Cart Total Items (0)

Cart

All Sports India

মুনাল চট্টোপাধ্যায়:‌ ব্রাজিল দলের সাংবাদিক সম্মেলন তখন শেষদিকে। মারকুইনহো কথা বলে চলে যাওয়ার পর ব্রাজিল দলের চিফ কোচ কার্লেসো আনসেলোত্তি ভারতীয় দলের বিরুদ্ধে ম্যাচ ঘিরে প্রচারমধ্যেমের নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। তখন প্রচারমাধ্যমের ভিড়ের মাঝে সাংবাদিক সম্মেলন কক্ষে হাজির হন ভারতীয় দলের কোচ খালিদ জামিল। উদ্দেশ্য ছিল ব্রাজিলের বর্ষীয়ান কোচ আনসেলোত্তির সাংবাদিক সম্মেলন শেষ হলে, খালিদের সঙ্গে তাঁর সৌজন্য বিনিময় ও হাত মেলানো। আনসেলোত্তির বক্তব্য দীর্ঘায়িত হওয়ায় অনেকটা সময় দাঁড়াতে হয় খালিদকে। তবে তা নিয়ে ভারতীয় কোচের কোনও বিরক্তি বা উষ্মা ছিল না। বরং মনে হল ব্রাজিল জাতীয় দলের অভিজ্ঞ কোচ আনসেলোত্তির বক্তব্য মন দিয়ে শুনলেন, এবং কিছু হয়ত শেখার চেষ্টা করলেন। মনে মনে শক্তিশালী প্রতিপক্ষ ব্রাজিল দলকে আটকানোর ছকটাও ভেঁজে নিলে অবাক হওয়ার কিছু নেই।

পরে আনসেলোত্তির বলা শেষ হলে ম্যাচের সংগঠকদের অনুরোধে একসঙ্গে ছবি তুললেন খোশমেজাজে। আনসেলোত্তি প্রথমে হাত মেলালেন খালিদের সঙ্গে। তারপর কিছু কথা বিনিময় হল দু’‌জনের মধ্যে। খালিদ পরে বলেন, আনসেলোত্তি তাঁকে ও ভারতীয় ফুটবল দলকে শুভেচ্ছা জানান ম্যাচ নিয়ে। আনসেলোত্তি সাংবাদিক সম্মেলন মঞ্চ ছেড়ে যাওয়ার আগে খালিদকে বুকে জড়ালে এক আবেগঘন মুহূর্তের অবতারণা হয়। যার সাক্ষী থাকল কলকাতা, ভারতের বিভিন্ন প্রান্ত ও বিদেশ থেকে আসা সাংবাদিকদের সামনে। যা তাঁদের মধ্যে ছড়িয়ে গেল সারা বিশ্বে। এই বার্তাই দিয়ে গেল দুই কোচের সৌজন্য বিনিময়, ফুটবলের মানের বিচারে র‌্যাঙ্কিংয়ে যতই ফারাক থাক না কেন,সেই পার্থক্যটা মাঠের বাইরে ঘুচিয়ে মিলিয়ে দেয় নিমেষে। এটাই ফুটবলের মাহাত্ম।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ব্রাজিল ৫ নম্বরে। ৫বারের বিশ্ব চ্যাম্পিয়ন। গত ম্যাচে পানামা ৯৪ ধাপ এগিয়ে ছিল ভারতীয় দলের থেকে। ব্রাজিল সেখানে ফিফা র‌্যাঙ্কিংয়ে ভারতের থেকে এগিয়ে ১৩৩ ধাপ। পানামার সঙ্গে র‌্যাঙ্কিংয়ে ব্যবধান ঘুচিয়ে ১-‌১ ড্র করেছে ভারতীয় ফুটবল দল। কোচ খালিদের কাছে প্রশ্ন ছিল, এবার সেই ম্যাচের পারফরমেন্সে ভর করে ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ কী কী পরিকল্পনা নিচ্ছেন? খারাপ খেললে কড়া সমালোচনার মুখে পড়তে হবে। এই পরিস্থিতিতে ব্রাজিল ম্যাচের আগে আপনার ও দলের মনোভাব কী?

পানামা ম্যাচে রক্ষণে ভরসা জোগানো স্টপার আনোয়ার আলিকে পাশে বসিয়ে‌‌ ভারতীয় দলের কোচ খালিদের দৃপ্ত জবাব,‘‌ পানামা শক্তিশালী প্রতিপক্ষ ছিল। তবু আমাদের ফুটবলাররা সেটা মাথায় না রেখে লড়াকু ফুটবল খেলেছে। এটা অবশ্যই ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে গোটা দলে আত্মবিশ্বাস বাড়িয়েছে। দলের সকলেই জানে ব্রাজিল আরও শক্তিশালী। তবে সেটা ভেবে হীনমন্যতায় ভুগছে না। বরং একটা কড়া চ্যালেঞ্জের জন্য তৈরি হচ্ছে। ম্যাচট বুদ্ধি করে খেলতে হবে। ব্রাজিলের বিরুদ্ধে সামান্যতম ভুল আমাদের আঘাত হানতে পারে। ছেলেরা লড়বে, তারপর ফল যা হওয়ার হবে। পানামা আর ব্রাজিলের খেলার ধরন আলাদা, কোচের কৌশলও। ব্রাজিল আক্রমণ ও রক্ষণ সমান পারদর্শী। তাই সেভাবে নিজেদের স্ট্র‌্যাটেজি ঠিক করকে হবে। সমালোচকদের কাজ সমালোচনা করা। তাদের নিয়ে বাড়তি মাথা ঘামালে নিজেদের ফোকাস নষ্ট হবে। বরং খেলাতে মনঃসংযোগ করা জরুরি।’‌

ব্রাজিলের মোকাবিলা কতটা চাপের?‌ ব্রাজিলকে খেলতে হবে জেনে ফুটবলারদের রাতের কি নষ্ট হচ্ছে বেশি গোল খাওয়ার চিন্তায়?‌ খালিদ পাল্টা মজার ছলে প্রশ্নকর্তাকে উদ্দেশ্য করে জানতে চান, ‘‌ মানে আপনি জানতে চাইছেন, ব্রাজিল ম্যাচের আগে ফুটবলারদের ঘুম উড়ে গেছে কিনা?‌ নিঃসন্দেহে ম্যাচটা চাপের। ফুটবলাররা ম্যাচটার গুরুত্ব জানে। বিশ্বের অন্যতম সেরা দলের বিরুদ্ধে খেলবে ওরা। সেই চাপ সামলে সেরা দিতে তৈরি সকলে। ঘুম নষ্ট করে লাভ কী?‌ বরং ব্রাজিলের শক্তিকে গুরুত্ব দিয়ে অঙ্ক কষে খেলা জরুরি ইতিবাচক মনোভাব নিয়ে, ফলের কথা না ভেবে। ডিফেন্স ও অ্যাটাকিংয়ে ভারসাম্য রেখে। বাড়তি কিছু দেখানোর চেষ্টা করা ঠিক হবে না। নিজেদের স্বাভাবিক খেলা তুলে ধরে সেরা দিলে যে কোনও ফল হতে পারে।’‌

পানামা ম্যাচ ১-‌১ ড্র করার পিছনে বড় অবদান ছিল ভারতীয় দলের স্টপার আনোয়ার আলির। ব্রাজিল ম্যাচে তাঁর থেকে কী ধরনের পারফরমেন্স মিলবে?‌ আত্মবিশ্বাসী সুরে আনোয়ারের জবাব, ‘‌ পানামা ম্যাচের গেম প্ল্যানে আমাদের স্টিক করে থাকতে হবে। একবার মাঠে নেমে পড়লে সামনে প্রতিপক্ষ কে, সেটা ভেবে নিজেদের খোলসে গুটিয়ে থাকার প্রশ্ন নেই। দলের প্রতিটি ফুটবলারকে সেরা দিতে মুখিয়ে থাকতে হবে। শতকরা ১০০ ভাগ।’‌

স্কালোনির প্রশিক্ষণপ্রাপ্ত অনূর্ধ্ব ২০ আর্জেন্টিনা দলের বিরুদ্ধে অনূর্ধ্ব ২০ ভারতীয় দলের হয়ে ফ্রিকিকে গোল করেছিলেন আনোয়ার। শনিবার ব্রাজিল ম্যাচে কি গোল পাবেন?‌ আনোয়ারের জবাব, ‘‌ দলে ভাল ফ্রিকিক মারার আরও ফুটবলার রয়েছে। তাই ফ্রিকিক পেলে তাদেরই মারার সম্ভাবনা বেশি। তবে আমি গোলের সুযোগ পেলে চেষ্টা করব গোল করতে। দেশের জার্সিতে ব্রাজিলের বিরুদ্ধে গোল পাওয়াটা অবশ্যই গর্বের।’‌

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...