অলস্পোর্ট ডেস্ক: কলকাতা হাইকোর্টের রায়ে গত মরশুমে হওয়া কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের ফল ঘোষণার ওপর জারি থাকা স্থগিতাদেশ শুক্রবার খারিজ হয়ে যায়। এতে আইএফএর সামনে গতমরশুমের লিগ চ্যাম্পিয়নের নাম ঘোষণায় আর কোনও বাধা ছিল না। শনিববার প্রিমিয়ার ও প্রথম ডিভিশন লিগ কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসে আইএফএ সচিব অনির্বান দত্ত গত মরশুমের কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের চ্যাম্পিয়ন হিসেবে ইস্টবেঙ্গলের নাম ঘোষণা করে দিলেন সরকারিভাবে।
স্বাভাবিকভাবেই লাল হলুদ শিবিরে এই ঘোষণায় খুশির হাওয়া। কলকাতা ফুটবল লিগের আগের তুলনায় জৌলুস কমলেও ইস্টবেঙ্গল ক্লাব কখনও এই টুর্নামেন্ট খেলা থেকে অকারণ অজুহাত দেখিয়ে সরে আসেনি। বরং যুব দলের ফুটবলারদের লিগে খেলিয়ে তাদের সিনিয়র দলে তুলে আনার মঞ্চ হিসেবে ব্যবহার করেছে। এই তালিকায় একাধিক ফুটবলার রয়েছেন, যাঁরা কলকাতা লিগ খেলে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়ে সিনিয়র দলে জায়গা করে নিয়েছেন।
চলতি মরশুমে লিগ খেতাব জয়ের দোড়গোড়ায় দাঁড়িয়ে আছে ইস্টবেঙ্গল। বলা যেতে পারে শেষ ধাপে। সোমবার নিজেদের মাঠে সুপার সিক্স পর্বের শেষ ম্যাচে ইউনাইটেড স্পোর্টকে হারাতে পারলেই লাল হলুদের ঘরে ট্রফি ঢুকবে। এমন একটা পরিস্থিতিতে গতমরশুমের লিগ চ্যাম্পিয়ন হওয়ার খবরটা ইস্টবেঙ্গল শিবিরকে তাতাচ্ছে ইউনাইটেড স্পোর্টস ম্যাচের আগে। ফুটবলাররা উজ্জীবিত। লাল হলুদ কর্তারা বিশেষ প্রস্তুতি নিচ্ছেন খেতাব জয়ী ফুটবলারদের সংবর্ধনা জানাতে। আইএফএর অবশ্য সোমবার ইস্টবেঙ্গল মাঠে গত মরশুমের চ্যাম্পিয়নশিপ ট্রফি তুলে দেওয়ার কোনও পরিকল্পনা এখনও নেই। সচিব অনির্বান দত্ত জানালেন, এনিয়ে পরে ভাবা যাবে। আগে এবারের লিগটা ভালভাবে শেষ হোক। গত মরশুমের লিগ চ্যাম্পিয়নদের নাম ঘোষণা করতে পেরে রীতিমতো খুশি। তার জন্য কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিকে ধন্যবাদ। সুবিচার পেলাম। সত্যের জয় হল। ইস্টবেঙ্গল পাচ্ছে তাদের প্রাপ্য ট্রফি।
শনিবার আইএফএ দপ্তরে শিল্ড কমিটির বৈঠকও সারেন সচিব অনির্বান। সেই বৈঠক শেষে অনিবার্ন জানালেন, ‘ জাঁকজমকের সঙ্গে শিল্ডের আয়োজন ৮ থেকে ১৮ অক্টোবরের মাঝে করার জোর চেষ্টা চলছে। তবে শুরুর দিন ও সূচী চুড়ান্ত করার আগে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান ও ডায়মন্ড হারবার এফসির কর্তাদের সঙ্গে আলোচনায় বসা জরুরি। আগামী সপ্তাহে তা হবে। ইচ্ছা আছে কলকাতা লিগে খেলা দুটি দল ও ভিন রাজ্যের নামী দুটি দলকে শিল্ডে খেলানোর। বেশ কয়েকটি ভিন রাজ্যের দল শিল্ড খেলায় আগ্রহ দেখিয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
