Cart Total Items (0)

Cart

All Sports
সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৩

অলস্পোর্ট ডেস্ক:সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৩ জিতে রেকর্ড করে ফেলল ভারতীয় ফুটবল দল। এই নিয়ে ৯ বার এই ট্রফি জিতল ভারত। নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ ব্যবধানে শেষ হওয়ার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু অতিরিক্ত ৩০ মিনিটে কোনও পক্ষই গোল করতে পারেনি। এর পর ম্যাচ পৌঁছয় টাইব্রেকারে। পেনাল্টিতে শুটআউটে ৫-৪ গোলে কুয়েতকে হারিয়ে শেষ হাসি হাসল ভারতই।। আলখালদি কুয়েতের হয়ে গোলের মুখ খোলেন। কিন্তু লালিয়ানজুয়ালা ছাংতে গুরুত্বপূর্ণ সময়ে দলকে সমতায় ফেরানয়। পেনাল্টি শুটআউটে, উদন্ত সিং ভারতের হয়ে একটি শট মিস করেন এবং কুয়েতের হয়ে আবদুল্লাহ পোস্টে মারেন। শেষ পর্যন্ত গুরপ্রীত সিং সান্ধুই হাজিয়ার শট বাঁচিয়ে জয় নিশ্চিত করেন।

মঙ্গলবার বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে আল খলদি ও লালিয়ানজুয়ালা ছাঙতের গোলে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় ১-১ থাকার পর ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। রাত সোয়া দশটাতেও কান্তিরাভার গ্যালারিতে থাকা পঁচিশ হাজারেরও বেশি সমর্থকের চিৎকারে তখন গমগম করছে রাতের বেঙ্গালুরু।    

সেমিফাইনালের দলে তিনটি পরিবর্তন করে এ দিন প্রথম এগারো নামায় ভারত। দুই ফুল ব্যাক নিখিল পূজারি ও আকাশ মিশ্র দলে ফিরে আসেন এবং মেহতাব সিংয়ের জায়গায় ফিরে আসেন সন্দেশ ঝিঙ্গন। মাঝমাঠ ও আক্রমণে কোনও পরিবর্তন হয়নি এ দিন। ৪-২-৩-১-এ খেলা শুরু করে দুই দলই। কুয়েত আল খালদিকে সামনে রেখে দল সাজায়। তাঁর পিছনে ছিলেন আল ফানেনি, আল ধাফেরি ও মহহম্মদ আবদুল্লা।

মাঝ মাঠ থেকে উড়ে আসা বল নিয়ে ডানদিক দিয়ে আল ফানেনি সামনে পাস বাড়ান আল ব্লৌশিকে, যিনি গোলের সামনে ক্রস বাড়ান যখন, তখন সেখানে আল খালদি ছিলেন সম্পুর্ণ অরক্ষিত। এই ভুলেরই মাশুল দিতে হয় ভারতকে। গোলে বল ঠেলতে বিন্দুমাত্র ভুল করেননি কুয়েতি সেন্টার ফরোয়ার্ড (১-০)। প্রতিপক্ষের আক্রমণ আটকাতে গিয়ে ৩৫ মিনিটের মাথায় গুরুতর চোট পান আনোয়ার আলি। তাঁকে স্ট্রেচারে শুইয়ে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এবং তাঁর পরিবর্তে নামেন মেহতাব সিং।

আল ধাফরির মিসক্লিয়ারেন্স থেকে বল পেয়ে বাঁ দিকের উইং থেকে বল টেনে এনে বক্সের সামনে সুনীলকে দেন আশিক। সুনীলের সিঙ্গল টাচে বক্সের মধ্যে বল পেয়ে যান সহাল, তিনি সময় নষ্ট না করে ডানদিকে গোলের সামনে বল ঠেলে দেন ছাঙতের উদ্দেশ্যে। ৩৮ মিনিটে সামনে ফাঁকা গোল পেয়ে সেখানে বল ঠেলতে বিন্দুমাত্র ভুল করেননি ছাঙতে (১-১)। এর পর আর গোল করতে পারেনি কোনও পক্ষই। ম্যা গড়ায় টাইব্রেকার থেকে সাডেন ডেথে।

পেনাল্টি শুট আউটে শুরুতেই ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রীর শট পোস্টে লেগে গোলে ঢুকে যায়। এর পরই কুয়েতের মহম্মদ আবদুল্লাহর শট গুরপ্রীতের হাতে লেগে বারের ওপরে লেগে বেরিয়ে যায়। ভারতের পক্ষে পরপর গোল করেন সন্দেশ ঝিঙ্গন ও লালিয়ানজুয়ালা ছাঙতে। কুয়েতের আল ওতাইবি ও আল ধাফেরিও জালে বল জড়িয়ে দেন। সমর্থকেরা যখন টাই ব্রেকারে জয়ের সেলিব্রেশন শুরুর প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই সারা স্টেডিয়ামকে কার্যত স্তব্ধ করে দিয়ে উদান্ত সিং বারের ওপর দিয়ে বল উড়িয়ে দেন। কুয়েতের আব্দুল মারান, ও আল খালদি এর পরের দুটি শটে গোল করায় উত্তেজনা আরও বাড়তে থাকে। ভারতের পক্ষে শেষ শট নিতে যান অভিজ্ঞ বঙ্গ ডিফেন্ডার শুভাশিস বোস। তিনিও সফল হন।

পাঁচটি করে শটের পর ৪-৪ থেকে যাওয়ায় ম্যাচ গড়ায় সাডেন ডেথে। প্রথম শটে কোনও ভুল করেননি নাওরেম মহেশ সিং। কিন্তু কুয়েতের অধিনায়ক এল এব্রাহিম হাজিয়ার শট বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে সেভ করে শেষ রাতে ওস্তাদের মার দেখান বহু যুদ্ধের নায়ক গুরপ্রীত সিং।

ভারতীয় দল: গুরপ্রীত সিং সান্ধু (গোল), আনোয়ার আলি (মেহতাব সিং), সন্দেশ ঝিঙ্গন, আকাশ মিশ্র (শুভাশিস বোস), নিখিল পূজারি, অনিরুদ্ধ থাপা (নাওরেম মহেশ সিং), সহাল আব্দুল সামাদ (উদান্ত সিং), জিকসন সিং, লালিয়ানজুয়ালা ছাঙতে, আশিক কুরুনিয়ান (রোহিত কুমার), সুনীল ছেত্রী।

(তথ্য আইএসএল ওয়েবসাইট থেকে)

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *