অলস্পোর্ট ডেস্ক: কলকাতা প্রিমিয়ার লিগ শুরুর বাজনা বেজে গেল। সোমবার আইএফএ-র তরফে জানিয়ে দেওয়া হল কলকাতা লিগের গ্রুপ। দুটো গ্রুপে ভাগ করে হবে এবারের কলকাতা প্রিমিয়ার লিগ। মোট ২৬টি দলকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে থাকছে ১৩টি করে দল। গ্রুপের যা পরিস্থিতি তাতে তুলনামূলকভাবে কঠিন গ্রুপে পড়েছে মোহনবাগান। মোহনবাগানের সঙ্গে একই গ্রুপে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন মহমেডানও। দুই বড় দলের উপস্থিতিতে আকর্ষণের কেন্দ্রে কলকাতা প্রিমিয়ার লিগের গ্রুপ এ। এদিন লটারির মাধ্যমে গ্রুপ বিন্যাস করা হয় আইএফএ অফিসে।
২৫ জুন শুরু হবে কলকাতা প্রিমিয়ার লিগ। আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানান, ২৫ জুন থেকে শুরু হয়ে প্রিমিয়ার লিগ শেষ করার ইচ্ছে রয়েছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে। এখনও খেলার সূচি তৈরি না হলেও এমনটাই ইচ্ছে বাংলার ফুটবলের নিয়ামক সংস্থার। কলকাতার তিন বড় ক্লাব ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডান আইএফএ-র কাছে নিজেদের মাঠেই খেলার আর্জি জানিয়েছে। ফুটবলের স্বার্থে এবং সমর্থকদের কথা ভেবে এই বিষয়টিকে স্বীকৃতিও দেওয়া হয়েছে।
অনির্বাণ দত্ত বলেন, ‘‘কলকাতা ময়দানে খেলা হলে অনেকবেশি দর্শক সমাগম হতে আমরা দেখেছি। সেক্ষেত্রে তিন বড় ক্লাব তাদের নিজেদের মাঠে খেললে তাদের সমর্থকরা আরও বেশি করে আসবে। আকর্ষণটা বাড়বে।’’ দিন-রাতের খেলা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘কয়েকটি ম্যাচ অবশ্যই দিন-রাতের করার পরিকল্পনা রয়েছে। এক অর্ধ দিনের আলোয় হবে আর এক অর্ধ ফ্লাড লাইটে। তাহলে অফিস ফেরৎ ফুটবলপ্রেমীরা খেলা দেখতে পারবেন।’’ এ ছাড়া খড়দহ, ব্যারাকপুর, কল্যাণী, নৈহাটি, সোনারপুর, রবীন্দ্র সরোবরের মতো স্টেডিয়ামেও হবে কলকাতা লিগ।
এদিকে একই সময়ে হবে ডুরান্ড কাপও। তবে আইএফএ সচিব জানিয়েছেন, ডুরান্ড আয়োজকদের সঙ্গে আলোচনা করেই সূচি তৈরি হবে। যাতে কোনওভাবে দুই টুর্নামেন্টের খেলা একে অপরের সঙ্গে একই সময়ে না পড়ে যায়। তিনি আস্বস্ত করে বলেন, গত বছরও একই সময়ে হয়েছিল দুটো টুর্নামেন্ট তাতে কোনও সমস্যা হয়নি। এবারও হওয়ার সম্ভাবনা নেই। তবে কলকাতার তিন বড় ক্লাব কবে প্রিমিয়ার লিগে খেলতে নামবে সেটা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু জানাতে পারেনি আইএফএ। আলোচনার পরই সেই সব নির্ধারিত হবে।
এদিকে প্রিমিয়ার লিগের সব দলে পাঁচ জন করে ভূমিপুত্র খেলানোর যে নিয়ম সেটা এই মরসুম থেকে শুরু করা সম্ভব হচ্ছে না বলে জানান সচিব। কারণ হিসেবে তিনি বলেন, সব দল তৈরি হয়ে গিয়েছে। হাতে আর বিশেষ সময় নেই সে কারণে এই মরসুমে আর ভুমিপুত্রের যে নিয়ম সেটা মানা সম্ভব হচ্ছে না। আগামী বছর থেকে সেটা নিশ্চিতভাবেই হবে বলে জানান তিনি। এদিকে এবারের কলকাতা লিগের নিয়ম অনুযায়ী চারটি দল প্রিমিয়ার থেকে অবনমনে যাবে এবং দুটো দল প্রিমিয়ারে উঠবে।
কলকাতা লিগের গ্রুপ
গ্রুপ এ: মোহনবাগান, মহমেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার এফসি, ইউনাইটেড স্পোর্টস, টালিগঞ্জ অগ্রগামী, সাদার্ন সমিতি, ডালহৌসি এফসি, এফসিআই, পিয়ারলেস, কালীঘাট মিল সংঘ, আর্মি রেড, পাঠচক্র, ক্যালকাটা ফুটবল ক্লাব।
গ্রুপ বি: ইস্টবেঙ্গল এসসি, ভবানীপুর এফসি, পুলিশ এসি, ইস্টার্ন রেল, বিএসএস এফসি, এরিয়ান, জর্জ টেলিগ্রাফ, রেলওয়ে এফসি, ক্যালকাটা কাস্টমস, রেনবো, উয়াড়ি, খিদিরপুর এফসি, পশ্চিমবঙ্গ পুলিশ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
