Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ প্রিমিয়ার লিগের পর এ বার এফএ কাপ চ্যাম্পিয়ন হল ম্যাঞ্চেস্টার সিটি । এই নিয়ে চলতি মরশুমে দ্বিতীয় ট্রফি জিতল সিটি। ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ২-১ গোল হারাল পেপ গুয়ার্দিওলার দল। সিটির দু’টি গোলই করেন ইকে গুন্দোগান। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে একমাত্র গোলটি করেছেন ব্রুনো ফার্নান্দেস।

এফএ কাপ ফাইনালে শুরু থেকেই দাপট দেখাচ্ছিল সিটি। ম্যাচ শুরুর ১৩ সেকেন্ডের মধ্যেই গুন্দোগান এগিয়ে দেন ম্যাঞ্চেস্টার সিটিকে। এটি এফএ কাপের ইতিহাসে দ্রুততম গোল। ২০০৯ সালের আসরে চেলসির বিপক্ষে ২৫ সেকেন্ডে গোল করেছিলেন এভারটনের লুইস সাহা।

সিটির গোলরক্ষক স্টেফান ওর্টেগার থেকে বল পান আর্লিং হালান্ড। তিনি বলটি এগিয়ে দেন ইউনাইটেডের বক্সেক দিকে। তবে সেই বল নিয়ে বক্সের বাইরে কাড়াকাড়ি চলে ম্যান ইউনাইটেডের ডিফেন্ডার ভিক্টর লিন্ডেলফ এবং সিটির কেভিন ডি’ ব্রুইনের মধ্যে। সেখান থেকে বল যায় গুন্দোগানের কাছে। ডান পায়ের আউটস্টেপে বল জালে জড়াতে একেবারেই ভুল করেননি জার্মানির তারকা ফুটবলার। কিছুই করার ছিল না ইউনাইটেডের কিপার ডেভিড ডি’ হেয়ার।

শুরুতে গোলটা নিঃসন্দেহে ধাক্কা ছিল, তবে হাল ছাড়েনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তারা পাল্টা আক্রমণে চাপ তৈরি করতে থাকে। তবে সিটির রক্ষণ যেন চিনের প্রাচীর হয়ে উঠেছিল। কিছুতেই সেটা ভাঙতে পারছিল না ইউনাইটেড। তবে এর মাঝেই সিটিও কাউন্টার অ্যাটাকে উঠে দু’একটা সুযোগ তৈরি করে ফেলেছিল। তবে গোলের মুখ খোলেনি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝেই জ্যাক গ্রিলিশের ছোট্ট ভুলে চাপে পড়ে সিটি। ম্য়াচের ৩০ মিনিটের মাথায় জ্যাক গ্রিলিশ হ্যান্ডবল করে বসেন। পেনাল্টির দাবি করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ভারের সাহায্য নিয়ে রেফারি পেনাল্টি দেন। আর পেনাল্টি থেকে গোলশোধ করতে ভুল করেননি ব্রুনো ফার্নান্দেস।

বিরতিতে খেলার ফল ছিল ১-১। সেখান থেকে দ্বিতীয়ার্ধে শুরু হয় নতুন লড়াই। গোলের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় ম্যাঞ্চেস্টার সিটি। ফল পেতেও দেরী হয়নি। ৫১ মিনিটের মাথায় কর্নার থেকে বাঁ পায়ের ভলিতে নিজের দ্বিতীয় গোল করেন গুন্দোগান। এটিও চমৎকার একটি গোল ছিল। ২-১ এগিয়ে যাওয়ার পর আক্রমণের ঝাঁজ বাড়ায় সিটি। ৭০ মিনিটে হ্যাটট্রিক করেও ফেলেছিলেন গুন্দোগান। কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়।

এর পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড অনেক চেষ্টা করেও গোলের মুখ খুলতে পারেনি। খেলার একেবারে শেষ মুহূর্তে মার্কাস র‌্যাশফোর্ডের একটি হেড বারে লেগে ফিরেও আসে। শেষ পর্যন্ত ১-২ গোলে হেরে মাঠ ছাড়তে হয় ম্যান ইউনাইটেডকে।

এর আগে ২০১৮-১৯ মরশুমে শেষ বার এফ এ কাপের শিরোপা জিতেছিল সিটি। এ বার অবশ্য তাদের সামনে তৃতীয় ট্রফি জয়ের হাতছানি রয়েছে। আগামী ১০ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে হারাতে পারলেই এই মরশুমে ট্রফি জয়ের হ্যাটট্রিক করবে ম্যাঞ্চেস্টার সিটি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *