Cart Total Items (0)

Cart

All Sports India
ইগর স্টিমাচ

অলস্পোর্ট ডেস্ক: সোমবার ভারতীয় ফুটবল দলের প্রধান কোচ ইগর স্টিমাচ বলেছেন যে ভারতীয় ফুটবল দল ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে পৌঁছতে ব্যর্থ হলে তিনি পদত্যাগ করবেন। স্টিমাচের কাছে বিশ্বকাপ বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে পৌঁছনো এবং ২০২৭ এএফসি এশিয়ান কাপে সরাসরি প্রবেশ নিশ্চিত করতে মরিয়া। “আমি যদি ভারতকে তৃতীয় রাউন্ডে না নিয়ে যাই তবে আমি আমার গর্বের সঙ্গে, এখানে পাঁচ বছরের কাজের সবকিছুর জন্য আমার সম্মানের সঙ্গে চলে যাব। আমি আমার জায়গা অন্য কারও জন্য ছেড়ে দেব,” স্টিম্যাচ গুয়াহাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের হোম ম্যাচের আগের দিন বলেন। বোঝাই যাচ্ছে সব কিছু নিয়ে বেশ বিরক্ত তিনি।

ভারত এখনও তৃতীয় রাউন্ডে যেতে পারে তবে গত সপ্তাহে আফগানিস্তানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে গোলশূন্য ড্র করার পর কাজটি অনেক কঠিন হয়ে গিয়েছে, যেখান থেকে তারা মাত্র এক পয়েন্টই আনতে পেরেছে।

ব্লু টাইগাররা বর্তমানে তিনটি ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে, কুয়েতের চেয়ে এক পয়েন্ট এগিয়ে। ভারত এর আগে কখনও বাছাইপর্বের তৃতীয় স্থানে উঠতে পারেনি।

স্টিম্যাচ, যিনি ২০১৯ থেকে দলের দায়িত্বে রয়েছে, গত বছর তাঁর  চুক্তির মেয়াদও বৃদ্ধি করা হয়েছে, যাতে ২০২৬-এর জুন পর্যন্ত তাঁর দায়িত্বে থাকার কথা। তবে এদিন তিনি যে বার্তা দিয়েছেন তা ভারতীয় দলের উপর চাপ সৃষ্টি করার জন্য যথেষ্ট।

স্টিম্যাচ বড় টুর্নামেন্টের আগে জাতীয় দলের জন্য দীর্ঘ প্রস্তুতি শিবিরের কথা বার বার বলে এসেছেন। তিনি আবারও সেই কথা মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেন, যখনই একটি দীর্ঘ প্রস্তুতি শিবির করা হয়েছে, ফল ভাল হয়েছে।

“আমার চার বছরে আমাদের তিনটি দীর্ঘ ক্যাম্প হয়েছে। একটি ছিল পাঁচ বছর আগে ওমান এবং কাতারের বিপক্ষে খেলার আগে, আপনার মনে আছে দলটি সেই সময় কতটা ভাল খেলেছিল। দ্বিতীয়টি ছিল কলকাতায় এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের জন্য, দল দারুণ খেলেছিল। তিনটি ম্যাচের তিনটিতেই জিতেছিল। ৮-১-এর গোল পার্থক্য ছিল। তৃতীয় দীর্ঘ ক্যাম্প গত বছর ছিল টুর্নামেন্টের আগে যা আমরা দুর্দান্ত খেলেছি, লড়াই দেখতে পাচ্ছিলাম এবং সবাই জানত তাদের কী করতে হবে।”

তিনি আইএসএলে নতুন স্ট্রাইকারের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ইন্ডিয়ান সুপার লিগে এই পজিশনের বেশিরভাগ খেলোয়াড়ই বিদেশী। তিনি বলেন, “স্কোরিং সমস্যা পাঁচ বছর ধরে আমাদের তাড়া করছে, আমি এখানে আসার আগেও স্কোরিং সমস্যা আমাদের ছিল। আমি বলেছি যে বিদেশী খেলোয়াড়রা স্কোরিং পজিশন দখল করে রেখেছে এবং এটি আমাদের ক্ষতি করছে। এটা তাদের জন্য সহজ নয় কারণ সুনীল ছাড়া বেশিরভাগই এই মরসুমে ক্লাবে তাদের জায়গায় খেলছে না।”

স্টিম্যাচ আরও বলেছেন যে এএফসি এশিয়ান কাপে হতাশাজনক অভিযান থেকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা নেওয়া হয়েছে, যেখানে ভারত তিনটি ম্যাচ হেরেছে। “আমাদের  বোকার মতো ভুলগুলো কমাতে হবে। উজবেকিস্তানের বিপক্ষে খেলায় আমরা ম্যাচটি ভালোভাবে নিয়ন্ত্রণ করেছিলাম কিন্তু আমরা যে ভুলগুলো করেছি, তার কারণে তারা আটকে দিয়েছে। প্রতিপক্ষের ভুলকে কাজে লাগাতে হবে, যেটা আমাদের শিখতে হবে।”

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *