Cart Total Items (0)

Cart

All Sports
ইগর স্টিমাচ

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ফুটবল দল, এই নিয়ে দ্বিতীয়বার এশিয়ান গেমসে খেলার সুযোগ নাও পেতে পারে। এ বছর সাফ চ্যাম্পিয়নশিপে ভারত জেতার পরেও দলকে এমন পরিস্থিতির স্বীকার হতে হবে তা ভাবেনি কেউ। তবে এবার এ প্রসঙ্গে সরব হলেন দলের প্রধান কোচ ইগর স্টিমাচ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে এদিন একটি আবেগপ্রবণ টুইট করলেন স্টিমাচ। তিনি তাঁর টুইটে ভারত সরকারকে আর্জি জানান ভারতকে যেন এশিয়ান গেমসে পাঠানো হয়।

ভারতীয় দলকে আপাতত এশিয়ান গেমসে পাঠানোর সম্ভাবনা নেই কারণ বর্তমানে এশিয়ার শীর্ষ আটটি দলের মধ্যে ভারত নেই। আর এই সিদ্ধান্ত ভারতীয় ক্রীড়ামন্ত্রকেরই নেওয়া। তবে ভারত সরকার চাইলেই ভারতীয় ফুটবল দলের জন্য এই নিয়মকে শিথিল করতে পারে। স্টিমাচ সেই বিষয়টিকে নিয়েই সরকারের কাছে ব্যক্তিগত অনুরোধ জানিয়েছেন।

তিনি টুইটে লেখেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি এবং মাননীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর-এর কাছে বিনীত আবেদন এবং অনুরোধ, দয়া করে আমাদের ফুটবল দলকে এশিয়ান গেমসে অংশগ্রহণের জন্য অনুমতি দেওয়া হোক। আমরা দেশের জন্য লড়ব এবং তিরঙ্গার মান রাখব।’’

টুইটে একটি দীর্ঘ নোটে তিনি লেখেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি, আমি নিশ্চিত নই যে আসন্ন এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের খেলা সম্পর্কে কেউ আপনাকে অবগত করবে কি না, যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল খেলা “ফুটবল” খেলায় ভারতীয় দল অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হবে।’’

‘‘ভারত ২০১৭-তে অনূর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপের আয়োজন করেছিল এবং নতুন প্রজন্মের খেলোয়াড়দের তৈরিতে প্রচুর বিনিয়োগ করেছিল। আপনি সবসময়ই ভারতের ফিফা বিশ্বকাপে খেলার স্বপ্নকে সমর্থন করেছেন এবং আমি নিশ্চিত যদি আপনি আগেও এভাবে আমাদের সমর্থন করতে থাকেন, তবে আমি নিশ্চিত যে সেই দিন বেশি দূরে নয় যেদিন আমরা সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে অংশগ্রহণ করব। জাতীয় দল হিসেবে আমরা গত চার বছরে অত্যন্ত কঠোর পরিশ্রম করেছি এবং কিছু দুর্দান্ত ফলাফলও করেছি যা প্রমাণ করে যে সমস্ত স্টেকহোল্ডারদের কাছ থেকে সমর্থন পেলে আমরা আরও বেশি ভাল করতে পারি৷ আপনার সাম্প্রতিক ফ্রান্স সফরে ফুটবল এবং এমবাপে সম্পর্কে আপনার বক্তৃতাও সমস্ত ভারতীয়কে স্পর্শ করেছে যা ভারতীয় ফুটবল স্বপ্ন দেখায়,’’ লেখেন স্টিমাচ।

‘‘আমি আপনার  নজরে আনতে চাই যে ২০১৭ থেকে আমাদের অনূর্ধ্ব-১৭ দল, যেটি অনূর্ধ্ব-২৩ বিশ্বকাপ বাছাই পর্বেও দুর্দান্ত পারফর্ম্যান্স করেছে এবং একটি অত্যন্ত প্রতিভাবান দল, এখন এশিয়ান গেমসে অংশগ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে। এই দলের সত্যিই অংশগ্রহণের প্রয়োজন এবং প্রাপ্য। যে কারণগুলি আমি তুলে ধরলাম ভারতের জাতীয় দলের কোচ হিসাবে, আমি অনুভব করেছি যে অবিলম্বে বিষয়টি আপনার এবং মাননীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের জানা জরুরি। যাতে আপনি হস্তক্ষেপ করে সাহায্য করতে পারেন আমাদের দলকে এশিয়ান গেমসে অংশগ্রহণ করার জন্য। দলের খেলার জন্য এক বিলিয়ন ভারতীয়দের আশা ও প্রার্থনা রয়েছে। আমাদের সরকারের নিজস্ব নিয়মেই আমরা আটকে যাচ্ছি। অথচ সত্যি হল আমাদের ফুটবল দল এশিয়ান গেমসে অংশগ্রহণকারি অন্যান্য স্পোর্টস টিমের তুলনায় ভাল র‌্যাঙ্ক-এ রয়েছে। এছাড়াও, ইতিহাস এবং পরিসংখ্যান এই সত্যের প্রমাণ দেয় যে ফুটবল এমন একটি খেলা যেখানে একটি নিম্ন- র‌্যাঙ্কের দল শীর্ষ- র‌্যাঙ্কের দলগুলিকে পরাজিত করার সুযোগ পায়,’’ লেখেন কোচ।

২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চিনের হ্যাংঝৌতে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে। ফুটবল দলগুলির প্রতিযোগিতা শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *