অলস্পোর্ট ডেস্ক:বৃহস্পতিবার ন্যাশানাল স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে ৩ পয়েন্ট চাইই ভারতীয় ফুটবল দলের ২০২৭ সৌদি আরব এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার আশা জিইয়ে রাখতে। ভারতীয় দলের কোচ খালিদ জামিল, ফুটবলার সুনীল, সন্দেশ, গুরপ্রীত, ছাংতে সহ দলের বাকি ফুটবলারদের বিশ্বাস, সেই লক্ষ্যপূরণ করেই তাঁরা ঘরে ফিরবেন সিঙ্গাপুরের বিরুদ্ধে গোয়ার মাঠে ১৪ অক্টোবরের ফিরতি ম্যাচে লড়াই জারি রাখতে।
বর্তমানে গ্রুপে সবচেয়ে খারাপ জায়গায় আছে ভারত। বাংলাদেশের সঙ্গে ঘরের মাঠে গোলশূণ্য ড্র করে ও হংকংয়ের মাঠে ০-১ গোলে হেরে মাত্র ১ পয়েন্ট নিয়ে টেবিলের সবচেয়ে নীচে রয়েছে খালিদ জামিলের দল। সৌজন্যে আগের কোচ মানোলো মারকোয়েজ। তাঁর কোচিংকালে একটি ছাড়া আরও কোনও ম্যাচ জেতেনি ভারতীয় দল। তার থেকেও বড় কথা, ভারতীয় ফুটবলারদের আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছিল। সেখান থেকে ম্যাচ জেতার বিশ্বাসটা ফিরিয়েছেন বর্তমান কোচ খালিদ। তার জোরেই ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থাকা সিঙ্গাপুরকে হারানোর জোসের দেখা মিলছে সুনীল, সন্দেশদের মধ্যে।
কাফা নেশনস কাপে ব্রোঞ্জ জয়ের সাফল্য সিঙ্গাপুর ম্যাচে লড়াইয়ে বাড়তি উৎসাহ জোগাচ্ছে ভারতীয় শিবিরে। কোচ খালিদও মানছেন সেটা। জানালেন, ‘ কাফা নেশনস কাপ র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের বিরুদ্ধে ফুটবলাররা হীনমন্যতায় ভোগেনি। পরিকল্পনামাফিক ফুটবল খেলে সাফল্য অর্জন করেছে। সিঙ্গাপুরের বিরুদ্ধে শক্তি বাড়িয়ে নেওয়ার সুযোগ পাব সুনীল, সন্দেশ দলে ফেরায়। সিঙ্গাপুর র্যাঙ্কিংয়ে যতই নীচের দিকে থাক, তাদের গুরুত্ব দিতেই হবে। বিশেষ করে খেলাটা যখন ওদের মাঠে। দর্শক সমর্থন পাবে। ওদের কোচ নতুন গ্যাভিন লি দলটাকে নতুন করে গুছিয়েছেন। সম্প্রতি মায়ানমার ও মালয়েশিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছে। তবে আমরাও তৈরি।’
সিঙ্গাপুরের অন্তর্বর্তীকালীন কোচ গ্যাভিন লিও ভারতীয় দলকে সমীহ করেছেন কাফা নেশনস কাপে খালিদের দলের সাম্প্রতিক সাফল্য মাথায় রেখে। ম্যাচের আগের দিন প্রচার মাধ্যমকে জানিয়েছেন, ভারতীয় দলের একটা বিশেষ ধরনের খেলার স্টাইল আছে। ওরা একটা দল হিসেবে খেলে, ব্যক্তিগত দক্ষতা নির্ভর নয়। আর এটা সম্ভব হচ্ছে ভাল কোচের কৌশলের জন্য। আমরা সেটা মাথায় রাখছি।’
২০২২ সালে ভিয়েতনামের মাঠে ত্রিদেশীয় ফ্রেন্ডলি টুর্নামেন্ট সিঙ্গাপুরের সঙ্গে ১-১ ড্র করেছিল ভারত। একমাত্র গোল করেছিলেন আশিক কুরুনিয়ান। দেখা যাক, এবার কার দক্ষতার জোরে ম্যাচ জেতে ভারত?
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
