নিজস্ব সংবাদদাতাঃ ইম্ফলে আয়োজিত ত্রিদেশীয় ফুটবল লিগে কিরঘিজস্তানকে ২-০ গোলে হারিয়ে কাপ জিতল ভারত। প্রথম ম্যাচে মায়ানমারকে হারিয়ে অভিযান শুরু করেছিল ইগর স্টিমাচের দল। ম্যাচে গোলদুটি করেন সুনীল ছেত্রী ও সন্দেশ ঝিঙ্গান।
প্রথম থেকেই দুরন্ত শুরু করে ভারতীয় দল। ম্যাচের আগে চোটের জন্য মনবীর সিং ছিটকে যায়।কিন্তু তা প্রভাব ফেলতে পারেনি ভারতীয় দলে। শুরু থেকেই প্রতিপক্ষ বক্সে আক্রমণ শুরু করেন সুনীলরা। ম্যাচ ড্র করলেই কাপ জিতে যেত ভারত। কিন্তু জয়ের জন্য খেলতে নেমেছিলেন ইগর স্টিমাচের দল। দুপ্রান্ত ব্যবহার করে সমানে আক্রমণ করছিলেন আকাশ মিশ্র, ব্রেন্ডনরা। ম্যাচের ৩৪ মিনিটের মাথায় প্রথম গোল পায় ভারত। ফ্রিকিক থেকে বল ভাসিয়ে দিয়েছিলেন ব্রেন্ডন। সেই বল পেয়ে বাঁ পায়ের টোকায় জালে জড়িয়ে দেন সন্দেশ।
দ্বিতীয়ার্ধে খেলায় ফিরে আসে কিরঘিজ বাহিনী। কিন্তু ফুটবলার পরিবর্তন করে খেলার মোড় ঘুরিয়ে দেন স্টিমাচ। এরপরেই ৮৪ মিনিটের মাথায় দ্বিতীয় গোল পায় ভারত। বক্সের মধ্যে নাওরেমকে ফাউল করেন প্রতিপক্ষ ফুটবলার। পেনাল্টি পেয়ে গোল করতে ভুল করেননি সুনীল। দেশের জার্সিতে নিজের ৮৫ নম্বর গোল সম্পূর্ণ করেন তিনি। ম্যাচের আগেই সুনীল জানিয়েছিলেন তাঁর গোল করার খিদে এখনও বাকিদের চেয়ে বেশি রয়েছে। সেই কাজটাই করে দেখালেন ভারতীয় অধিনায়ক। এএফসি এশিয়ান কাপের আগে মণিপুরে তাদের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট জিততে পেরে আনন্দিত ভারতীয় দল।
