অলস্পোর্ট ডেস্ক: শুক্রবার ভারতীয় পুরুষ সিনিয়র ফুটবল দল পাবে তাদের নতুন কোচ। সবঠিকঠাক চলে জাতীয় কোচের ভূমিকায় দেখা যাবে জামশেদপুর এফসির দায়িত্বে থাকা খালিদ জামিলকে। আর তাঁর প্রথম পরীক্ষা কাফা নেশনস কাপে। মালয়েশিয়া ওই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় ভারতীয় ফুটবল ফেডারেশন আগ্রহ প্রকাশ করেছে সংগঠকদের কাছে, ভারতীয় দলকে খেলার সুযোগ দিতে। সংগঠকদের থেকে পাকাপাকি ভাবে অংশগ্রহণের সম্মতিলাভের অপেক্ষায় আছে ভারত।
তবে যেটুকু জানা গেছে, তাতে ২৯ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর উজবেকিস্তান ও তাজিকিস্তানে অনুষ্ঠেয় কাফা নেশনস কাপে ভারতকে খেলতে দেখা যাবে। টুর্নামেন্টের গ্রুপ বি-তে আয়োজক তাজিকিস্তান, ইরান ও আফগানিস্তানের সঙ্গে ছিল মালয়োশিয়া। এখন সে জায়গায় ঢুকবে ভারত। গ্রুপ এ-তে আছে উজবেকিস্তান, কিরঘিজস্তান, তুর্কমেনিস্তান, ও ওমান। দুটি গ্রুপের বিজয়ী দল খেলবে ফাইনালে। আর গ্রুপের দ্বিতীয় স্থানাধিকারী দুটি দল মুখোমুখি হবে তৃতীয় ও চতুর্থ স্থান নির্ণয়ের লড়াইয়ে।
ভারত খেললে তাদের প্রথম প্রতিপক্ষ হবে তাজিকিস্তান( ২৯ আগস্ট)। পরের দুটি ম্যাচ ইরান ( ১ সেপ্টেম্বর) ও আফগানিস্তানের ( ৪ সেপ্টম্বর) বিপক্ষে। ফাইনাল ও তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণের ম্যাচ ৮ সেপ্টেম্বর।
কাফা কাপটা ভারতীয় ফুটবল দলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ এটা জাতীয় দলের নতুন কোচকে অক্টোবরে সিঙ্গাপুরের বিরুদ্ধে ভারতীয় দলের প্রস্ততি নিতে সাহায্য করবে। কোথায় কোথায় ঘাটতি তা জেনে নেওয়ার সুযোগ করে দেবে। সেইমতো মেরামতির। এএফসি এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার শেষ সম্ভাবনা জিইয়ে রাখতে সিঙ্গাপুরের বিরুদ্ধে জিততেই হবে ভারতকে। তাই কাফা কাপের শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেললে সুনীলরা নিজেদের বর্তমান অবস্থান বুঝে নিয়ে সিঙ্গাপুর ম্যাচের জন্য তৈরি হতে পারবেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
