Cart Total Items (0)

Cart

All Sports India
কিংস কাপ

অলস্পোর্ট ডেস্ক: রবিবার এশিয়ান গেমস ২০২৩-এ প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর লড়াইয়ে সফল ভারতীয় ফুটবল দল। শেষ ১৬-তে নিজেদের জায়গা পাকা করে নিলেন সুনীলরা। যদিও মায়ানমারের বিরুদ্ধে এদিনের ম্যাচ ড্র হয়। প্রথমার্ধে, পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন সুনীল ছেত্রী। কিন্তু, দ্বিতীয়ার্ধে মায়ানমারের কিয়াও একটি গোল করে ম্যাচে সমতা ফেরান। ১-১ গোলে ম্যাচ ড্র হয়, এবং শেষ হয় গ্রুপ পর্বের খেলা। প্রি-কোয়ার্টারে ভারতের প্রতিপক্ষ শক্তিশালী সৌদি আরব।

ইতিমধ্যেই গ্রুপ থেকে শেষ ১৬-তে পৌঁছে গিয়েছে আয়োজক দেশ চিন। এদিন দ্বিতীয় দল হিসেবে গ্রুপ থেকে পরের রাউন্ডে ওঠার লড়াই ছিল ভারত ও মায়ানমারের মধ্যে। ফলে, নক আউট ম্যাচ খেলতে নেমে বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলে দু’দলের মধ্যে। প্রথমার্ধের ২৩ মিনিটে পেনাল্টি পায় ভারত। পেনাল্টিকে কাজে লাগিয়ে নিখুঁত শটে গোল করেন দলের অধিনায়ক সুনীল ছেত্রী। তবে একটি গোল নিয়ে এগিয়ে যাওয়ার পর থেকে চেষ্টা করেও আর দ্বিতীয়বারের জন্য গোল করতে পারেনি ভারত। অন্যদিকে ম্যাচে সমতা ফেরাতে লড়াই শুরু করে মায়ানমার।

দ্বিতীয়ার্ধের শুরুতে একটি ভাল সুযোগ পেয়েছিল ভারত গোল করার। গুরকিরত ঢুকে পড়েন মায়ানমারের বক্সে। সামনে শুধু গোলকিপার ছিলেন। কিন্তু সরাসরি তাঁর শট জমা হয় গোলকিপারের হাতে। ফলে গোল করা থেকে ব্যর্থ হন তিনি। ৭৪ মিনিটের মাথায়, মায়ানমারের হয়ে গোল করেন নামা কিয়াও। এরপর দু’দলের আর কেউই দ্বিতীয়বারের জন্য গোল করতে সক্ষম হয়নি। ফলে ম্যাচ ড্র হয়ে যায়।

কিন্তু ম্যাচ ড্র হলেও গোল পার্থক্যে এগিয়ে থাকার ফলে পরের রাউন্ডে চলে যায় ভারত। তবে প্রি-কোয়ার্টার ফাইনালে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নামতে হবে ভারতীয় ফুটবল দলকে। বিশ্বকাপে খেলা অভিজ্ঞ সৌদি আরবের বিরুদ্ধে খেলবেন সুনীলরা।

অন্যদিকে রবিবার থাইল্যান্ডের কাছে ০-১ গোলে হেরে এশিয়ান গেমসের নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ভারতীয় মহিলা ফুটবল দল। ভারতীয় দল সাহসিকতার সঙ্গে লড়াই করলেও থংরং পারিচ্যাটের ৫২ মিনিটের গোলটি থাইল্যান্ডকে তাদের গ্রুপ বি ম্যাচে বিজয়ী হতে সাহায্য করে। ভারত তাদের এশিয়ান গেমসের উদ্বোধনী ম্যাচে চাইনিজ তাইপের কাছে ১-২ গোলে হেরে গিয়েছিল। থাইল্যান্ডের বিপক্ষে পরাজয়ের ফলে তাদের দ্বিতীয় স্থানে থাকা তিনটি দলের মধ্যে শেষ করার সম্ভাবনাও শেষ হয়ে গিয়েছে, যারা পাঁচটি গ্রুপ থেকে সেরা পাঁচটি দলের সঙ্গে নকআউটে যাবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *