শনিবার পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলবেন মেসি। ছবি সৌজন্যে ট্যুইটার
অলস্পোর্ট ডেস্কঃ পিএসজি ছাড়ছেন লিওনেল মেসি। আগামী শনিবার (৩ জুন) ফরাসি ক্লাবের হয়ে শেষ ম্যাচ খেলবেন আর্জেন্তিনার অধিনায়ক। তবে এবার তিনি কোন দলে যোগ দেবেন, তা এখনও স্পষ্ট নয়।
মেসির ঘনিষ্ঠ এক ব্যক্তি ইতিমধ্যে জানিয়েছেন যে পরবর্তী মরশুমে সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছেন বিশ্ব ফুটবলের রাজপুত্র। যে দেশের ক্লাবে এখন খেলেন মেসির সবথেকে বড় প্রতিপক্ষ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আবার বার্সেলোনা সমর্থকদের আশা, মেসি হয়ত কাতালোনিয়া ক্লাবে ফিরে আসবেন। যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। মেসি কোনও মন্তব্য করেননি। আল-হিলাল বা বার্সেলোনার তরফেও কিছু জানানো হয়নি।
এমনিতে মেসি যে পিএসজি ছাড়তে পারেন, সেই জল্পনা মাসকয়েক ধরেই চলছিল। তারইমধ্যে দিনকয়েক আগে পিএসজির যে নয়া মরশুমের জার্সি প্রকাশ করা হয়েছিল, সেখানে মেসির ছবি ছিল। তারপর একটি মহলের মনে ধারণা তৈরি হয়েছিল যে এবার ফরাসি ক্লাবে থেকে যেতে পারেন মেসি। যদিও শেষপর্যন্ত সেটা হচ্ছে না। বৃহস্পতিবার পিএসজির কোচ জানিয়ে দিয়েছেন, এবারই ফরাসি ক্লাব ছাড়ছেন বিশ্ব ফুটবলের মহাতারকা মেসি।
উল্লেখ্য, ২০২১ সালে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন মেসি। দু’বছরের চুক্তি হয়েছিল। সেই চুক্তির মেয়াদ এবারই শেষ হচ্ছে। ঢাকঢোল পিটিয়ে মেসিকে আনা হলেও পিএসজি সমর্থকদের কাছে কখনও ‘ঘরের ছেলে’ হয়ে উঠতে পারেননি। বরং তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। অথচ চলতি মরশুমে খুব একটা খারাপ ছন্দে ছিলেন না মেসি। এবার সব প্রতিযোগিতায় ২১ টি গোল করেছেন মেসি। ‘অ্যাসিস্ট’ করেছেন ২০ টি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
