Cart Total Items (0)

Cart

All Sports
এএফসি

সুচরিতা সেন চৌধুরী ○ ভুবনেশ্বর: এতটাও হয়তো ভাবেননি মোহনবাগান সুপার জায়ান্ট কোচ হুয়ান ফেরান্দো। কিন্তু তাঁর দল তাঁকে এএফসি কাপের অ্যাওয়ে ম্যাচে বড় জয় এনে দিয়েছেন। ওড়িশা এফসির মতো প্রথম সারির দলের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে ৪-০ জয়টা একদমই সহজ নয়। বরং আইএসএল শুরুর আগে প্রতিপক্ষ দলগুলিকে যে না ভেবেই বার্তা দিয়ে দিলেন ফেরান্দো। যদিও তাঁর গলায় এখনও ওড়িশা এফসির জন্য সমীহ। সার্জিও লোবেরার দল প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বললেন, ‘‘ওরা দেশের লিগের সেরা তিন দলের মধ্যে থাকবে। ওদের দলে সব দারুণ প্লেয়ার রয়েছে। ওরা সফল দল। কোচ, প্লেয়ার সবাই ওদের সেরা। তবে হ্যাঁ, আজ আমার ছেলেরা দারুণ খেলেছে।’’

প্রতিপক্ষের প্রশংসা করলেও নিজের দলের রিকভারি নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। মরসুমের শুরু থেকে এই কথা বার বার বলেছেন তিনি। এক সঙ্গে সেই সময় তিনটি টুর্নামেন্ট খেলতে হচ্ছিল মোহনবাগানকে। কলকাতা লিগ, ডুরান্ড কাপ ও এএফসি কাপ। তখনও তিনি বলেছিলেন, তিনটি টুর্নামেন্ট একসঙ্গে খেলতে গিয়ে দল রিকভারির সময় পাচ্ছে না। এদিনও একই কথা বলে গেলেন তিনি। ডুরান্ড কাপ শেষ হওয়া আর এএফসি কাপের গ্রুপ পর্বের মধ্যে বেশ অনেকগুলো দিন সময় পাওয়াটা কতটা কাজে লেগেছে তা দলের খেলাতেই স্পষ্ট। যদিও ফেরান্দো এখনও স্বস্তিতে নেই।

বলছিলেন, ‘‘এখন আসল চিন্তা রিকভারি নিয়ে। তিনদিন পরেই আবার খেলা। খেলতে নামতে হবে আইএসএল। কারা প্রথম একাদশে থাকবে, কাদের খেলাবো সেটা প্লেয়ারদের পরিস্থিতি দেখেই সিদ্ধান্ত নেব।’’ দলের খেলায় তিনি খুশি হলেও যা হয়ে গিয়েছে তা নিয়ে ভাবতে নারাজ। বরং সামনের দিকেই তাকাতে চান তিনি। বলেন, ‘‘দল জিতেছে আমি খুশি। আমি ছেলেদের খেলায় খুশি। কিন্তু যা হয়ে গিয়েছে সেটা নিয়ে ভেবে লাভ নেই। সামনে এখনও অনেক ম্যাচ রয়েছে। সেই নিয়ে ভাবতে হবে। এটা শুধুমাত্র একটা ম্যাচ যেটা আমরা জিতেছি। এই এএফসিতেই আরও পাঁচটি ম্যাচ রয়েছে গ্রুপের। আমাদের পরের ম্যাচগুলো নিয়ে ভাবতে হবে।’’

তবে এদিনের ম্যাচের টার্নিং পয়েন্ট অবশ্যই প্রতিপক্ষের রেড কার্ডকেই বলছেন তিনি। তাঁর মতে, ‘‘অবশ্যই রেড কার্ড। আমরা অনেক স্পেস পেয়ে গিয়েছিলাম দ্বিতীয়ার্ধে। এগারোর বিরুদ্ধে এগারো জনের খেলাটা অন্যরকম। তবে আমরা মাঠে নেমে ভাল পারফর্ম করেছি। ওদের ডিফেন্সে অনেক ভাল প্লেয়ার ছিল।’’ প্রতিপক্ষের কঠিন রক্ষণকে সামলে দলের এত বড় জয়ে তিনি খুশি সঙ্গে আত্মবিশ্বাসটাও অনেকটা বেড়ে গেল আইএসএল খেলতে নামার আগে। দলের ফুটবলারদের নিয়ে খুশি তিনি। তিনি বলেন, ‘‘এই ম্যাচ জেতা সহজ ছিল না মোটেও। আমার দলের প্লেয়াররা ম্যাচের জন্য সব সময়ই তৈরি থাকে। কঠোর পরিশ্রম করে। চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি থাকে।’’

এদিন মোহনবাগানের হয়ে জোড়া গোল করেন দিমিত্রি পেত্রাতস। তাঁকে নিয়েও উচ্ছ্বসিত কোচ ফেরান্দো। তিনি বলেন, ‘‘ও আমাদের দলের একজন অসাধারণ ফুটবলার। আমি আবারও বলছি তাঁর মতন আরও ফুটবলার, যেমন আর্মান্দো, লিস্টন, শুভাশিস, মনবীর, এরা সবাই যুব খেলোয়াড় এবং পরবর্তীকালের সেরা খেলোয়াড় হতে চলেছে। আমি বলব আমার দলের সব ফুটবলাররাই সেরা। আজকের ম্যাচের পুরো কৃতিত্ব দেব আমার দলকে আমার দলের শক্তিকে।’’

আপাতত ফেরান্দোর চোখ আইএসএল-এ। এএফসি কাপ থেকে ফিরেই আইএসএল-এর জন্য প্রস্তুতি শুরু হয়ে যাবে। দলের প্লেয়ারদের পরিস্থিতি দেখেই আগামী দিনের জন্য দল সাজাবেন তিনি। তবে আপাতত এএফসি কাপ গ্রুপ পর্বে বড় জয় দিয়ে শুরু করে একরাশ আত্মবিশ্বাস নিয়ে আইএসএল অভিযান শুরু করবে গতবারের চ্যাম্পিয়নরা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *