ছবি:এআইএফএফ
অলস্পোর্ট ডেস্ক: মনীষা, সঙ্গীতারা ২০২৭ ব্রাজিল মহিলা বিশ্বকাপে ও ২০২৮ লস এঞ্জেসল অলিম্পিক্সে খেলার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু তা পূরণ হল না। মঙ্গলবার সিডনির মাঠে গ্রুপের শেষ ম্যাচে চাইনিজ তাইপের কাছে ১-৩ গোলে এএফসি মহিলা এশিয়ান কাপ থেকে বিদায়ে স্বপ্নভঙ্গ হল ভারতীয় মহিলা ফুটবল দলের। অন্য ম্যাচে জাপানের কাছে ০-৪ গোলে ভিয়েতনাম হারলেও ভারতের কোনও লাভ হল না।
উপরন্তু ম্যাচের ৮৩ মিনিটে প্রতিপক্ষ দলের এক প্রচেষ্টা ব্যর্থ করতে গিয়ে শূণ্যে লাফিয়ে বল ক্লিয়ার করতে সংঘর্ষে গুরুতর চোট পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন ভারতীয় দলের গোলকিপার পানথোই চানু ও অধিনায়ক সুইটি দেবী। দু’জনকে স্ট্রেচারে চাপিয়ে মাঠ থেকে বের করে অ্যাম্বুলেন্সে চাপিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে এই দুই ফুটবলারের শারীরিক অবস্থা নিয়ে নতুন কোনও খবর দেওয়া হয়নি।
কোয়ার্টারফাইনালে যেতে ভারতের শেষ ম্যাচে চাইনিজ তাইপেকে ২ গোলের ব্যবধানে হারাতেই হত। সেই লক্ষ্যে আক্রমণাত্মক ফুটবল খেলে চাইনিজ তাইপের ওপর চাপ তৈরিও করেছিলেন মনীষারা। কিন্তু ১২ মিনিটে নিজেরা মারাত্মক ভুল করে চাইনিজ তাইপেকে গোল উপহার দেন ভারতীয় ফুটবলাররা। সঞ্জু যাদবের আত্মঘাতী ব্যাকপাস চাইনিজ তাইপের জে চেন ধরে নেন। তিনি সেই বল বক্সে আড়াআড়ি বাড়ালে ওয়াই সু ফাঁকা গোলে বল ঠেলেন, ভারতীয় গোলকিপার পানথোই চানু গোললাইন ছেড়ে এগিয়ে এসে বাধা দিতে চেষ্টা করলে।
গোল খেলেও হাল ছাড়েনি ভারতীয় ফুটবলাররা। বারবার আক্রমণ তুলে এনে চাইনিজ তাইপে রক্ষণে চাপ বাড়ান। তাতে সমতা ফেরে ৩৯ মিনিটে মনীষা কল্যানের গোলে। ৩০ গজ দূর থেকে নেওয়া মনীষার শট ক্রশপিস কাঁপিয়ে গোলের ভেতর পড়ে। চাইনিজ তাইপে গোলকিপার হাত ছোঁয়ানোর সুযোগ পর্যন্ত পাননি।
কিন্তু ভারতীয় দল নিজেদের খেলার ছন্দ ধরে রাখতে পারেনি। প্রথমার্ধের সংযুক্তি সময়ের ৮ মিনিটে ভারতের প্যারি শাকা বক্সের মাঝে হাতে বল লাগালে পেনাল্টি পায় চাইনিজ তাইপে। ওয়াই সুর পেনাল্টি শট পোস্টে লেগে ফেরার মুখে ভারতীয় গোলকিপার চানুর পিঠে লেগে গোলে ঢুকে যায়(২-১)।
বিরতির পর ভারতীয় ফুটবলারদের সামনে অলাউট আক্রমণে যাওয়া ছাড়া আর কোনও পথ খোলা ছিল না। গোলের প্রচুর সুযোগ এসেছিল। কিন্তু কাজে লাগাতে ব্যর্থ হন ভারতীয় ফুটবলাররা। উল্টে ৭৭ মিনিটে উইং দিয়ে দৌড়ে গোলকিপার চানুর পাশ দিয়ে বল গোলে ঠেলে ভারতীয় দলের কফিনে শেষ পেরেকটা পুঁতে দেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
