Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ ভারতীয় ফুটবল ফেডারেশন ও আইএসএলে অংশগ্রহণকারী ক্লাবদের সাম্প্রতিক বৈঠকে একটা সাময়িক সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা হলেও স্থায়ী কোনও সমাধান সূত্র মেলেনি। ফেডারেশন সভাপতি কল্যান চৌবে ক্লাবগুলোর কাজকর্ম ও খেলা চালিয়ে যাওয়ার স্বার্থে একটা স্টপগ্যাপ সমাধান হিসেবে সুপার কাপ আয়োজনের প্রস্তাব সামনে রেখেছেন। কিন্তু আইএসএল ক্লাবগুলি এতে মোটেই সন্তুষ্ট হতে পারেনি। তারা সাফ জানতে চায় আইএসএলের ভবিষ্যত কী?‌ কবে সেটা শুরু হবে?‌ আর সেটা না জানলে, আইএসএল অংশ নেওয়া ক্লাবগুলোর কটা সুপার কাপ খেলবে, বলা কঠিন।

তার উত্তর ফেডারেশন সভাপতি কল্যান চৌবের কাছেও নেই। কারণ ফেডারেশন ও আইএসএলের পরিচালনসমিতি এফএসডিএলের সঙ্গে মাস্টার রাইটস এগ্রিমেন্ট নিয়ে টালবাহানার জেরে সময় নষ্টের ফলে আইএসএল আয়োজন এমনিতেই অনিশ্চিত হয়ে পড়েছিল। ৮ ডিসেম্বর ফেডারেশন ও এফএসডিএলের মধ্যে মাস্টার রাইটস এগ্রিমেন্টের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ৮ ডিসেম্বর। এই পরিস্থিতিতে এফএসডিএল আইএসএল আয়োজনের দায়িত্ব নিতে নারাজ। ৮ ডিসেম্বরের পর এগ্রিমেন্টের অবস্থা কী দাঁড়ায় না জেনে লিগ শুরু করা তাদের পক্ষেও সমস্যার। কারণ ততদিনে আইএসএলের এক তৃতীয়াংশ ম্যাচ খেলানো সম্ভব হবে না।

তারওপর দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট নির্দেশ অমান্য করার সাহস কোনও পক্ষের নেই। না ফেডারেশন, না এফএসডিএলের। সুপ্রিম কোর্টের চুড়ান্ত রায় আসা এখনও বাকি। দেশের শীর্ষ আদালত থেকে ফেডারেশনের সংশোধিত নতুন সংবিধান আসা ও নির্বাচনের মাধ্যমে ফেডারেশনের নতুন কার্যকরী কমিটি গঠনের আগে পর্যন্ত সবরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে রয়েছে। আদালতে কড়া নির্দেশ ফেডারেশনের বর্তমান কমিটি ক্ষমতাহীন, তাদের কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই। এমন একটা অবস্থায় ফেডারেশনের বর্তমান কমিটির সঙ্গে এফএসডিএল মাস্টার রাইটস এগ্রিমেন্ট নিয়ে নবীকরণ দূরে থাক, আলোচনায় যেতেই রাজি নয়।

এই জটে আটকে গেছে ভারতীয় ফুটবলের ভবিষ্যত। সেই জট ছাড়াতে অবশ্য ভারতীয় ফুটবল ফেডারেশন বাড়তি কোনও উদ্যোগ নেয়নি এখনও পর্যন্ত। এটাতেই অসন্তুষ্ট আইএসএল ক্লাবগুলি। তাদের বক্তব্য, সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষা করে থাকতে থাকতে তো ক্লাবগুলো আর ভারতীয় ফুটবলটাই শেষ হয়ে যাবে। ফেডারেশন কেন এই সমস্যা মেটাতে সুপ্রিম কোর্টের কাছে বিশেষ আর্জি রাখছে না?‌ মোহনবাগান এসজি ও ইস্টবেঙ্গল ছাড়া আইএসএলের বাকি ১১ ক্লাব মিলিতভাবে ফেডারেশন সভাপতি কল্যান চৌবেকে চিঠি দিয়েছে। লিখেছে, গোটা ব্যাপারটায় যেখানে এআইএফএফ ও এফএসডিএল জড়িয়ে, সেখানে ফেডারেশন সভাপতি হিসেবে কল্যান সুপ্রিম কোর্টের দারস্থ হয়ে দ্রুত রায় দেওয়ার জন্য আবেদন জানান। এই নিয়ে অচলবস্থা তো অনির্দিষ্ট কাল ধরে চলতে পারে না। আদালত নিশ্চয়ই ভারতীয় ফুটবলের চরম সংকটের কথা বুঝে কোনও একটা অন্তবর্তীকালীন রায় দিয়ে স্বস্তি দেবে। ক্লাবগুলোর বক্তব্য, তাদের এতে সরাসরি পার্টি হওয়ার সুযোগ নেই। তবে ফেডারেশন যদি হাতপা গুটিয়ে বসে থাকে, তাহলে তখন তাদের অন্যভাবে ভাবতে হবে, এখানে কীভাবে পার্টি হয়ে আদালতের দারস্থ হওয়া সম্ভব।

ফেডারেশন সভাপতি কল্যান ক্লাবদের দেওয়া চিঠির প্রাপ্তি স্বীকার করেছেন। আগের মতোই দেখছি, দেখব, করছি, করবতেই অবশ্য এখনও আছেন। তবে সত্যি সত্যি তিনি এরপরও আইএসএল ঘিরে অচলবস্থা কাটানোর চেষ্টা না করে খুড়োর কলের মতো সামনে সুপার কাপ, আর দেশে একটু দেরিতে হলেও একটা টপ টায়ার লিগ হবে বলে ক্লাবগুলোর কাছে সময় কেনার চেষ্টা করেন, তাহলে কিন্তু খুব ভুল করছেন। ফেডারেশনে নিজের সভাপতির আসন তো টলমল হয়েছেই, নির্বাচন হলে, তাঁর পক্ষে পদে থাকা খুব কঠিন। একইসঙ্গে ভারতীয় ফুটবলকে আরও কয়েকধাপ পিছিয়ে দেবেন, তাঁর গয়ংগচ্ছ ভাব ও ভুলে ভরা একাধিক সিদ্ধান্ত নেওয়া কারণে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *