ছবি: আইএসএল
অলস্পোর্ট ডেস্ক: ইরান ফুটবল দলকে ফিফা ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে গিয়ে রীতিমতো হেনস্থার শিকার হতে হয়েছে। আমেরিকার রাজনৈতিক আক্রোশের কারণে বিশ্বকাপের অংশগ্রহণের আনন্দটাই নষ্ট হয়েছে, বলে অভিযোগ করেছেন ইরানের স্ট্রাইকার মেহদি তারেমি।
আমেরিকা ও ইরানের মধ্যে ‘শান্তি চুক্তি’ সাক্ষরিত হওয়ার কয়েকঘন্টা আগে লস এঞ্জেলসে পা রাখে ইরান ফুটবল দল। প্রচারমধ্যেমের মুখোমুখি হওয়ার আগে ইরান ফুটবল দলের কোচ আমীর ঘালেনোই সাফ জানান, তিনি ফুটবল নিয়েই কথা বলতে আগ্রহী, কোনও রাজনৈতিক প্রশ্নের উত্তর দিতে চান না। কিন্তু তিনি বললেই তো আর প্রশ্ন থেমে থাকেনি শুধু ফুটবলে। সেই প্রশ্নের মধ্যে ইরানের ফুটবলারদের দেরিতে ভিসা পাওয়া থেকে একদল প্রতিনিধির ভিসা বাতিলের প্রসঙ্গও উঠে আসে। ইরান দলকে আমেরিকার মাটিতে পা রাখার আগে পর্যন্ত অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। এমনকি তাদের বেস ক্যাম্প মেক্সিকোর তিজুয়ানায় সরাতে হয়েছে আমেরিকার আপত্তিতে ও নিরাপত্তার খাতিরে।
বলব না বলব না করেও শেষপর্যন্ত ইরান কোচ আমীর ঘালেনোই মুখ খুলেই ফেলেন আমেরিকার নানা অসহযোগিতার জন্য। বলেন, বিশ্বকাপের অন্যতম সংগঠক আমেরিকা ভিসা দেওয়া থেকে বেস ক্যাম্প করার ব্যাপারে অনেক বাধার সৃষ্টি করেছে। তাঁর মতে, ‘ ইরানকে একটা চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে আমেরিকা আগাগোড়া অসহযোগিতা করে। এই ধরনের আচরণ ফুটবলের স্পিরিটটা নষ্ট করার পক্ষে যথেষ্ট। এখন আমরা জিতি বা হারি, আমাদের পক্ষে অনুভূতিটা মোটেই সুখকর নয়।’
ইরানের স্ট্রাইকার মেহদি তারেমির গলাতেও এক সুর। ইন্টার মিলানের প্রাক্তন স্ট্রাইকার তারেমি বলেন, শুধুমাত্র তাঁদেরই সমস্যায় পড়তে হয়েছে আমেরিকায় খেলতে আসার জন্য এমন নয়। সোমালি রেফারি ওমর আরতানকে আমেরিকা বৈধ ভিসা থাকতেও ঢুকতে দেয়নি। এটা কতটা সঠিক আচরণ? তারেমি বলেন, ‘ বিশ্বকাপে মানসিক শান্তি ও আনন্দ নিয়ে আমরা খেলতে এসেছি এমন নয়। যে উত্তেজনা ও অনুভূতি নিয়ে দেশের সমর্থকরা নিজের দলের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অপেক্ষা করে থাকে, সেটা আমাদের ক্ষেত্রে খাটে না। এমনকি বিশ্বকাপের আসরে বিভিন্ন ভূমিকায় আমেরিকায় আসার ক্ষেত্রে অন্যদের জন্য অভিজ্ঞতাটা সুখের নয়। এই ধরনের টেনশন মনের আনন্দ ও খোলামেলা ভাবটাই নষ্ট করছে। ফিফার বার্তার সঙ্গে যেটা সামঞ্জস্য নয়।’
টিম মেল্লি, ইরান এমন নামেই গোটা বিশ্বের কাছে পরিচিত। তারাই প্রথম দল যারা ফিফা ২০২৬ বিশ্বকাপে যোগ্যতার্জন করেছিল। গ্রুপ শীর্ষে থেকে। এশিয়ান কোয়ালিফায়ারে ১০টি ম্যাচের মধ্যে ইরান একটি মাত্র হার ও দুটি ড্র করেছিল। বাকি ৭ ম্যাচে জয় তুলে নেয়। তাদের সেই ভাল খেলার ছন্দটা পরেও ধরে রেখেছিল ইরান। প্রীতি ম্যাচ সমেত।
মঙ্গলবার ভারতীয় সময় সকালে সাড়ে ৬টায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইরান লস এঞ্জলসের মাঠে। তাদের বাকি দুটি ম্যাচে প্রতিপক্ষ বেলজিয়াম ও মিশর। ঘালেনোই খানিকটা অসন্তোষের সুরেই বলেন, ইরান ফুটবল দলকে ম্যাচ খেলেই মেক্সিকের টিম বেসে ফিরে যেতে হবে। এমনকি তাঁদের আশঙ্কা লস এঞ্জলসে ইরান ফুটবল দলের বিরোধিতা করার জন্য একদল মানুষ সংগঠিত হচ্ছে। ফিফাকে কিন্তু এটাকে দেখতে হবে।
ঘালেনোই ও তারেমি দু’জনেই বলেন, তাঁরা বিশ্বকাপে খেলতে নামবেন ইরানের মানুষের সম্মান উঁচুতে তুলে ধরতে। তাঁদের প্রতিক্রিয়া, ‘ ইরানের প্রতিটি মানুষের প্রতি আমরা শ্রদ্ধাশীল। যাঁরা দেশের ভেতর বাইরে রয়েছেন। আমরা আমেরিকায় এসেছি ফুটবল খেলতে। ফুটবল অনেক ভেদভেদ ও মনোমালিন্য ঘুচিয়ে দেয়। একতাবোধ বাড়ায়। ইরান দেশের প্রতিনিধিত্ব করছি ভেবেই আমরা গর্বিত। ফুটবল জীবনে আনন্দ ও খুশির ভাব এনে দেয়। বিভিন্ন দেশের সংস্কৃতির মধ্যে মেলবন্ধন ঘটায়। আশা করব, আমাদের ও অন্যান্যদের জন্য বিশ্বকাপটা সফল হবে, যতই নানা সমস্যার মুখে আমাদের পড়তে হয়ে থাকুক।’
শেষে প্রচারমাধ্যমকে মজা করে ইরান দলের কোচ তারেমি বলেন, ফুটবল নিয়ে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে আমাদের খেলা নিয়ে একটাও প্রশ্ন কেউ আমাকে করলেন না। তবে আমি বলি, নিউজিল্যান্ড কিন্তু সমীহ করার মতো দল। আশা করছি, একটা উপভোগ্য লড়াই হবে আমাদের মধ্যে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
