অলস্পোর্ট ডেস্ক: এএফসি মহিলা এশিয়ান কাপে অংশ নেওয়া ইরানে মহিলা ফুটবলাররা প্রাণভয়ে কাঁপছেন টুর্নামেন্টে শেষ ম্যাচ খেলা পর। ফিলিপিন্সের সঙ্গে ম্যাচ খেলা শেষে টিম হোটেলে ফেরার পথে ইরানের মহিলা ফুটবলারদের বাস ঘিরে ধরে সেদেশের সমর্থকরা চিৎকার করতে থাকেন, ‘আমাদের মেয়েদের বাঁচান’। ইরানের এক স্থানীয় আইনজীবি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘ বাসের ভেতর বসা তিন ফুটবলারকে দেখা গেছে হাত তুলে প্রাণ বাঁচানোর আবেদন করতে। এটা সত্যি চিন্তার। ওদের জীবন বিপন্ন। ফেডারেল পুলিশ, অস্ট্রেলিয়া সরকার ও মানুষের কাছে আবেদন করছি, ইরানের মহিলা ফুটবলারদের নিরাপত্তার দিকে যেন খেয়াল রাখা হয়।’
ইরানের এক টিভি সঞ্চালকের আক্রমণাত্মক মন্তব্যে মহিলা ফুটবলারদের জীবনহানির আশঙ্করা তৈরি হয়েছে। আসলে গত সোমবার কোরিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে ইরানের মহিলা ফুটবলাররা জাতীয় সঙ্গীত বাজার সময় নীরবে দাঁড়িয়েছিলেন। তাঁরা কেউ জাতীয় সঙ্গীত গাননি। এটা দেশের প্রতি বিশ্বাসঘাতকতা বলে টিভির মাধ্যমে গোটা বিশ্বের কাছে তুলে ধরেন ওই টিভি সঞ্চালক। যাতে একটা উত্তেজনা তৈরি হয়েছে। চাপ বাড়িয়েছে ইরানের মহিলা ফুটবলারদের ওপর। বলতে গেলে এরপরই নিজেদের জীবন বাঁচাতে বৃহস্পতিবার ও রবিবার পরপর দু’ম্যাচেই মহিলা ফুটবলাররা জাতীয় সঙ্গীত গাওয়ার পাশাপাশি মিলিটারি স্যালুট দেন ম্যাচের আগে।
তাতেও রাগ কমছে না ইরানের প্রশাসকদের। অস্ট্রেলিয়ায় অবস্থিত প্রাক্তন প্রশাসকের এক পুত্রের কাছে ইরানের বর্তমান প্রশাসকদের এক বার্তা এসে পৌঁছেছে। তাতে বলা হয়েছে, ইরানের মহিলা ফুটবলাররা নিজের দেশের প্রতি অসম্মান প্রদর্শন করেছে জাতীয় সঙ্গীত না গেয়ে। এর ফল তাঁদের ভুগতে হবে দেশে ফিরলে। এমন একটা হুমকির মনে করা হচ্ছে, যুদ্ধের আবহে ইরানের মহিলা ফুটবলারদের দেশে ফেরা এখন সম্ভব নয়। তাই তাঁদের আপাতত চীন, রাশিয়া বা মালয়েশিয়ার নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হতে পারে। কিন্তু সেই ব্যবস্থা কতদিন চলবে? দেশে ফেরা পর তাঁদের বাঁচাবে কে? অস্ট্রেলিয়ার কাছে ইরানের ফুটবলারদের রাজনৈতিক আশ্রয় দেওয়ার আবেদনও রাখা হয়েছে।
এব্যাপারে এএফসি, ফিফার হস্তক্ষেপ দাবি করেছে এশিয়া/ ওশেনিয়া অঞ্চলের ফিফপ্রো সংস্থা। তারা এএফসি ও ফিফাকে লিখেছে, ইরানের ফুটবল সংস্থার সঙ্গে কথা বলে মহিলা ফুটবলারদের নিরাপত্তা নিশ্চিত করুক এশিয়া ও বিশ্বের দুই ফুটবল সংস্থা। এই আবেদনের পর অস্ট্রেলিয়া প্রশাসন বা এএফসি-ফিফা কী করে এখন সেটাই দেখার।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
