Cart Total Items (0)

Cart

All Sports
ভারত বনাম জাপা‌ন

অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার ভারতীয় মহিলা ফুটবল দলের চরম হতাশার দিন ছিল। মহিলাদের এএফসি অলিম্পিক কোয়ালিফায়ার্স-এর দ্বিতীয় রাউন্ডেই ছিটকে গেল ভারত। জাপানের সাত গোল দাঁড়িয়ে হজম করল ভারতীয় দল। উজবেকিস্তানের তাসখন্দের লোকোমোটিভ স্টেডিয়ামে এদিন মুখোমুখি হয়েছিল ভারত এবং জাপান। প্রথমার্ধে ভাল রক্ষণ দেখায় ভারতীয় দল। ০-১ গোলে শেষ হয় প্রথম পর্ব। কিন্তু দ্বিতীয়ার্ধে কার্যত বল নিয়ে ছেলেখেলা করে জাপান, ৭-০ গোলে ম্যাচ শেষ করে তাঁরা।

ভারতের প্রধান কোচ টমাস ডেনেব্রি ডিফেন্সে লো ব্লক ফর্মেশনের ছক কষেছিলেন। ৫-৩-২ ফর্মেশনে মেয়েদের খেলার পরামর্শ দেন তিনি। কৌশলটি প্রথম ৪৫ মিনিটের জন্য ভাল কাজ করেছিল। তাঁরা ০-১ ব্যবধানে জাপানকে রুখে রাখতে সক্ষম হয়েছিল। বেশিরভাগ রক্ষণ সামলান আশালতা দেবী, সুইটি দেবী, রিতু রানী এবং মিডফিল্ডার সঙ্গীতা বাসফোর, শিল্কি দেবী এবং ইন্দুমাথি কাথিরেসানও ভাল লড়াই চালান। তবে প্রথমার্ধে এতটা রক্ষণ বাঁচিয়ে দ্বিতীয়ার্ধে ক্লান্তির ছাপ ধরা দেয় ভারতীয়দের মুখে। ম্যাচের ১৭ মিনিটে জাপানের হয়ে প্রথম গোলের খাতা খোলেন ইয়োসিনো নাকাশিমা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ভারতীয় ডিফেন্সে আছড়ে পরে জাপানের গোলের সুনামি। মাত্র ১১ মিনিটে পরপর চার গোল‌ হজম করে ভারত। দ্বিতীয় গোলটিও নাকাশিমার পায়ে আসে। এরপর দলের হয়ে তৃতীয় গোল করেন হোনোকা হায়াসির। চতুর্থটি করেন মিনা তানাকা। গোলরক্ষক শ্রেয়া হুডার ভাল সেভের কারণে সাত গোলেই সীমাবদ্ধ হয় জাপান, নাহলে তাদের গোলের সংখ্যা আরও বাড়তে পারত। এবং রিতু রানীর সাহসী গোল-লাইন ক্লিয়ারেন্স ভারতীয়দের জন্য আশা জাগিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ম্যাচ ততক্ষণে প্রতিপক্ষ দলের হাতে চলে এসেছে। ৫৬ তম মিনিটে জাপানের হয়ে পঞ্চম গোলটি করেন মিয়াবি মরিয়া। ম্যাচ শেষের পূর্বে জাপানের কিকো সেইকে এবং হিকারু নাওমোতো পরপর দু’টি গোল করে দলকে জিতিয়ে দেয়। খালি হাতে, লজ্জার সঙ্গে মাঠ ছাড়তে হয় ভারতকে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *