Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ সত্যি সেলুকাস কী বিচিত্র এই দেশ!‌ তার থেকে বলা ভাল, কী বিচিত্র এই দেশের ভারতীয় ফুটবল ফেডারেশনের কান্ডকারখানা!‌ এএফসি এশিয়ান কাপের ম্যাচে বুধবার অস্ট্রেলিয়ার মাটিতে বুধবার প্রথম ম্যাচে মুখোমুখি হবেন সঙ্গীতা বাসফোর, মনীষা কল্যানরা ভিয়েতনামের বিরুদ্ধে। লক্ষ্য যেখানে বিশ্বকাপের মূল পর্বে যোগ্যতার্জন ও অলিম্পিক্সে জায়গায় করে নেওয়া, সেখানে ম্যাচ নিয়ে ফোকাস করার বদলে নিজেদের জার্সি নিয়ে সমস্যা সামলাতেই ব্যস্ত ভারতীয় মহিলা ফুটবলাররা। এআইএফএফ এমন সাইজের সব জার্সি পাঠিয়েছে, যা ২৬ জন ফুটবলারের অধিকাংশের গায়েই হচ্ছে না। বাধ্য হয়ে সিনিয়র ফুটবলাররা একসঙ্গে চিঠি লেখে ফেডারেশনকে। তাতে ফেডারেশন জানিয়েছে, আপাতত স্থানীয় বাজার থেকে নতুন জার্সি কিনে পরিস্থিতি সামাল দিতে।

ফেডারেশনের সাফাই, অনুমতি পেতে দেরি হওয়ায় ফুটবলারদের জার্সি অস্ট্রেলিয়া পৌঁছচে এমনিতেই দেরি হয়েছিল। ফলে ঠিকমতো পরীক্ষা করার সুযোগ মেলেনি কোথাও কোনও গলদ আছে কিনা। ফুটবলাররা অস্ট্রেলিয়ার হোটেলে ম্যাচের দু’‌দিন আগে জার্সি হাতে পেয়ে দেখেন, তাঁদের জার্সি সাইজে বেমানান। ছোট বা বড়। তখনই দলের সিনিয়র ফুটবলার মনীষা কল্যান, গ্রেস ডাঙ্গমেই, সঙ্গীতা বাসফোর,পাথোই চানু, সঞ্জু, পিয়ারি শাকা, শ্রেয়া হুডা ভারতীয় ফুটবল ফেডারেশন চিঠি লিখে দ্রুত সমস্যা সমাধানের আবেদন করেন।

ফুটবলাররা লেখেন, ‘‌ গত কয়েকদিন ধরে আমরা খেলোয়াড়রা, কর্মী, স্টাফরা খুব সমস্যার মধ্যে দিয়ে কাটাচ্ছি প্রস্তুতির সময় ঠিকমতো অনুশীলনের পোশাক না থাকায়। তারওপর ম্যাচের ঠিক আগে ভুলভাল প্লেয়িং কিটস এসে পৌঁছানোয় আমাদের মনোবলে একটা বড়সড় ধাক্কা লেগেছে। ফেকাস নড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভিয়েতনামের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার আগে। আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করাটা গর্বের। সেখানে ফেডারেশনের কাছে আরও বেশি পেশাদারিত্ব আশা করে মহিলা ফুটবলাররা। সঠিক প্লেয়িং জার্সি, অনুশীলনের সাজসরঞ্জাম পাওয়ার ব্যাপারে।’‌

এতে টনক নড়েছে ফেডারেশনের। তারা পার্থে এক ইতালিয়ান কোম্পানির সঙ্গে যোগাযোগ করে দু’‌সেট করে মোট ৫৫টি নতুন জার্সির ব্যবস্থা করেছে। ভারতীয়দের চাহিদা মতো হাল্কা নীল ও আর একটি লালচে রংয়ের। ফেডারেশনের এক কর্তা জানিয়েছেন, ‘‌ আমরা ফুটবলারদের জার্সি সমস্যার কথা জানতে পেরে দ্রুত ব্যবস্থা নিয়েছি। আসলে আমাদের কোনও কিট পার্টনার নেই। (‌হাস্যকর অবস্থা ভারতীয় ফুটবল ফেডারেশনের। ভারতীয় দলের জন্য তারা কোনও কিট পার্টনার জোগাড় করতে পারেনি।)‌‌ তাই আমাদের পার্থের বাজার থেকে নতুন জার্সির বন্দোবস্ত করতে হয়েছে, যাতে ম্যাচ খেলতে ও প্র‌্যাকটিসে কোনও সমস্যায় আর না পড়তে হয় ফুটবলারদের।’‌

তবে জার্সি বিভ্রাটের শিকার হয়েও মানসিকভাবে তৈরি মনীষা, সঙ্গীতারা ভিয়েতনামের বিরুদ্ধে ম্যাচ জিততে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *