মুনাল চট্টোপাধ্যায়: আইএসএলে অংশগ্রহণ নিয়ে ১৪ ক্লাবের সম্মতি পাওয়ার পরই সূচী চুড়ান্ত করার কাজ শুরু করল এআইএফএফ-আইএসএল যৌথ কমিটি। আইএসএলের ম্যাচ আয়োজন, সূচী তৈরি, বানিজ্যিক সহযোগী, ব্রডকাস্টার ঠিক করার জন্য আলাদা আলাদা বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সবচেয়ে বড় কথা অংশগ্রহণকারী ক্লাবগুলোর দাবিমতো সব কমিটিতেই ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের রাখা হয়েছে। আইএসএল পরিচালনার জন্য যে গর্ভনিং কাউন্সিল গঠন করা হয়েছে, তাতে ক্লাব প্রতিনিধি সংখ্যায় বেশি, এআইএফএফের প্রতিনিধি কম।
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যর কথা অনুযায়ী আইএসএল ১৪ ফেব্রুয়ারি শুরু করতে সূচী তৈরিতে আগে হাত লাগানো হয়েছে। সুইশ মডেল পদ্ধতিতে একদফা হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ খেলানোর সিদ্ধান্ত হয়েছে। তাতে ৯১ ম্যাচ শেষ করতে ১৭ বা ২৬ মে হতে পারে। সূচী তৈরি করার সময় মোহনবাগান, ইস্টবেঙ্গল, এফসি গোয়া ও কেরালা ব্লাস্টার্সের বেশি করে হোম ম্যাচ দেওয়ার দাবি খেয়াল রাখা হবে। কারণ এই দলগুলো হোম ম্যাচ থেকে বেশি টিকিট বিক্রি করে টাকা তুলে নিজেদের দল চালানোর খরচ সামলাতে চায়। বৃহস্পতিবার একটি করে ও শনিবার-রবিবার ডাবল হেডার রাখার কথা ভাবা হচ্ছে সূচীতে।
মহমেডান অবশ্য বেশি হোম ম্যাচ খেলায় আগ্রহী নয় আয়োজনের বাড়তি খরচ এড়াতে। অ্যাওয়ে ম্যাচ খেলতে বেশি চায়। তবে তারা এনিয়ে নিজেদের মধ্যে বৈঠকে ঠিক করবে। এমনকি সূচী জানার পরই তারা আইএসএল খেলার প্রস্তুতি নেবে। ইন্টার কাশীর যতই নিজেদের হোম গ্রাউন্ড কলকাতা দেখাক না কেন, তাদের এখানে কোনও সমর্থক নেই। তাই তারাও বেশি হোম ম্যাচ খেলতে চায় না। অ্যাওয়ে ম্যাচ বেশি খেলার সুযোগ পেলে খুশি হবে। চেন্নাইন এফসি অবশ্য কেন্দ্রীয় ও রাজ্য ক্রীড়ামন্ত্রকের মাধ্যমে রাজ্য সরকারের কাছে বিনামূল্যে স্টেডিয়াম ভাড়া দেওয়ার জন্য আর্জি জানিয়েছে। ওড়িশার আবেদনও একইরকম।
সূচী তৈরির কাজ শেষ হলেই ম্যাচের সংখ্যা জানিয়ে এএফসির কাছে তা জানাবে এআইএফএফ। এবারের বিশেষ পরিস্থিতির সংক্ষিপ্ত আইএসএলের ম্যাচ কমে যাওয়ায় এএফসির কাছে বিশেষ ছাড়ের জন্য আবেদন করবে তারা। যাতে চ্যাম্পিয়ন টিম এএফসি স্লট পায়। একইসঙ্গে চলতি মাসের মধ্যেই বানিজ্যিক ও ব্রডকাস্টিং সহযোগী ঠিক করে ফেলার জন্য নিয়মমাফিক গ্লোবাল টেন্ডার ডাকার কাজ সম্পন্ন করবে এআইএফএফ।
সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ ছিল, দেশের সর্বোচ্চ লিগের পরিচালনার ভার যেমন থাকবে এআইএফএফের হাতে, তেমন প্রোমোশনের পাশাপাশি অবনমন রাখতে হবে। তবে এনিয়ে এখনই কোনও সিদ্ধাতে আসছে না এআইএফএফ। তারা এখন কোনওরকমে আইএসএল শুরু করতে চায়। তারপর পরিস্থিতি বুঝে সুপ্রিম কোর্টের কাছে এবারের মতো অবনমনের শর্তটি মুলতুবি রাখার আবেদন জানাবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
