PHOTO COURTESY AIFF
ইরান ৩(আমিরহোসেন,আলি, তারেমি) ভারত ০
মুনাল চট্টোপাধ্যায়: হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে কাফা নেশনস কাপের প্রথম ম্যাচে তাজিকিস্তানকে ২-১ গোলে হারিয়ে ভারতীয় ফুটবলপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছিলেন জাতীয় দলের নতুন কোচ খালিদ জামিল ও ভারতীয় ফুটবললাররা। কিন্তু ইরানের সামনে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতেই পুনর্মুষিক ভব। বিশ্বকাপ খেলা ইরানের কাছে ০-৩ গোলে হার ভারতের। এটাই আসল পার্থক্য ইরানের সঙ্গে ভারতের। তার মাঝে ভারতীয় দলের একটাই প্রাপ্তি, ৫৯ মিনিট পর্যন্ত গোল না খেয়ে ইরানকে আটকে রাখা, ৩ গোলের বেশি হারের ব্যবধান বাড়তে না দেওয়া।
ফিফা ক্রমতালিকায় ইরানের স্থান ২০। সেখানে ভারত ১৩৩। কাগজে কলমে অসম লড়াই বললে ভুল হবে না। কিন্তু বিনা লড়াইয়ে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ ছিলেন খালিদ জামিদের ফুটবলাররা। তাজিকিস্তানের বিরুদ্ধে ২-১ গোলে আত্মবিশ্বাস বাড়লেও, ইরানের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়তি সাহস দেখানোর ঝুঁকি নেননি ভারতীয় দলের কোচ খালিদ। রক্ষণ সংগঠন জমাট রেখে ৪-৩-৩ ছকে প্রতিআক্রমণ নির্ভর ফুটবলের ইরানের প্রথম ৪৫ মিনিট আটকে দেওয়াটা বেশ কৃতিত্বের।
খালিদ জামিলের খেলানোর কৌশলের এটাই বিশেষত্ব। প্রতিপক্ষ বুঝে তিনি রণনীতি ঠিক করেন। তাঁর জানাই ছিল, ইরানের বিরুদ্ধে খোলামেলা খেলার অর্থ আত্মহত্যার সামিল। তাই তাজিকিস্তানের বিরুদ্ধে খেলা দলটাই মূলত ধরে রেখে ইরানকে সামাল দেওয়ার পথে হাঁটেন। প্রশংসা করতে হবে ভারতীয় দলের চার ব্যাক রাহুল বেকে, আনোয়ার আলি, সন্দেশ ঝিঙ্গান ও মহম্মদ উভেসের। একইসঙ্গে মাঝমাঠের ফুটবলারদের। ইরানের ফুটবলাররা বারবার আক্রমণ তুলে আনলেও ভারতীয় রক্ষণের চক্রব্যুহ ভেদ করে গোলের ক্লিয়ার চান্স প্রথমার্ধে সেভাবে পাননি। যেকটা শট গোল লক্ষ্য করে নিতে পেরেছিলেন ইরানের ফুটবলাররা, তা ভারতীয় দলের গোলকিপার গুরপ্রীতের বিশ্বস্ত হাতে জমা পড়েছিল।
কিন্তু খালিদ হঠাৎ ৫২ মিনিটে চিঙ্গলেসানাকে নামিয়ে ৫-৪-১ ছকে চলে গিয়ে নিজের দলের শেপ ও শৃঙ্খলা কেন নষ্ট করলেন, সেটা দুর্বোধ্য? তার খেসারত দিয়ে ৬০ মিনিটে গোল হজম করে ভারত। সম্ভবত হঠাৎ কৌশল বদলের সঙ্গে মানাতে পারেনি ভারতীয় রক্ষণ। তাতেই জাদেগানের ভাসানো বল বক্সের মাঝে বেকে হেড দিতে উঠে মিস করলে, বল আমিরহোসেমির পায়ে পড়লে, তিনি গোলে ঠেলতে ভুল করেননি।
দ্রুত নিজের ভুল বুঝতে পেরে মহেশ, জিতিন, ছাংতেকে নামিয়ে খোলস ছেড়ে খানিকটা সাহস দেখিয়ে আক্রমণাত্মক খেলার পথে হেঁটেছিলেন খালিদ। ইরান তো এটাই চেয়েছিল। যতই জিতিন, মহেশ, ছাংতেরা চনমনে ভাব দেখান না কেন, ধৈর্য ধরে গোলের জন্য অপেক্ষা করে থাকা ইরান রক্ষণের ফাঁক খুঁজে নিয়ে ৮৯ মিনিটে দ্বিতীয় গোল পেয়ে যায়। তারেমির বাড়ানোর বল জাহানবক্সের কাছে গেলে, তিনি গোলে শট নিয়েছিলেন। গুরপ্রীত আংশিক প্রতিহত করেছিলেন সেই শট। আলগা বল চলে যায় জাহানবক্সের কাছে। তাঁর শট পোস্টে লেগে ফেরার মুখে জালের ভেতর পাঠান আলি।
একবার লকগেট খুলে গেলে যা হয়। ৯৬ মিনিটে জাহানবক্সের থ্রু থেকে বল পেয়ে ইন্টার মিলান ফরোয়ার্ড তারেমি ভারতীয় গোলকিপার গুরপ্রীতের পাশ দিয়ে গোলে পাঠিয়ে ৩-০ করেন।
৪ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। গ্রুপে দ্বিতীয় স্থান নিশ্চিত করতে ম্যাচ জিততে ঝাঁপাতে হবে খালিদের দলকে।
ভারত: গুরপ্রীত, বেকে, আনোয়ার, সন্দেশ, উভেস, নিখিল(মহেশ), সুরেশ(চিঙ্গলেসানা), দানিশ(জিকসন), আশিক, বিক্রমপ্রতাপ (ছাংতে ) ইরফান(জিতিন)।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
