অলস্পোর্ট ডেস্ক: প্রত্যাশামতোই সবুজ মেরুনে প্রত্যাবর্তন ঘটল কলকাতার ছেলে কিয়ান নাসিরি গিরির। আগেই মোহনবাগান এসজিতে তাঁর ফেরার আভাসটা জোরালোভাবেই ছিল।
দুই প্রধানে খেলা নামী ফুটবলার জামশিদ নাসিরির পুত্র উইঙ্গার কিয়ানের ফুটবল জীবন শুরু মোহনবাগানে। বাগান অ্যাকাদেমি থেকে উঠে এসে সিনিয়র দলে খেলে নিজের জাত চিনিয়েছিলেন কিয়ান। তাঁর সবচেয়ে বড় কৃতিত্ব আইএসএল ২০২১-২২য়ে এটিকে মোহনবাগানের জার্সিতে খেলতে নেমে ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হ্যাটট্রিক করে ৩-১ গোলে জেতানো। তারপর থেকে সবুজ মেরুন জার্সিতে খেলার পর গত মরশুমে মোহনবাগান এসজি ছেড়ে কিয়ান আইএসএলের দল চেন্নাইয়ন এফসিতে চলে যান নিয়মিত খেলার সুযোগ পেতে। একবছর চেন্নাইয়নে কাটানোর পর এবার আবার তাঁর পুরোন দল মোহনবাগান এসজিতে ফিরলেন কিয়ান।
আশিক কুরুনিয়ান মোহনবাগান এসজি ছেড়ে বেঙ্গালুরু এফসিতে যোগদানের পর কিয়ানের ফেরার রাস্তাটা প্রশস্ত হয়েছিল। নতুন করে মোহনবাগান এসজির সঙ্গে তিন বছরের চুক্তির পর কিয়ানের আবেগতাড়িত প্রতিক্রিয়া, ‘ ফের কলকাতায় ফিরে ভাল লাগছে। খেলার সুযোগ পেলে নিজেকে আবার প্রমাণ করার উদ্যোগ নেব। মোহনবাগান জার্সিতে আমার প্রথম খেলা শুরু। সেইকারণে এই ক্লাবের প্রতি আমার একটা আলাদা আবেগ আছে।’ এখন দেখার হোসে মোলিনার প্রশিক্ষণপ্রাপ্ত তারকাখচিত মোহনবাগান এসজি দলে কিয়ান কতটা সুযোগ পান ও নিজের দক্ষতা তুলে ধরে নিয়মিত হয়ে উঠতে পারেন নতুন মরশুমে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
