Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: কলকাতা লিগে আইএফে-এর সিদ্ধান্ত নিয়ে তোলপাড় বাংলা ফুটবল। অনেকেই মনে করছেন এই সিদ্ধান্তের মাধ্যমে ইস্টবেঙ্গলকে সুবিধা পাইয়ে দেওয়া হল। প্রতিবাদে মোহনবাগানও। আইএফএ-এর সিদ্ধান্তের পর এই মুহূর্তে ইস্টবেঙ্গল দাঁড়িয়ে ৪৩ পয়েন্টে আর দ্বিতীয় স্থানে থাকা ডায়মন্ড হারবারের পয়েন্ট ৩৯। মহমেডান ম্যাচের পুরো পয়েন্ট পাওয়ার আগে পর্যন্ত এই পার্থক্যটা ছিল এক পয়েন্টের যা এখন বেড়ে দাঁড়িয়েছে চার পয়েন্টের। ডায়মন্ড হারবারের বিরুদ্ধে ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে লাল-হলুদ। তাঁর পরও থাকবে ভবানীপুর ম্যাচ।

মঙ্গলবার আইএফএ অফিসে ডিসিপ্লিনারি কমিটির সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রিমিয়ার ডিভিশনে ইস্টবেঙ্গল ক্লাব ও মহমেডান স্পোর্টিং ক্লাবের খেলায় মহমেডান স্পোর্টিং ক্লাব ভূমিপুত্র খেলানোর নিয়ম উলঙ্ঘন করায় তাদের প্রাপ্য পয়েন্ট কেড়ে নেওয়া হয় এবং ওই ম্যাচের পুরো পয়েন্ট ইস্টবেঙ্গল ক্লাবকে দেওয়া হয়। ওই ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। শোনা যাচ্ছে এই সিদ্ধান্তের প্রতিবাদে আইএফএ শিল্ড বয়কট করতে পারে মোহনবাগান। অন্যদিকে ডায়মন্ড হারবার কর্তৃপক্ষ এই নিয়ে এখনও মুখ খোলেনি।

এছাড়া তৃতীয় ডিভিশনে আলিপুর স্পোর্টিং ক্লাব ও বেনিয়াপুর ইনস্টিটিউটের চার জন ফুটবলার সরজু শেখ, সাইফুদ্দিন শেখ, সুকান্ত হালদার ও রঞ্জু প্রামাণিককে বয়সে কারচুপির জন্য ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে। এই সিদ্ধান্ত এআইএফএফ-এর কাছে পাঠানো হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।
এছাড়াও আইএফএ দ্বারা নির্বাসিত এক ব্যক্তি কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশনের ম্যাচে দলের সঙ্গে উপস্থিত থাকায় কালীঘাট স্পোর্টস লাভারসকে এদিনের সভায় ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু তারা সভায় অনুপস্থিত থাকায় তাদের শো কজ করা হয়েছে। আগামী ২১ অক্টোবরের মধ্যে তাদের কারণ জানাতে বলা হয়েছে।

এদিনের সভায় ডিসিপ্লিনারি কমিটির সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, সহ সভাপতি দিলীপ নারায়ন সাহা, সৌরভ পাল, রাকেশ ঝাঁ, মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখোপাধ্যায়, ও এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *