ছবি: উয়েফা
অলস্পোর্ট ডেস্ক: মঙ্গলবার ১৬ জুন সাদিও মানের সেনেগালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ২০১৮র চ্যাম্পিয়ন ও ২০২২র রানার্স ফ্রান্স। তাদের গ্রুপে অপর দুই দল হল ইরাক ও হালান্ডের নরওয়ে। গ্রুপের লড়াইটা যে বেশ কঠিন, সেটা বলাই বাহুল্য। অথচ বিশ্বকাপের ম্যাচ খেলতে নামার আগে ফ্রান্স শিবিরে কিলিয়ান এমবাপের আচরণ ও তাঁর সঙ্গে সতীর্থ ডেমবেলের মনোমালিন্য নতুন এক বিতর্ক উসকে দিয়েছে। এটা বিশ্বকাপ ফ্রান্সের পারফরমেন্সে প্রভাব ফেলবে কিনা, সেটা সময়ই বলবে।
ফ্রান্স বিশ্বকাপের চুড়ান্ত প্রস্তুতি হিসেবে লিলের ডেকাথলন এরিনায় উত্তর আয়ারল্যান্ডের সঙ্গে একটি প্রীতি ম্যাচে অংশ নিয়েছিল। ফ্রান্সের সমর্থকদের জন্য এটা ছিল দলকে বিদায়ী শুভেচ্ছা জানানোর সুযোগ। ম্যাচে এমবাপে অংশ নেন। কিন্তু ম্যাচ শেষ হওয়ার একঘন্টা বাদে হঠাৎই ফ্রান্সের শিবির থেকে এমবাপের বেরিয়ে যাওয়ার খবরটা জানাজানি হতে একটা বিতর্ক দানা বাধে। ফ্রান্স ফুটবল ফেডারেশন স্বীকার করেছে এমবাপের শিবির ছাড়ার কথা। কিন্তু ফ্রান্সের সমর্থকদের সেটা মোটেই ভাল লাগেনি। সোসাল মিডিয়ায় মাদ্রিদে বান্ধবীর সঙ্গে এমবাপের সময় কাটানোর ছবিটা প্রকাশ পেতে। সমর্থকদের মতে, বিশ্বকাপের ঠিক আগে ফুটবল শিবির ছেড়ে বান্ধবীর সঙ্গে সময় কাটানোটা বেশি জরুরি নয়। বরং খেলায় ফোকাস বেশি প্রয়োজন।
বিতর্ক আরও বেড়েছে ল’একুইপের দেওয়া একটি খবরে। তারা দাবী করেছে, উত্তর আয়ারলয়ান্ড ম্যাচের পর এমবাপে ও ডেমবেলে নিজেদের মধ্যে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। ডেমবেলে অসন্তোষ প্রকাশ করেন, ডিফেন্সিভ পার্টে বল দখলের লড়াইয়ে এমবাপের সক্রিয় ভূমিকা না নেওয়া নিয়ে। এই সমালোচনা এমবাপের ভাল লাগেনি।
এখানেই বিতর্কের শেষ নয়। এমবাপের সঙ্গে সতীর্থ আর এক ফুটবলার এন’গোলো কন্তের ঠান্ডা লড়াই সামনে এসেছে। আইভরি কোস্টের বিরুদ্ধে প্রীতি ম্যাচে মাঠে নামার সময় কন্তে দলের সব ফুটবলারের সঙ্গে হাত মেলালেও, এমবাপের সামনে গিয়ে মুখ ঘুরিয়ে নেন। হাত মেলানো দূরে থাক। অনেকের ধারনা, ২৯ মার্চ কলম্বোর বিরুদ্ধে ম্যাচ খেলার সময় কন্তে নিজের জন্মদিনে প্রথমবার অধিনায়কের আর্ম ব্যান্ড পরার সুযোগ পেয়েছিলেন। কিন্তু এমবাপে ম্যাচ শেষ হতে ১০ মিনিট বাকি থাকতে মাঠে ঢুকলে, কন্তেকে নিজের আর্ম ব্যান্ড খুলে দিতে হয় এমবাপেকে। এটা ভালভাবে নেননি কন্তে।
তবে ফ্রান্স দলের বিশ্বকাপ জয়ী কোচ দিদিয়ের দেশঁ এই বিতর্কগুলো আমল দিতে নারাজ। তাঁর যাবতীয় ফোকাস এখন বিশ্বকাপের প্রথম ম্যাচের দিকে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
