অলস্পোর্ট ডেস্ক: আগেই আভাস ছিল এএফসি ও ফিফার দেওয়া চিঠিকে ঢাল করে আরও একবছর ক্ষমতায় থেকে যাবেন ফেডারেশন সভাপতি কল্যান চৌবে। সেটাই হল। শুক্রবার ফেডারেশনের সংশোধিত নতুন সংবিধান নিয়ে রায় দেওয়ার সময় সুপ্রিম কোর্টের এআইএফএফ-এর আইনজীবি শুনানির সময় সুপ্রিম কোর্টের দুই বিচারপতি পিএস নরসিমা ও জয়মাল্য বাগচির বেঞ্চ স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, নির্বাচিত বর্তমান কার্যকরী কমিটিকে ভেঙে দিয়ে এইমুহূর্তে নতুন কোনও নির্বাচনের প্রয়োজনীয়তা নেই, যেহেতু মাত্র একবছর মেয়াদ আছে বর্তমান কমিটির।
বিচারপতি পিএস নরসিমা ও জয়মাল্য বাগচি রায় দেওয়ার সময় জানান, ‘ আমাদের বিশ্বাস সংশোধিত নতুন সংবিধান মতো ফেডারেশন কাজ শুরু করলে ভালই হবে। ভারতীয় ফুটবল ও দেশের খেলাধুলোকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আর যেহেতু বর্তমান কমিটি এসেছিল নির্বাচনের মাধ্যমে, আর তাদের মেয়াদ রয়েছে মাত্র একবছর, তাই নতুন করে এখনই নির্বাচনের দরকার নেই। এর মাঝে কমিটিকে ভেঙে দিয়ে কাজকর্মে ব্যাঘাত ঘটানো অর্থহীন।’
এর অর্থ আরও একবছর ফেডারেশন সভাপতি পদে বহাল তবিয়তে থেকে যাচ্ছেন কল্যান চৌবে। এতদিন তো এটাই চেয়ে এসেছিলেন কল্যান। সুপ্রিম কোর্টের নিয়োগ করা এল নাগেশ্বর রাওয়ের সুপারিশ করা খসড়া সংশোধিত সংবিধানের ভিত্তিতে নির্বাচনে জিতে এসে ফেডারেশন সভাপতি পদে বসেছিলেন কল্যান চৌবে। সেটাই সম্প্রতি এএফসি ও ফিফার দেওয়া চিঠিতে উল্লেখ ছিল। এটাই মান্যতা দেওয়ার কথা বলেছিল এএফসি ও ফিফা। বলেছিল, নির্বাচনে জিতে আসা কমিটিকে পুরো মেয়াদ থাকার অধিকার আছে। সুপ্রিম কোর্টে দুই বিচারপতির শুনানিতেও এই চিঠি পেশ করেছিলেন এআইএফএফের আইনজীবি নির্বাচন এড়াতে। সেই লক্ষ্যে তিনি সফল।
বরং সুপ্রিম কোর্ট যদি অন্যরকম রায় দিত, তাহলেই বরং সমস্যা তৈরি হতে পারত। তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপের কারণে। যেটা ফিফা আইনবিরুদ্ধে। এর আগে ও এবার সংশোধিত সংবিধান নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন হুমকির সুরে ফিফা জানিয়েছিল, তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ বন্ধ না হলে, ভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসনের মুখে পড়তে হবে। তাই কল্যানকে নিয়ে যে যতই ক্ষোভ বিক্ষোভ প্রদর্শন করে থাকুন না কেন, দুর্নীতির অভিযোগ আনুক, বাইচুং ভুটিয়া গলা ফাটান কল্যানের যোগ্যতার প্রশ্ন তুলে, মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত কল্যানই সভাপতি পদে কাজ চালাবেন।
৬ মাস বাদে নয়া জাতীয় ক্রীড়ানীতি ও প্রশাসনিক বিল বলবত হবে। তখন ফেডারেশনের সংশোধিত নতুন সংবিধানে কিছু বদল ঘটতে পারে। তার ভিত্তিতে ফেডারেশ নির্বাচন হওয়াটাই স্বাভাবিক। ফলে হাতে অনেকটা সময় পাচ্ছেন কল্যান নিজের ভাবমূর্তি পুনরুদ্ধ্বারের। নিজের পক্ষে ফেডারেশনের বাকি সদস্য ও কর্তাদের আবার টানতে। আর তা যদি পারেন, তাহলে আরও বেশি সময়ের জন্য ক্ষমতায় থেকে যেতেও পারেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
