অলস্পোর্ট ডেস্ক: বুধবারই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এশিয়ান গেমসে খেলতে পারবে ভারতীয় ফুটবল দল। আর বৃহস্পতিবারই ঘোষণা হলে গেল এশিয়ান গেমসের গ্রুপ । ভারতীয় পুরুষ ফুটবল দলের গ্রুপে রয়েছে চিন, বাংলাদেশ এবং মায়ানমার। তুলনামূলকভাবে সহজ গ্রুপ এ-তে রয়েছে ভারত। যেখানে মহিলাদের গ্রুপ বি-তে প্রতিপক্ষ থাইল্যান্ড এবং চাইনিজ তাইপেই। বৃহস্পতিবার হ্যাংঝৌতে গ্রুপের ড্র। একই সঙ্গে ঘোষণা হল বিশ্বকাপের যোগ্যতা পর্বের গ্রুপও। ২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রাথমিক যোগ্যতা অর্জন পর্বে (এশিয়া) ভারতের সঙ্গে গ্রুপ এ-তে রয়েছে কাতার, কুয়েত এবং আফগানিস্তান ও মঙ্গোলিয়া ম্যাচের জয়ী দল।
এশিয়ান গেমসে পুরুষদের প্রতিযোগিতায় ছ’টি গ্রুপ রয়েছে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দু’টি দল এবং চারটি সেরা তৃতীয় স্থান অধিকারী দল রাউন্ড অফ ১৬-তে যাবে। মহিলাদের প্রতিযোগিতার ক্ষেত্রে, প্রতিটি গ্রুপের শীর্ষ দল এবং তিনটি সেরা দ্বিতীয় স্থান অধিকারী দল কোয়ার্টার ফাইনালে উঠবে।
ভারত এশিয়ান গেমসে পুরুষদের ফুটবলে সাফল্য পেয়েছিল ১৯৫১ সালের উদ্বোধনী সংস্করণে। যেখানে ভারত সোনা জিতেছিল এবং ১৯৬২-তে শেষবারের মতো সেই সাফল্যের পুনরাবৃত্তি ঘটেছিল।
ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ) এর আগে এশিয়ার সেরা আটে না থাকার কারণে গেমসের জন্য ভারতীয় ফুটবল দলগুলিকে ছাড়পত্র দেয়নি। এর পর আসরে নামে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়ে জাতীয় সিনিয়র দলের প্রধান কোচ ইগর স্টিমাচ আবেদন জানান। সসঙ্গে উভয় পক্ষকে মর্যাদাপূর্ণ ইভেন্টে অংশ নেওয়ার অনুমতি দেওয়ার জন্য ক্রীড়া মন্ত্রকের কাছেও আবেদন জানান তিনি।
২০০২ থেকে, এশিয়ান গেমসে ফুটবল অনূর্ধ্ব-২৩ করে দেওয়া হয়েছে। যেখানে তার থেকে বেশি বয়সের তিনজন খেলোয়াড়ই দলে থাকতে পারবে। গেমের এই সংস্করণে ২৪ বছর বয়সী খেলোয়াড়রাও খেলার যোগ্য কারণ গত বছর চিনে নতুন করে কোভিড-১৯ বেড়ে যাওয়ায় গেমস স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গত বছর যাঁরা ২৩ অনূর্ধ্ব ছিল তাঁরা এই বছর ২৪-এ পা দিয়েছেন। সেকারণেই এই সিদ্ধান্ত।
সিনিয়রদের মধ্যে ভারতীয় দলে রাখা হচ্ছে অভিজ্ঞ স্ট্রাইকার সুনীল ছেত্রী, প্রথম পছন্দের গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু এবং তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গনকে। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে ভারতীয় দল সহজেই প্রতিপক্ষকে মাত দিতে পারবে এবং পরের পর্বে পৌঁছতে পারবে বলেই মনে করা হচ্ছে।
পুরুষদের গ্রুপে ভারতের থেকে র্যাঙ্কিংয়ে নিচের দিকে থাকা মায়ানমার এবং বাংলাদেশের সঙ্গে ভারতের লড়াই সহজ হলেও চিন যে কঠিন প্রতিপক্ষ তা নিয়ে কোনও সংশয় নেই। অন্যদিকে মহিলাদের গ্রুপ দেখেও মনে করা হচ্ছে তারাও পরের পর্বে পৌঁছবে।
২০২২ এশিয়ান গেমসের জন্য, জন্ম তারিখ ১ জানুয়ারি, ১৯৯৯ ছিল এবং এটাই থাকবে এই বছরের জন্য। আয়োজকরা গত ফেব্রুয়ারিতে এই সিদ্ধান্ত নেয়। এছাড়াও মেগা ইভেন্টের ফুটবল প্রতিযোগিতায় তিনজন বেশি বয়সী খেলোয়াড় খেলতে পারবেন।
ভারতীয় পুরুষ দল বর্তমানে এশিয়ান ফুটবল কনফেডারেশনের অধীনে থাকা দেশগুলির মধ্যে ১৮তম স্থানে রয়েছে যেখানে মহিলাদের দল রয়েছে ১১তম স্থানে। ভারতীয় পুরুষ দল ফিফা র্যাঙ্কিংয়ে সাব-১০০ ক্লাবে আবারও জায়গা করে নিয়েছে। ভারতীয় দল লেবানন এবং কুয়েতের বিরুদ্ধে খেলে সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে। এই বছর এছাড়া ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে। এছাড়া কিরগিজস্তান এবং মায়ানমার সমন্বিত ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টও জিতেছে ভারত।
এদিকে অলিম্পিক কোয়ালিফায়ার রাউন্ড ১-এ কিরগিজস্তানকে দু’বার পরাজিত করে মহিলা দলও ভাল জায়গায় রয়েছে। এশিয়ান গেমস ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে। ফুটবল ইভেন্ট শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। গেমসের শেষ দিনই হবে ফাইনাল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
