Cart Total Items (0)

Cart

All Sports India

 

অলস্পোর্ট ডেস্ক:‌ সম্প্রতি ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কাউন্সিলের বৈঠকে সভাপতি জিয়ান্ন ইনফান্তিনো জোর দিয়ে বলেছেন, ইরান ২০২৬ বিশ্বকাপে খেলবেই। কিন্তু তিনি যাই বলুন, ইরানের অংশগ্রহণ নিয়ে জট পুরোপুরি কাটেনি। বরং ইরান জানিয়েছে, ফিফা ও আয়োজক দেশ আমেরিকা তাদের শর্তগুলো সম্মানের সঙ্গে পূরণ করার প্রতিশ্রতি, তবেই তারা বিশ্বকাপে খেলবে, নইলে নয়।

ইরানের ফুটবল ফেডারেশনের (‌এফএফআইআপআই)‌ তরফে বলা হয়েছে, নিজেদের বিশ্বাস, সংস্কৃতি থেকে সরে না এসে সেগুলির মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি পেলে তবেই বিশ্বকাপে খেলবে ইরানের ফুটবল দল। আর সেই ভাবনাকে বাস্তবায়িত করতে হবে আয়োজকদের। আর এই দাবি এসেছে ফিফা ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজের কাছ থেকে। গত মাসে কানাডায় অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে যোগ দিতে গিয়ে চুড়ান্ত অপমানিত হতে হয় তাঁকে ও ইরানের প্রতিনিধি দলের অন্য সদস্যদের। তাঁদের টরন্টো বিমানবন্দর থেকেই দেশে ফিরত পাঠিয়ে দেন কানাডার অভিবাসন দপ্তরের কর্মীরা। ভ্যাঙ্কুভার যাওয়ার অনুমতি বাতিল করে।

ইরানের ফুটবল কর্তা মেহদি তাজ ইতিমধ্যেই ফিফার কাছে ১০টি শর্ত রেখেছেন বিশ্বকাপে খেলা নিয়ে। তার মধ্যে অন্যতম হল, বিশ্বকাপে অংশগ্রহণকারী ইরান দলের সব ফুটবলার, কোচ, কোচিং স্টাফ, কর্তাদের ভিসা দিতে হবে। এমনকি যারা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের(‌আইআরজিসি)‌ সদস্য হিসেবে মিলিটারি সার্ভিস শেষ করেছে তাদেরও প্রবেশাধিকার আবশ্যক। এই সংগঠনের সদস্য মেহদি তাজ নিজেই। আর এই কারণে কানাডা তাঁকে সেদেশে প্রবেশের অনুমতি দেয়নি।

এছাড়াও ইরান তাদের জাতীয় ফুটবল দলের প্রতি পূর্ণ সম্মান রক্ষার পাশাপাশি দলের সব সদস্যের নিশ্ছদ্র নিরাপত্তার দাবি জানিয়েছে। মেহদি তাজ ফিফার কাছে আশ্বাস চেয়েছেন, ইরানের পতাকা, জাতীয় সঙ্গীতের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের ব্যবস্থা করতে হবে ইরানকে। এছাড়া বিমানবন্দরে পা রাখার পর থেকে হোটেল, স্টেডিয়াম, ট্রেণিং গ্রাউন্ডে তাঁদের ফুটবলার, কোচ, কর্তা ও সাপোর্ট স্টাফদের কড়া নিরাপত্তা বলয়ের মাঝে রাখতে হবে, কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি বা আক্রমণ এড়াতে।

বাকি যে শর্তগুলি দিয়েছেন মেহদি তাজ, সেগুলি পূরণ করা ফিফা বা আয়োজক দেশের অন্যতম আমেরিকার পক্ষে কঠিন নয়। কিন্তু ভিসার ব্যাপারে আমেরিকা বাকি দুই আয়োজক দেশ কানাডা ও মেক্সিকোর নীতির ওপর নিজেদের প্রভাব খাটানোর কোনও বিশেষ সুযোগ নেই ফিফার। বিশেষ করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সদস্যদের ক্ষেত্রে। ফিফা সভাপতি ইনফান্তিনো তাঁর বন্ধু স্থানীয় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাকি দু’‌দেশের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছেন দ্রুত এই সমস্যার সমাধানে।

যদিও ইরানে বিশ্বকাপে অংশ নেবে এমন কিছু জোর দিয়ে বলেনি, বরং তারা শর্তপূরণের দাবি জানিয়ে আলোচনার রাস্তা খোলা রেখেছে, বরং তারা বলটা ঠেলে দিয়েছে ফিফা আর আমেরিকার কোর্টে। এখন দেখার কত তাড়াতাড়ি এই জট কাটে, ইরানের অংশগ্রহণ নিশ্চিত হয়।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *