অলস্পোর্ট ডেস্ক: কল্যাণী স্টেডিয়ামে হতে চলেছে এবারের কলকাতা প্রিমিয়ার লিগের ডার্বি। আগামী ১৯ জুলাই যে ডার্বি হবে তা আগেই ঘোষণা হয়ে গিয়েছিল। কিন্তু সংশয় ছিল ভেন্যু নিয়ে। যেহেতু গত কয়েক মরসুম ধরে কলকাতা লিগ জেলার বিভিন্ন মাঠেই আয়োজিত হচ্ছে সে কারণে ডার্বি কোথায় হবে তা নিয়ে একটা অনিশ্চয়তা থাকলেও পাঁচ আগে নিশ্চিত হয়ে গেল কল্যাণীতেই হচ্ছে ডার্বি। সোমবার আইএফএ সচিব অনির্বাণ দত্ত শিলমোহর দিলেন এই খবরে। হাতে মাত্র চার দিন, তার মধ্যেই সেরে ফেলতে হবে পুরো আয়োজন। সচিব বলছিলেন, ‘‘নিরাপত্তাজনিত বিষয়ে কিছু সংশয় ছিল, যে কারণে অপেক্ষা করছিলাম। সেটা মিটে গিয়েছে। কল্যাণীতে ডার্বি করতে কোনও সমস্যা নেই।’’
এদিন বিকেল পর্যন্ত ইস্টবেঙ্গল ও মোহনবাগানের কাছে অফিসিয়াল কোনও বিবৃতি যায়নি আইএফএ-র তরফে। তবে সচিব জানিয়ে দিলেন, পুরোটা নিশ্চিত না করে তাঁরা দলগুলোকে জানাতে চায়নি। এখন যা পরিস্থিতিতে ডার্বির ভেন্যু পাকা হয়ে গিয়েছে। ‘‘আসলে কিছু বিষয় আটকে ছিল যা আজকের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। ক্লাবগুলোকে কালকের মধ্যে জানিয়ে দেওয়া হবে,’’ বলেন সচিব অনির্বাণ দত্ত। এদিকে এই সব ক্ষেত্রে অতীতে দেখা গিয়েছে, যুবভারতীতে না হলে ডার্বি খেলবে না বলে সরে দাঁড়িয়েছে মোহনবাগান। তবে ক্লাবের তরফে যা খবর, এবার তেমন কিছু ঘটবে না। কল্যানীতে খেলতে তারা প্রস্তুত। তবে আইএফএ-এর অফিসিয়াল নিশ্চয়তার অপেক্ষায় রয়েছে দুই দল।
জেলায় যে ক’টি মাঠে কলকাতা লিগের ম্যাচ চলছে, যেমন ব্যারাকপুর, নৈহাটি, কল্যাণী— তার মধ্যে গ্যালারির নিরিখে সব থেকে বড় কল্যাণীই। বড় ম্যাচে দুই দলের সমর্থকরাই যার যার দলকে সমর্থন করতে মাঠ ভরাবে। যদিও অনেকেই আশঙ্কা করছেন, তারকাহীন ডার্বি থেকে হয়তো মুখ ফিরিয়ে থাকবে সমর্থকরা। কিন্তু ইস্টবেঙ্গল, মোহনবাগান সমর্থকদের ক্ষেত্রে এতটাও অনীহা হওয়ার কোনও সম্ভাবনাই নেই। তাদের আবেগ ওই দুই নামেই। তাই কল্যাণীর ১৫ হাজারের গ্যালারি যে ভরে যা তা নিয়ে কোনও সন্দেহ নেই আইএফএ সচিবের।
বলছিলেন, ‘‘১৫ হাজারের গ্যালারি, ২০ হাজার পর্যন্ত মানুষ বসতে পারে। অতীতে এমনটা হয়েছে। তবে আমি ১৫ হাজারের বেশি টিকিট ছাড়ব না। অনলাইনের বেশিরভাগটা ছাড়া হবে, অল্প কিছু অফলাইনেও ছাড়া হতে পারে। পয়সার টিকিট ও কমপ্লিমেন্টারি, সব মিলেই ১৫ হাজারের বেশি ছাড়া হবে না।’’ সচিব নিশ্চিত যেভাবে নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে তাতে কোনও গন্ডোগোলের সম্ভাবনা থাকবে না। এক গ্যালারি থেকে অন্য গ্যালারিতে যাওয়ার কোনও রাস্তাও রাখা হবে না। ১৯ জুলাই বিকেল সাড়ে পাঁচটা থেকে শুরু হবে এবারের ডার্বি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
