Cart Total Items (0)

Cart

All Sports
ইগর স্টিমাচ

অলস্পোর্ট ডেস্ক: এশিয়ান গেমস-এর উদ্দেশে রবিবার চিনে পাড়ি  দিল ভারতীয় ফুটবল দল। কিন্তু সবাই যেতে পারলেন না। কারণ শনিবার গভীর রাত পর্যন্ত ১২ জন ফুটবলারের এশিয়ান গেমসের যাওয়ার ছাড়পত্র মেলেনি। তাঁরা কবে, কীভাবে যাবেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে। প্রথমত, এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দলের অংশগ্রহণে কেন্দ্রীয় সরকার অনুমতি দেয়নি, পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে টুর্নামেন্টে যাওয়ার ছাড়পত্র পাওয়া গেলেও সমস্যা তৈরি হয় দল গড়তে গিয়ে। ফুটবল ক্লাবগুলি ফুটবলার ছাড়তে রাজি হয় না। গত বুধবার এআইএফএফ যে তালিকা প্রকাশ করেছিল, তাতে সুনীল ছাড়া আর কোনও তারকা ফুটবলারের নাম ছিল না। সমস্যা মেটাতে ফেডারেশন সভাপতি সমস্ত ক্লাবের কর্ণধারদের সঙ্গে আলোচনায় বসেন। শেষ পর্যন্ত ফুটবলার ছাড়ে ক্লাব।

শেষ মুহূর্তে সন্দেশ জিঙ্ঘনদের নিয়ে আবার নতুন দল ঘোষণা করা হয়। কিন্তু সমস্যা হয় এখানেই। নতুন গঠিত দলের মধ্যে ‌১২ জন ফুটবলারের চিন সফর সমস্যায় পড়ে যায়। কারণ হিসাবে ফেডারেশনের সভাপতি বলেন, ‘‘ফুটবলারদের নাম পাঠানোর শেষ তারিখ ছিল ৩১ জুলাই। যাঁরা অ্যাক্রিডিটেশন কার্ড পেয়ে গিয়েছেন, তাঁদের কোনও সমস্যা নেই। কিন্তু যাঁরা পাননি, তাঁদের ই-অ্যাক্রিডিটেশন থাকতে হবে। না হলে হ্যাংঝৌতে এশিয়ান গেমসের ভিলেজে প্রবেশ করতে পারবেন না তাঁরা। এই ১২ জনের ই-অ্যাক্রিডিটেশন এখনও আসেনি।’’

যারা এদিন চিনের উদ্দেশে রওনা দিচ্ছেন তাদের রাত ১০টায় দিল্লি থেকে হংকংয়ের ফ্লাইট রয়েছে। হংকংয়ে গিয়ে সেখান থেকে আবার বিমান বদলে হ্যাংঝাৌ পৌঁছাতে সোমবার বিকেল ৫টা। অর্থাৎ, চিনের বিরুদ্ধে বিনা প্রস্তুতিতে নামবে ভারত। যার ফলে, ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচের মুখে হতাশা ও বিরক্তির ছাপ স্পষ্ট। তিনি এদিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, চিনের বিরুদ্ধে প্রথম ম্যাচে সুনীল ছেত্রী এবং সন্দেশ জিঙ্ঘনকে খেলাবেন না তিনি।

চিনে রওনার পূর্বে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। কোচ স্টিমাচ ব‌লেন, ‘‘আমি চিনের ম্যাচ নিয়ে ভাবছি না। সন্দেশ এবং সুনীলকে দেখতে না পেলে অবাক হবেন না। ওদের প্রথম ম্যাচে খেলাতে চাই না। আমি বাংলাদেশ এবং মায়ানমার ম্যাচ নিয়ে ভাবছি।”

চিন শক্তিশালী ফুটবল দল নিয়ে তিনি বলেন, “এই চিন দল অনেকদিন ধরে খেলছে। সম্প্রতি বেশ কয়েকটি শক্তিশালী দলকে হারিয়েছে তাঁরা। ওরা ৪-৪-২ ছকে খেলে। স্ট্রাইকারটি দুর্দান্ত। এই দলের জন্যে ওরা অনেক খেটেছে। আমাদের নিজেদেরটা ভাবতে হবে যে এই ম্যাচের জন্য সেরাটা দেব নাকি পরের ম্যাচের জন্য তুলে রাখব।’’

খেলোয়াড়দের প্রস্তুতির অভাব নিয়ে হতাশ তিনি। তিনি এও জানান, অনেক প্লেয়ারদের সঙ্গে তিনি হয়তো প্রথমবার আলাপই করবেন বিমানে। তাদের সঙ্গে বিমানেই টুর্নামেন্টের আলোচনা সারবেন কোচ। স্টিমাচের কথায়, ‘‘শুরু থেকে প্রস্তুতি শিবিরের জন্য দাবি করে আসছিলাম। অবশেষে ম্যাচের আগে সব ফুটবলারকে পেয়েছি। এতেই আমাদের খুশি হওয়া উচিত, তাই না। আমি তো দলের জন্যেই সব চেয়েছিলাম। নিজের জন্য নয়।’’

যে দল গঠন হয়েছে তাতে যে খুব একটা ভাল কিছু করা সম্ভব নয় তা স্টিমাচের কথাতে পরিষ্কার। দলের একাধিক পজিশনে সঠিক ফুটবলারের অভাব রয়েছে বলে তিনি মনে করেন। তিনি বলেছেন, “হয়তো গ্রুপ থেকে পরের পর্বে যাব। কিন্তু ভাগ্যের সাহায্য দরকার। ছেলেদের সেরা দিয়ে ফুটবল খেলতে হবে। এরকম পরিস্থিতিতে এর চেয়ে বেশি কিছু আমি আশা রাখছি না।’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *