অলস্পোর্ট ডেস্ক: জল্পনা ছিলই। সেই মতো সিভেরিও টোরো-কে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল ক্লাব। বুধবারই বন্ধ হয়েছে উইন্টার ট্রান্সফার উইন্ডো। সেদিনই বোরহা হেরেরার দল ছাড়ার কথা ঘোষণা করেছিল ক্লাব। এবার দল ছাড়লেন আরও এক বিদেশি। মরসুমের শুরু থেকেই দলের সঙ্গে ছিলেন টোরো ও বোরহা। দলকে গত রবিবারই সুপার কাপ জিতিয়েছেন। কিন্তু তাও দল বদল হয়ে গেল দুই ইস্টবেঙ্গল ফুটবলারের। এই উইন্ডোতে যে এই দুই প্লেয়ার দল বদল করবেন তা আগে থেকেই নিশ্চিত ছিল। তাই সুপার কাপ শেষ হতেই দুই প্লেয়ার যোগ দিলেন দুই ক্লাবে। টোরো লোনে যোগ দিলেন জামশেদপুর এফসিতে।
একদিন আগেই এফসি গোয়ায় যোগ দিয়েছিলেন বোরহা হেরেরা। মরসুমের মাঝ পথে দুই নিয়মিত বিদেশিকে ছেড়ে নতুন বিদেশিদের উপর ভরসা করতে হবে কোচ কার্লেস কুয়াদ্রাতকে। ইতিমধ্য়েই একজন নতুন বিদেশির নাম ঘোষণা করেছে ইস্টবেঙ্গল। স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার ভিক্টর ভাজকুয়েজ যোগ দিচ্ছেন দলের সঙ্গে। তবে তিনি কবে শহরে আসবেন তা এখনও নিশ্চিত নয়। এও শোনা যাচ্ছে কুয়াদ্রাত একজন ভাল বিদেশি স্ট্রাইকারের খোঁজেও রয়েছেন। সেই স্ট্রাইকার তিনি খুঁজে পেলেও কবে তাঁকে দলের সঙ্গে পাওয়া যাবে সেটাও বড় প্রশ্ন।
এর মধ্য়েই ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে যাচ্ছে ইস্টবেঙ্গলের জন্য আইএসএল-এর দ্বিতীয় পর্ব। মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইএসএল-এর দ্বিতীয় পর্ব শুরু করবে সুপার কাপ চ্যাম্পিয়নরা। কিন্তু সেই দলে থাকবেন না বোরহা হেরেরা ও সিভেরিও টোরো। নতুন করে দল সাজাতে হবে কুয়াদ্রাতকে। এক কথায় ঢেলে সাজাতে হবে দলকে। এর পর নতুন বিদেশিরা যোগ দিলে আরও একবার নতুন করে দল সাজাতে হবে। সব মিলে একটা সেট দলের জন্য বড় ধাক্কা দুই গুরুত্বপূর্ণ প্লেয়ারের চলে যাওয়া। তবে তা আগে থেকেই নিশ্চিত ছিল। যার ফলে অবশ্যই ধরে নিতে হবে কোচের এই নিয়ে পরিকল্পনাও রয়েছে।
মোহনবাগানে এই উইন্ডোতে এখনও পর্যন্ত কোনও পরিবর্তনের কথা ঘোষণা হয়নি। তবে দলে ফিরেছেন জনি কাউকো। বৃহস্পতিবারই শহরে এসে মোহনবাগানের অনুশীলনে যান তিনি। সেখানে তাঁর সঙ্গে সাক্ষাৎ হয় নতুন কোচ হাবাসের। কারণ তিনি যখন ক্লাব ছেড়েছিলেন তখন মোহনবাগান কোচের দায়িত্বে ছিল হুয়ান ফেরান্দো। আগামী কয়েকদিনের মধ্যে অনুশীলনে নামলেও এখনই খেলায় ফিরতে পারবেন না তিনি। ম্যাচ ফিটনেস ফিরে পেতে তাঁকে আরও কিছুটা সময় দিতে হবে। তবে জনি কাউকো ফিরে আসায় শক্তি বাড়ল মোহনবাগান শিবিরে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
