ছবি: ইমামি ইস্টবেঙ্গল
সুচরিতা সেন চৌধুরী: আইএসএল ২০২৫-২৬-এ এবার দলগুলোকে খেলতে হবে মাত্র ১৩টি করে ম্যাচ। যা স্বাভাবিকভাবেই প্রতিযোগিতা অনেকবেশি কঠিন করে তুলেছে। কম ম্যাচে ভুলের কোনও জায়গা নেই। একটা ভুল ছিটকে দিতে পারে চ্যাম্পিয়নশিপ থেকে। ইতিমধ্যেই একাধিক ভুল করে ফেলেছে ইস্টবেঙ্গল। ছয় ম্যাচে দুটো ড্র ও একটি হার বড় ধাক্কা দিয়েছে ইস্টবেঙ্গল শিবিরকে। আন্তর্জাতিক ম্যাচের পর আবার মাঠে নামছে দল, এবার ঘুরে দাঁড়ানোর পালা। সঙ্গে মরসুমের প্রথম অ্যাওয়ে ম্যাচও।খুব ভালো জায়গায় নেই প্রতিপক্ষ চেন্নাইয়ন এফসিও। ছয় ম্যাচে মাত্র একটি জয় নিয়ে ১১ নম্বরে রয়েছে দল। সেখানে এখনও ভালো জায়গায় রয়েছে ইস্টবেঙ্গল। শীর্ষে থাকা চার দলের থেকে এক ম্যাচ কম খেলে পয়েন্টের নিরিখে খুব বেশি পিছিয়ে নেই লাল-হলুদ ব্রিগেড, যা আত্মবিশ্বাস বাড়াচ্ছে অস্কার ব্রুজোঁর দলের।
অস্কার বলছিলেন, “এটা আমাদের মরসুমের প্রথম অ্যাওয়ে ম্যাচ। চেন্নাই এখনও সেভাবে ছন্দ খুঁজে পায়নি। তবে তারা আগের চ্যাম্পিয়ন। তাদের দলে এমন অনেক প্লেয়ার রয়েছে যাঁরা।ম্যাচের ফল বদলে দিতে পারে। এ বছর আমরা সুপার কাপে তাদের বিপক্ষে খেলেছি, জানি।”
যদিও চেন্নাইকে হালকাভাবে নিচ্ছেন না অস্কার। আন্তর্জাতিক ব্রেকে দলকে অনেকটাই গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তিনি। বলছিলেন, “ব্রেক আমাদের জন মানসিকভাবে ভালো। নিজেদের নতুন করে শুরু করার জন্য প্রস্তুত করা, পরের সাতটি ম্যাচের জন্য নতুন করে ফোকাস করার জন্য তৈরি হওয়া। আমরা কাজে লাগিয়েছি সেই সময়কে।” পাশাপাশি চেন্নাইয়ের গরম আর আদ্রতা কতটা চিন্তায় রাখছে অস্কারকে জানতে চাওয়া হলে তিনি বলেন, “কলকাতায় এখন বৃষ্টি হচ্ছে তাই আবহাওয়া কিছুটা ঠান্ডা হয়েছে না হলে এখানেও গরম আর আদ্রতা অর্ধেকটাই। আমরা তার মধ্যেই নিজেদের ইনটেনসিটি বাড়ানোর উপর কাজ করেছি। এবার তার কাছে লাগানোর পালা।”
এদিকে রশিদ আর সিবেলেকে নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। সেই খবর রয়েছে অস্কার ব্রুজোঁর কাছেও। তাও সংশয় থেকেই দিলেন তিনি। তাঁরা দু’জন দলের সঙ্গে চেন্নাইয়ের উদ্দেশে উড়ে যাবে কিনা তার খোলসা করলেন না বরং বললেন, “রশিদের গোড়ালিতে একটা ছোট ছিল, আমরা কিছুটা সাবধানতা অবলম্বন করছি। তবে তাদের নিয়ে এর থেকে বেশি কিছু তথ্য দেওয়া যাবে না।” এদিন অবশ্য দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গেল দু’জনকেই।
তবে এদিন আবার গত মরসুমের সঙ্গে এই মরসুমের ইস্টবেঙ্গল দলের তুলনাও টানলেন কোচ অস্কার ব্রুজোঁ। তিনি বলেন, “এ বছর ইস্টবেঙ্গল খেলছে জয়ের জন্য। জয়ের একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা শীর্ষে যেতে চাই। গত বছরের পরিস্থিতিটা অন্যরকম ছিল, শীর্ষ ক্লাবগুলোর সঙ্গে লড়াই করার সামর্থ্য ছিল না, কিন্তু এই বছরটা আলাদা। শীর্ষ দলগুলির সঙ্গে পার্থক্য খুবই কম।” আর সে কারণেই হয়তো এই মরসুমে এখনও স্বপ্ন দেখছে ইস্টবেঙ্গল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
