অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার কাফা নেশনস কাপে গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারতীয় ফুটবল দল। গ্রুপের যা অবস্থা, তাতে জিতলে ভারতের তৃতীয়-চতুর্থ স্থানের জন্য লড়াই করার সুযোগ নিশ্চিত হবে। এমনকি ড্র করলেও ভারতের সে সম্ভাবনা থাকছে, তাজিকিস্তানকে ইরান হারালে। তবে ভারতীয় দলের কোচ খালিদ জামিল অঙ্কের কচকচানিতে যেতে নারাজ। তিনি ইতিবাচক মানসিকতা নিয়েই আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর ফুটবলারদের জয়ের জন্য ঝাঁপাতে বলেছেন।
আফগানিস্তান ম্যাচে চোটের কারণে নেই দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান। এটা কোচ খালিদকে নতুন করে রক্ষণ সাজানোর কথা ভাবতে হচ্ছে। বিশেষ করে ইরান ম্যাচে ০-৩ গোলে হারের পর। খালিদের মতে, ‘ ইরানের বিরুদ্ধে ভারতীয় ফুটবলাররা যে লড়াকু চরিত্র তুলে ধরেছিল, সে তুলনায় ৩ গোলে হারটা সঙ্গতিপূর্ণ ফল নয়। তবে আমার একটা ভুলের জন্য ৫৯ মিনিট পর্যন্ত গোলশূণ্য রাখার পর গোল হজম করতে হয়। এটাই শিক্ষনীয়। ফুটবলাররা যেমন ভুল থেকে শেখে, তেমন আমিও শিখছি। তাই আফগানিস্তান ম্যাচে বাড়তি সতর্কতা নিয়ে খেলতে হবে। ভুলের পুনরাবৃত্তি যেন না ঘটে, সেটা খেয়াল রাখতে হবে।’
কাফা নেশনস কাপের প্রথম ২ ম্যাচে আফগানিস্তান হারলেও, ভারতীয় কোচ খালিদ তাদের হাল্কাভাবে নিচ্ছেন না। আসলে তিনিও জানেন বিশ্বকাপ যোগ্যতার্জন পর্বে খেলায় শেষ দু’টি সাক্ষাতে আফগানিস্তানের বিরুদ্ধে জিততে পারেননি ভারত। বাইরের মাঠে ম্যাচটি ড্র হয়েছিল। গুয়াহাটিতে ঘরের মাঠে ভারত হেরে যায়। তাই কাফায় লড়াইটা যে সহজ হবে না, এটা বুঝেই খালিদের বক্তব্য, ‘ আফগানিস্তান নিজেদের সম্মানের কথা ভেবেই ভারতের বিরুদ্ধে ভাল ফল করতে ঝাঁপাবে। সেখানে ইরান ম্যাচের হার ও ফল ভুলে নতুন উদ্যেমে শুরু করতে হবে।’
সন্দেশের অনুপস্থিতিতে ভারতীয় দলের নেতৃত্বের আর্ম ব্যান্ড রাহুল বেকের হাতে থাকবে। তিনি মানছেন সন্দেশের অভাবটা অনুভব করবেন। তবে আফগানিস্তান ম্যাচ জিততে এক হয়ে লড়াই জরুরি। বলেন, ‘ সন্দেশের মতো ফুটবলারকে মিস করব। চোট নিয়েও ইরান ম্যাচে যেভাবে খেলে গিয়েছিল সন্দেশ, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। সন্দেশের লিডারশিপ কোয়ালিটিও দারুন। গোটা দলকে উজ্জীবিত করে। সন্দেশ না থাকায়, আমাদের বাড়তি নিতে হবে সবাইকে। এই ধরনের টুর্নামেন্টে যত এগোন যায়, তত ভাল। নকআউটে এগোলে, আমরা আরও একটা বড় প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার সুযোগ পাব। সেটা আমাদের সিঙ্গাপুরের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ খেলতে আত্মবিশ্বাস জোগাবে।’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
