অলস্পোর্ট ডেস্ক: জাপানের বিরুদ্ধে ১১ গোলের হারের ধাক্কা ভুলে এএফসি মহিলা এশিয়ান কাপের চাইনিজ তাইপের বিরুদ্ধে শেষ ম্যাচ নিজেদের সেরা দিয়ে ম্যাচ জিততে মরিয়া ভারতীয় দলের মনীষা, সঙ্গীতা, সিল্কিরা। ভারতীয় মহিলা দলের এই ফুটবলাররা স্বপ্ন দেখেছিলেন প্রতিযোগিতার শেষ আটে পৌঁছে ২০২৭ ব্রাজিল বিশ্বকাপ ও ২০২৮ লস এঞ্জেলস অলিম্পিক্সে খেলার। আর সেই লক্ষ্যপূরণ করতে হলে, এখন তাঁদের সামনে একটাই পথ খোলা। মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে চাইনিজ তাইপেকে ২ গোলের ব্যবধানে হারানো। তাহলে গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে তারা কোয়ার্টারফাইনালে যেতে পারে শেষ ম্যাচে ভিয়েতনামকে জাপান হারালে। নিজেরা জিতে থাকলে অন্য গ্রুপের ফলের ভিত্তিতে সঙ্গীতারা সব গ্রুপ মিলিয়ে তৃতীয় সেরা দল হিসেবে কোয়ার্টাফাইনালে জায়গা করে নিতে পারে।
জাপান ম্যাচে বিশ্রি হারের পর ভারতীয় মহিলা দলের ফুটবলাররা সাময়িক ভেঙে পড়েছিলেন। তবে তাঁদের দ্রুত হতাশা কাটিয়ে চাইনিজ তাইপে ম্যাচের জন্য মানসিকভাবে চাঙ্গা করতে নেমে পড়েছেন চিফ কোচ আমেলিয়া ভালভার্দে। তিনি ফুটবলারদের জাপান ম্যাচের বড় ব্যবধান মাথা থেকে মুছে ফেলে, চাইনিজ তাইপে ম্যাচ নিয়ে ভাবার পরামর্শ দিয়েছেন। ভিয়েতনামের বিরুদ্ধে তুল্যমূল্য লড়ে শেষমুহূর্তের গোলে ১-২ ফলে হেরে গিয়েছিলেন সঙ্গীতারা। সেই লড়াইটা মাথায় রেখেই চাইনিজ তাইপে ম্যাচে নিজেদের উজাড় করে দিতে বলেছেন ভালভার্দে তাঁর ফুটবলারদের। বলেছেন, আগে চাইনিজ তাইপে ম্যাচ জেতার মতো খেলা জরুরি, তারপর ২ গোলের ব্যবধানে জেতার অঙ্কটা নিয়ে ভাবলেই চলবে। না জিতলে কোনও অঙ্কই খাটবে না।
রবিবার সকালে পার্থ ছেড়ে সিডনিতে নিউ সাউথ ওয়েলসে এসে পৌঁছেছে ভারতীয় মহিলা ফুটবল দল। সোমবার তারা অনুশীলনও সেরেছে। পরে যে মাঠে খেলা সেই ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামের মাঠ ঘুরে এসেছে নতুন পরিবেশে খেলার মানসিক প্রস্তুতি নিতে।
আগের ২টো ম্যাচ পার্থের রেক্টাঙ্গুলার স্টেডিয়ামে খেলেছিল ভারতীয় দল। মঙ্গলবার তারা চাইনিজ তাইপের মুখোমুখি হবে ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে। ম্যাচের আগে ভারতীয় কোচ আমেলিয়া ভালভার্দে জানিয়েছেন, ‘ জাপান ম্যাচ এখন অতীত। জাপান ম্যাচে হারের দায় আমার। ফুটবলারদের বলেছি শুধু চাইনিজ তাইপে ম্যাচে ফোকাস করতে। আমাদের প্রস্তুতিতে কোনও ঘাটতি নেই। ফুটবলাররাও জানে তারা কতটা পরিশ্রম করেছে স্বপ্নপূরণের জন্য। কী করলে তারা কোয়ার্টারফাইনালে যাবে, সেটা ওদের জানা। জাপান ম্যাচে নিজেদের খেলার ধারেকাছে যাওয়া সম্ভব হয়নি। কিন্তু ভিয়েতনামের ম্যাচে যেভাবে আমরা বল ধরে, বোঝাপড়া গড়ে তুলে, স্পেস তৈরি করে খেলেছিলাম, সেটা চাইনিজ তাইপের বিরুদ্ধে তুলে ধরতে হবে ম্যাচ জিততে। মনে করি, আমার দলের ফুটবলারদের মূল শক্তি হল গতি। সেটা কাজে লাগাতে পারলে চাইনিজ তাইপের বিরুদ্ধে ২ গোলের ব্যবধান রেখে জেতা সম্ভব।’
যত শ্বাস, ততক্ষণ আশ, এই দর্শন মেনেই চাইনিজ তাইপের বিরুদ্ধে ম্যাচ জেতার প্রতিজ্ঞা নিয়ে মাঠে নামবেন ভারতীয় দলের অন্যতম ভরসা সঙ্গীতা বাসফোর। জাপান ম্যাচের বড় ব্যবধানে হার নিয়ে সঙ্গীতার বক্তব্য, ‘ ম্যাচটা খুব চ্যালেঞ্জিং ছিল। আমাদের চেষ্টায় ঘাটতি ছিল না। জাপান খুব শক্তিশালী। ওদের বিরুদ্ধে বেশি গোলে হারটা আমাদের কাছে একটা বড় শিক্ষা। সেটা মাথায় রেখেই চাইনিজ তাইপের বিরুদ্ধে সেরা দিতে ঝাঁপাব। চাইনিজ তাইপের বিরুদ্ধে ২ গোলে জিতে কোয়ার্টারফাইনালে যাওয়ার সুযোগ আছে। আমরা এতদিন ধরে এই স্বপ্নটাই দেখে এসেছি। সেটা পূরণ করতে জান লড়িয়ে দেব।’
ভারতীয় দলের আর এক ফুটবলার মিডফিল্ডার সিল্কি দেবীও জাপান ম্যাচের হার পেছনে ফেলে চাইনিজ তাইপে ম্যাচ জেতার জন্য যতটা ভাল খেলা দরকার, সেটা মাঠে দিতে তৈরি। তাঁর মতে, দলের ফুটবলারদের মুখে এখন একটাই শ্লোগান, নাউ, অর নেভার। এই সুযোগ আবার কবে আসবে, সেটা এখনই বলা সম্ভব নয়। তাই যেটা নিজেদের হাতের মধ্যে আছে, সেটা যাতে পাওয়া যায়, অর্থাৎ কোয়ার্টারফাইনালে ওঠা যায়, তার জন্য মরিয়া হয়ে লড়বেন। সবচেয়ে বড় কথা, তাঁরা সফল হলে, দেশে থাকা ভারতীয় মহিলা ফুটবলারদের নতুন প্রজন্ম আরও উজ্জীবিত হবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
