Cart Total Items (0)

Cart

All Sports India
সুনীল ছেত্রী

অলস্পোর্ট ডেস্ক: না শেষরক্ষা হল না। অ্যাওয়ে ম্যাচে তাও গোলশূন্য ড্র করে ফিরেছিল ভারতীয় ফুটবল দল। কিন্তু ঘরের মাঠে হারের মুখ দেখতে হল তাদের। বিশ্বকাপের এশিয়া গ্রুপের যোগ্যতা ও এশিয়ান কাপের যুগ্ম যোগ্যতা নির্ণায়ক ম্যাচ থেকে ভারতের কপালে জুটল মাত্র এক পয়েন্ট। যা পরের পর্বে যাওয়ার জন্য যথেষ্ট নয়। ভারত মঙ্গলবার তাদের হোম ম্যাচ খেলতে নেমেছিল গুয়াহাটিতে। এই ম্যাচের অন্য গুরুত্বও ছিল। কেরিয়ারের ১৫০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন সুনীল ছেত্রী । নিজের রেকর্ড ধরে রাখলেন ভারত অধিনায়ক। ১৫০তম ম্যাচে গোলও করলেন। যেভাবে প্রথম ম্যাচ থেকে সবগুলো মাইলস্টোন ম্যাচেই গোল করেছেন তিনি। যা এই ম্যাচেও ধরে রাখলেন তিনি। কিন্তু বাকি দল সেই লক্ষ্যে ব্যর্থ। জয় তো এলই না বরং হারের মুখ দেখতে হল।

প্রথমে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন সুনীল ছেত্রী, কিন্তু সেই ব্যবধান ধরে রাখতে ব্যর্থ ভারতের রক্ষণভাগ। পর পর দুটো গোল হজম করে হেরেই থামতে হল স্টিমাচের ছেলেদের। গুয়াহাটির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন ভারতের সামনে ছিল কঠিন লড়াই। বিশ্বকাপের যোগ্যতা অর্জনের লড়াইয়ে টিকে থাকতে হলে বড় ব্যবধানে জিততে হত ভারতকে। কিন্তু জয় তো এলই না হেরে সব আশায় জল ঢেলে দিল ভারতের পারফর্মেন্স।

যদিও ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলই খেলছিল ভারত। যার ফল তিন মিনিটেই প্রায় গোলের মুখ খুলে ফেলেছিলেন সুনীল ছেত্রী। কিন্তু আফগানিস্তান গোলেন নিচে তৎপর ছিলেন গোলকিপার। ফিরতি বলে মনবীরের গোলের বদলে বাইরে মারেন। প্রথমার্ধেই পেনাল্টি পেয়ে যায় ভারত। ৩৬ মিনিটের মাথায় বক্সের মধ্যে হ্যান্ডবল করে ভারতকে পেনাল্টি পাইয়ে দেন আমিরি। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি সুনীল ছেত্রী। ১৫০তম ম্যাচের গোলের পাশাপাশি দলের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে এই গোল।

এই নিয়ে সুনীল তাঁর ২৫, ৫০, ৭৫, ১০০, ১২৫ ও ১৫০তম ম্যাচে গোল করে ফেললেন। এই নিয়ে ৯৪টি আন্তর্জাতিক গোল করে ফেললেন তিনি। নিজের রেকর্ডের পাশাপাশি এত বছর ধরে দলকেও সমানভাবে ভরসা দিয়ে আসছেন তিনি। বড্ড বেশি সুনীল নির্ভরতাই যে ভারতীয় ফুটবল দলের সব থেকে বড় সমস্যা তা সব ম্যাচেই প্রকাশ্যে চলে আসে। তবুও তার কোনও প্রতিকার এখনও পাওয়া যায়নি। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নামে ভারত। কিন্তু মনবীরের গোল মিসের পাশাপাশি জোড়া গোল হজম করে বসে।

৭০ মিনিটে ও ৮৮ মিনিটে দুই গোল করে ভারতের থেকে জয় ছিনিয়ে নেয় আফগানিস্তান। ৭০ মিনিটে রহমত আকবরির শট রাহুল ভেকের পায়ে লেগে চলে যায় গোলে। গোলের নিচে গুরপ্রীত সিং সান্ধুর কিছুই করার ছিল না। এর পর অবশ্য গুরপ্রীতের ভুলেই পেনাল্টি পায় আফগানিস্তান। বল আটকাতে গিয়ে বক্সের মধ্যে ফাউল করে প্রতিপক্ষকে পেনাল্টি পাইয়ে দেন গুরপ্রীত। পেনাল্টি থেকে দলের জয়সূচক গোলটি করেন শরিফ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *