Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: চলতি বছর মেজর লিগ সকারে যোগ দেওয়ার মধ্যে দিয়ে কেরিয়ারের একটি চমকপ্রদ অধ্যায় শুরু করেছিলেন লিওনেল মেসি। চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে বিশ্বকাপ ২০২৬-এর যোগ্যতা অর্জন পর্ব। সেই কারণেই আর্জেন্তাইন তারকা আবার ফিরে গিয়েছেন নিজের আর্ন্তজাতিক দায়িত্ব পালনের জন্য। প্রায় ন’মাস আগে কাতারে বিশ্বকাপের মুকুট জয় করে তিনি প্রমান দিয়েছিলেন এই প্রজন্মের শ্রেষ্ঠ ফুটবলার আসলে কে। দোহাতে সেই মায়াবি রাতের পর থেকে অনেক ওঠা-পড়ার মধ্যে দিয়ে গিয়েছে ৩৬ বছরের তারকার জীবন।

পিএসজি-তে পথ চলা শেষ করে মেসি যোগ দিয়েছেন ইন্টার মিয়ামিতে। মিয়ামিতে চুক্তিবদ্ধ হওয়ার আগে অনেক জল্পনা ছিল তিনি হয়তো সৌদি আরবের ক্লাবগুলিতে যোগ দিতে পারেন। কিন্তু সব জল্পনাকে উড়িয়ে দিয়ে তিনি নিজের কেরিয়ারের নতুন অধ্যায় শুরু করার জন্য বেছে নিয়েছিলেন মেজর সকার লিগের ক্লাবটিকেই।

মেসির এই সিদ্ধান্ত কতটা ঠিক ছি‌ল ইতিমধ্যেই তার প্রমান পাওয়া গিয়েছে। মেসি তাঁর পরিবারের সঙ্গে নির্বিঘ্নেই দিন কাটাচ্ছেন ফ্লোরিডাতে। শুধু তাই নয় মিয়ামিতে যোগ দেওয়ার পর থেকেই মেসিকে আরও বেশি প্রানবন্ত ভাবে পেয়েছেন তাঁর ভক্তরা। ইন্টার মিয়ামিতে তিনি যোগ দেওয়ার পরই মেজর সকার লিগের ক্লাবটি তাদের প্রথম ইউএস ওপেন কাপের ফাইনালে পৌঁছায় এবং রানার্স ট্রফি জেতে।

চলতি সপ্তাহে দক্ষিণ আমেরিকার বাছাই পর্ব শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই যে প্রশ্নটি বাতাসে ভেসে চলছে সেটি হল ২০২৬-এ আর্জেন্টিনার শিরোপা রক্ষা করার জন্য মেসি জাতীয় দলে থাকছেন কিনা। বিশ্বকাপ হবে আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে।

সব জল্পনাতে জল ঢেলে মেসি আর্জেন্টিনায় পৌঁছে গিয়েছেন। এর আগে জুনে তিনি বলেছিলেন তিনি আর আশা রাখছেন না বিশ্বকাপে খেল‌ার। যদিও পরে তিনি জুলাই মাসে একটি সাক্ষাৎকারে বলেন যে তিনি কখন তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে সময় দেওয়ার পরিকল্পনা করছেন সে সম্পর্কে তাঁর নিজেরই কোন স্পষ্ট ধারণা ছিল না।

আর্জেন্টিনার সংবাদ মাধ্যমে মেসি বলেছেন, ‘‘আমি নিজেই জানি না কী হতে চলেছে। যখন যেটা হওয়ার সেটাই হবে। সবকিছু জেতার পর আমি মুহূর্তটি উপভোগ করতে চাই। এবং সেই সময়টি কখন হবে তা বলার জন্য আমি অপেক্ষা করছি।’’

মেসি আরও বলেছেন, ‘‘যুক্তিগত ভাবে আমার বয়স শুনে সকলেই মনে করছে আমি খেলবো। কিন্তু আমি নিজে জোর দিয়ে কখনওই বলতে পারছি না।’’

‘‘দরজা সবসময়ই খোলা’’ বলেছেন আর্জেন্তাইন কোচ লিওনেল স্ক্যালোনি। কিন্তু এই মুহূর্তে তিনি কোনও কিছুই জোর করে করতে চাইছেন না। স্ক্যালোনি আরও জানিয়েছেন যে ২০২৬ বিশ্বকাপে মেসি নিজেকে কোথায় রাখতে চান সেটা তাঁর কাছেই জানতে চাওয়া হবে। জানুয়ারিতে স্ক্যালোনি বলেছিলেন, ‘‘আমি মনে করি মেসি পরের বিশ্বকাপে খেলতে পারবে।’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *