Cart Total Items (0)

Cart

All Sports
এশিয়ান গেমস ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার এশিয়ান গেমস ২০২৩-এ ভারতীয় ফুটবল দলের যাত্রা শেষ হল। প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচে শক্তিশালী সৌদি আরবের কাছে ০-২ গোলে হার মানলেন সুনীল ছেত্রীরা। সৌদি প্রো লিগে রোনাল্ডোর সতীর্থ মহম্মদ খালিল মারানের ৫১ ও ৫৭ মিনিটের জোড়া গোলেই ম্যাচের ফল হয়ে যায়। তারপর আর চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি ভারত।

তবে, ইগর স্টিম্যাচের বাহিনী বিনা লড়াইয়ে মাঠ ছাড়েনি, দলের গেমসে আসা নিয়ে অনিশ্চয়তা থেকে শুরু করে আইএসএল আয়োজকরা ফুটবলার ছাড়তে দেরি করা, সেইসব ধোঁয়াশা কাটিয়ে শেষ পর্যন্ত হ্যাংঝৌ ইভেন্টে পৌঁছানো এবং প্রি-কোয়ার্টার ফাইনাল অবধি যাওয়া অনেক বড় ব্যাপার ছি‌ল। এতকিছুর পরেও তাঁরা যেভাবে লড়ে নিজেদের সেরা পারফর্ম্যান্স দিয়েছেন, তাতে গর্বিত হওয়ার কথা সারা ভারতের।

অবশ্য সৌদি আরবের বিরুদ্ধে জয়ের আশা কমই ছিল। কিন্তু ম্যাচের প্রথম ৪৫ মিনিটের জন্য বিরোধী দলকে গোলশূন্য অবস্থায় রাখা একটি প্রশংসনীয় প্রচেষ্টা ছিল ভারতের। তবে সৌদির গতির সঙ্গে এদি‌ন পেরে ওঠেনি ভারত। শক্তিশালী প্রতিপক্ষ দলের আক্রমণ থামাতে ডিফেন্সে বেশি ফুটবলার নিয়ে খেলছিল ভারত। ডিফেন্সে সন্দেশ জিঙ্ঘন সবচেয়ে ভাল ছিলেন। তবে, ভারতের পরিকল্পনা বুঝে ফাইনাল থার্ডে আক্রমণ বাড়াতে থাকে সৌদি আরব। দূরপাল্লার শটে গোল করার চেষ্টা চলে সৌদির তরফে। ভারতের গোলপোস্টের নীচে ছিলেন ধীরজ সিং, যিনি সামলে নিচ্ছিলেন ধাক্কাগুলি।

ছ’মিনিটের মাথায় হাইতাম আসিরি ভারতের পেনাল্টি বক্সে ঢুকে পড়লেও সেই প্রচেষ্টা বাঁচিয়ে দেন ধীরজ। এরপর ১৪ মিনিটে ভারত প্রথম শট নেয় গোলে। তিন ডিফেন্ডার আশেপাশে থাকা সত্ত্বেও ফাঁক খুঁজে গোলে শট নেন সুনীল। কিন্তু তা জমা হয় সৌদি গোলরক্ষকের হাতে। ফলে গোলের মুখ খোলার সুবর্ণ সুযোগ থাকলেও তা সম্ভব হ‌য়নি। ২২ মিনিটের মাথায় সৌদির মুসাব আল জুবেরের শট বারে লাগে। বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন মুসাব। বল বারে লাগার পর অবশ্য ফিরতি বল ক্লিয়ার করেন ভারতের ডিফেন্ডাররা। প্রথমার্ধের বাকি সময় সৌদি আরবের আক্রমণ থামাতেই কেটে যায় ভারতের। পুরো দলকেই একযোগে রক্ষণ সামলাতে হয়।

দ্বিতীয়ার্ধে সৌদি আর কোনওরকম সুযোগ দেয়নি ভারতকে। ৫১ মিনিটে প্রথম গোলটি করে ফেলেন খলিল। ডান দিকে মহম্মদ আবু আল সহমতের থেকে ভারতের বক্সে বল পান খলিল মারান এবং সহজেই বল জালে জড়িয়ে দেন। এর ছ’মিনিট পরেই আবার দ্বিতীয় গোল করেন তিনি। তাঁর গোল ভারতীয় শিবিরে হতাশা নিয়ে আসে। শেষ পর্যন্ত গোলশূন্য অবস্থাতেই মাঠ ছাড়তে হয় ভারতীয় দলকে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *