অলস্পোর্ট ডেস্ক: ঘরোয়া ফুটবলের অচলাবস্থা কাটাতে ভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যান চৌবে আইএসএল ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে জানিয়েছিলেন , যতদিন না নতুন বানিজ্যেক সহযোগী ঠিক হচ্ছে, আদালত সংশোধিত নতুন সংবিধান দিচ্ছে, ততদিন যাবতীয় খেলাধুলো বন্ধ করে রাখাটা দেশের ফুটবলের পক্ষে ভাল বিজ্ঞাপন নয়। তাই আপাতত সুপার কাপটা সেরে ফেলা যাক সময় বের করে। সেইমতো এআইএফএফ পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেয় ২৫ অক্টোবর থেকে ২২ নভেম্বর সুপার কাপ আয়োজনের।
তবে এতদিন পর্যন্ত ক্লাবগুলোর কাছে পরিষ্কার ছিল না, সুপার কাপ কবে হবে, হলে তার ফরম্যাট কী হবে? কারা কারা খেলবে? ফেডারেশন সেটা বুঝে সুপার কাপের একটা খসড়া ফরম্যাট তৈরি করেছে। যাতে এই যাবতীয় প্রশ্নের উত্তর ক্লাবগুলো পায়। ৪টি গ্রুপে ১৬ দলকে ভাগ করার বিষয়টি চুড়ান্ড হয়ে গেলে গ্রুপ লিগের সূচীটা ফেডারেশন প্রকাশ করবে। এখনও পর্যন্ত যেটুকু আভাস মিলেছে, তাতে ৪টি গ্রুপের রাউন্ড রবিন লিগ পর্যায়ের খেলাগুলি ৬ নভেম্বরের মধ্যে শেষ করা চেষ্টা থাকবে। কারণ তারপরই ঢাকার মাঠে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলের ১৮ নভেম্বর অনুষ্ঠেয় ম্যাচের জন্য সুপার কাপ সাময়িক স্থগিত থাকবে। সুপার কাপের সেমিফাইনাল ও ফাইনালের দিন ঠিক হবে ভারতীয় দলের খেলার পর।
আপাতত সুপার কাপের যে খসড়া ফরম্যাটের আভাস মিলেছে, তাতে দুটি পটে ১৬ দলকে ভাগ করে রাখা হচ্ছে ড্রয়ের জন্য। তার মধ্যে ১ নম্বর পটে শীর্ষ বাছাই দল হিসেবে থাকছে মোহনবাগান সুপার জায়ান্ট। ২ নম্বর পটের শীর্ষ বাছাই দল এফসি গোয়া। ১ নম্বর পটে মোহনবাগান ছাড়া বাকি ১০ দল হল নর্থ ইস্ট ইউনাইটেড, বেঙ্গালুরু এফসি, জামশেদপুর এফসি, কেরালা ব্লাস্টার্স, পাঞ্জাব এফসি, ইস্টবেঙ্গল, চেন্নাইন এফসি, হায়দরাবাদ ও মহমেডান। ২ নম্বর পটে গোয়া ছাড়া থাকছে ইন্টার কাশী, রিয়েল কাশ্মীর, গোকুলাম কেরালা, রাজস্থান ইউনাইটেড। ওড়িশা এফসি সুপার কাপ খেলতে রাজি না হওয়ায় সুপার কাপে খেলার সুযোগ পাচ্ছে রাজস্থান, চার্চিল ব্রাদার্সও সুপার কাপে অংশ নিতে রাজি নয়, তার জায়গায় খেলবে গোকুলাম কেরালা। আর কোনও দল যদি শেষপর্যন্ত সরে দাঁড়ায়, তখন ডেম্পো খেলার সুযোগ পাবে।
ড্রতে মোহনবাগান সুপার জায়ান্ট ১ নম্বর পটে এ-১ হিসেবে থাকছে। গোয়া ২ নম্বর পটে বি-১ হিসেবে। ড্রতে ১ নম্বর পটে নাম ওঠা প্রথম দল ৩ নম্বর পটে সি-১ বিবেচিত হবে। ১ নম্বর পটে নাম ওঠা দ্বিতীয় দল ৪ নম্বর পটে ডি-১ বিবেচিত হবে। এই চার দলের জায়গা ঠিক হয়ে গেলে, বাকি ১২ দল ড্রয়ের মাধ্যমে ৪টি পটে ভাগ হয়ে যাবে। প্রতি গ্রুপের শীর্ষ স্থানাধিকারী দলই রাউন্ড রবিন লিগ শেষে সেমিফাইনালে খেলবে। গ্রুপ বিন্যাস হয়ে গেলে সূচী চুড়ান্ত করে ঘোষণা করবে ফেডারেশন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
