দশ ম্যাচ নির্বাসিত কেরালা কোচ। ছবি সৌজন্যে ট্যুইটার
নিজস্ব সংবাদদাতাঃ কোনওরকম কঠিন শাস্তিই হল না কেরালা ব্লাস্টার্সের। নির্বাসনের কবলে পড়তে হল না তাদের। শুধুমাত্র ৪ কোটি টাকা জরিমানা করে ছাড় পেয়ে গেল তারা। প্লে-অফের ম্যাচ পুরো না খেলে উঠে যাওয়ার জন্য এআইএফএফ-র শৃঙ্খলারক্ষা কমিটি কেরালাকে শুধুমাত্র জরিমানাই করেছে।
পাশাপাশি কেরালাকে এই ঘটনার জন্য জনসাধারণের কাছে ক্ষমা চাইতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। আর সেটা না হলে জরিমানার অঙ্কটা ৬ কোটি হয়ে যাবে। অর্থাৎ আরও ২ কোটি বেড়ে যাবে। কেরালা ব্লাস্টার্সের কোচ ইভান ভুকোমানোভিচকে অবশ্য কড়া শাস্তিই দেওয়া হয়েছে। এআইএফএফ আয়োজিত টুর্নামেন্টের ১০টি ম্যাচ নির্বাসিত করা হয়েছে কেরালার হেড কোচকে। এবং তাঁকে ৫ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
৩ মার্চ কান্তিরাভা স্টেডিয়ামে আইএসএলের প্রথম এলিমিনেটর ম্যাচে কেরালা বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচকে ঘিরে উত্তাল হয়েছিল ভারতীয় ফুটবল। রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করে দলই তুলে নিয়েছিল কেরালা। সেই ঘটনাকে কেন্দ্র করে বহু জলঘোলা হয়েছে ভারতীয় ফুটবলে। কেরালা কী শাস্তি পেতে চলেছে, তা নিয়েও জল্পনা ছিল। শেষ পর্যন্ত জরিমানা দিয়েই রেহাই পেল কেরালা।
