমআরএ নিয়ে যে বর্তমান বিতর্ক সৃষ্টি হয়েছে, তার পার্টি আমরা নই সুপ্রিম কোর্টের কাছে। কিন্তু গোটা ব্যাপারটায় আমরাও সমান ভুক্তভোগী। তাই আপনাদের কাছে আবেদন রাখছি সুপ্রিম কোর্টের কাছে আমাদের হয়ে বক্তব্য পেশ করতে, যেমনটি আপনারা করেছেন ২২ আগস্ট আইএসএল ক্লাবগুলোর স্বার্থে। এআইএফএফ ও এফএসডিএলের মধ্যে এমআরএ নিয়ে টালবাহানার জেরে ঘরোয়া ফুটবল থমকে গেছে। আইএসএলের পাশাপাশি অন্যন্য ঘরোয়া লিগও অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হয়ে যাওয়ায় আমরা খুব সমস্যায় পড়েছি। আলাদতে বিষয়টি ঝুলে থাকায় আমাদের কাছে কোনও কিছুই পরিষ্কার নয়, আর ফেডারেশনও আমাদের কিছু জানায়নি কবে, কীভাবে এই সমস্যার সমাধান ঘটবে। এতে ম্যাচ আয়োজন, খেলা, প্র্যাকটিস, ফুটবলার নেওয়া, সম্প্রচার সংক্রান্ত ও অন্যান্য বিষয়গুলো জট পাকিয়ে রয়েছে তাদের ক্ষেত্রেও।
আইলিগ ক্লাবগুলো এর পাশাপাশি আওয়াজ তুলেছে আইএসএলকে ‘ক্লোজড লিগ’ হিসেবে আবার তুলে ধরার বিপক্ষে। মার্চে তাদের কাছে খবর ছিল, এফএসডিএল যে নতুন এমআরএ করতে চাইছে, তাতে আরও ১০ বছর আইএসএলকে ক্লোজড লিগ হিসেবে চালাতে। এফএসডিএলের খসড়া অনুযায়ী আইএসএল থেকে নীচের লিগে অবনমন থেকে ১০ বছরের ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। নতুন রোড ম্যাপ যতক্ষণ না অনুসরণ করা হচ্ছে। একইসঙ্গে আইএসএলে প্রোমোশনের ক্ষেত্রে একটা কড়া নিয়ম মানা উচিত। যারা উপযুক্ত ফিনান্সিয়াল ও লাইসেন্সিং শর্ত মানতে পারবে, আর যারা এক মালিকের তত্ত্বাবধানে রয়েছে, তাদেরই যেন প্রোমোশনের জন্য বিবেচনা করা হয়।
এখানেই আপত্তি আইলিগ ক্লাবেদের। তাদের মতে, ২০১৯ সালে এআইএফএফকে যে রোডম্যাপ দিয়েছিল এএফসি তাতে প্রোমোশন ও রেলিগেশনের কথা বলা ছিল। সেই নিয়েমের বাইরে গেলে আইএসএল ক্লোজড লিগ হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে। এতে আইলিগের দলের আইএসএলে প্রোমোশন পেয়ে ওঠার রাস্তাটা বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আইলিগ খেলা ও অর্থ বিনিয়োগের উৎসাহটাই নষ্ট হয়ে যাবে। তাই ক্লাবের তরফে তাদের আবেদন, ২৮ আগস্ট রায় দানের সময় সুপ্রিম কোর্ট যেন এদিকটাও গুরুত্ব সহকারে বিবেচনা করে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
